কেপিআই নীতিমালায় নন-ফেয়ার স্থাপনা নির্মাণ ও লাইন-৫ অগ্রগতি পর্যালোচনার নির্দেশ

মেট্রোরেলের দুই স্টেশন ও টিওডি এলাকা পরিদর্শন করলেন ডিএমটিসিএল এমডি

  • আগারগাঁও ও উত্তরা সেন্টার স্টেশনের যাত্রীসেবা এবং আনসার ক্যাম্পের প্রস্তুতি সরেজমিনে তদারকি
  • 'কী পয়েন্ট ইনস্টলেশন' নীতিমালা কঠোরভাবে মেনে রাজস্ব বৃদ্ধির অবকাঠামো গড়ার তাগিদ
  • মেট্রোরেল ভবনে এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট প্রকল্পের অগ্রগতি নিয়ে উচ্চপর্যায়ের পর্যালোচনা সভা

মেট্রোরেলের দুই স্টেশন ও টিওডি এলাকা পরিদর্শন করলেন ডিএমটিসিএল এমডি
২৪ অক্টোবর, ২০২৬ ১৯:১৯  

ঢাকা মেট্রোরেলের সার্বিক পরিচালন কার্যক্রম সুসংহত রাখা এবং যাত্রীসেবার মান নিয়মিত তদারকির অংশ হিসেবে আগারগাঁও ও উত্তরা সেন্টার স্টেশন এবং উত্তরা সেন্টার স্টেশন সংলগ্ন ‘ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট’ (টিওডি) এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শাওগাতুল আলম।

২৪ অক্টোবর শনিবার  ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ডিএমটিসিএল-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি এই নিবিড় পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।

পরিদর্শনকালে ব্যবস্থাপনা পরিচালক স্টেশনে সাধারণ যাত্রীদের টিকিট প্রাপ্তি, কনকোর্স ও প্ল্যাটফর্ম এলাকার ব্যবস্থাপনা এবং সামগ্রিক যাত্রীসেবার মান খতিয়ে দেখেন। প্ল্যাটফর্মে অপেক্ষমাণ যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে এবং সেবা আরও আধুনিক, নির্বিঘ্ন ও সময়োপযোগী করতে উপস্থিত স্টেশন ম্যানেজার ও পরিচালন কর্মকর্তাদের তাৎক্ষণিক দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

এ ছাড়া মেট্রোরেলের আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নন-ফেয়ার রেভিনিউ (Non-fare Revenue) খাতের আওতায় নির্মাণাধীন বাণিজ্যিক ও সহযোগী স্থাপনাসমূহ সরকারের ‘কী পয়েন্ট ইনস্টলেশন’ (KPI) নীতিমালা কঠোরভাবে মেনে দ্রুততম সময়ে সম্পন্ন করার নির্দেশ দেন ডিএমটিসিএল প্রধান। একইসঙ্গে স্টেশন ও সংলগ্ন অবকাঠামোর সার্বিক নিরাপত্তা জোরদারে একটি ডেডিকেটেড আনসার ক্যাম্প নির্মাণের অগ্রগতি পর্যালোচনা করে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

স্টেশন ও টিওডি এলাকা পরিদর্শন শেষে রাজধানীর দিয়াবাড়িস্থ মেট্রোরেল ভবনে ‘এমআরটি লাইন-৫: সাউদার্ন রুট’ (MRT Line-5: Southern Route) প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভায় মিলিত হন ডিএমটিসিএল এমডি। সভায় সাউদার্ন রুটের বিস্তারিত নকশা, অর্থায়ন ও নির্মাণকাজের সাম্প্রতিক অগ্রগতি পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করা হয় এবং নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্পের প্রতিটি ধাপ সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ও প্রকৌশলীদের জোর তাগিদ দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ।

//ডিবিটেক/ ডিএমআর/এমএসআই/এসেমপি//