টেলিকম নিয়ন্ত্রক সংস্থায় স্থিতিশীল নেতৃত্ব

বিটিআরসি চেয়ারম্যানের মেয়াদ এক থেকে বাড়িয়ে তিন বছর

  • ওয়াহিদ-উজ-জামানের চুক্তির মেয়াদ বাড়িয়ে তিন বছর করে প্রজ্ঞাপন
  • ১৫ নভেম্বর এক বছরের নিয়োগের পর ১৮ নভেম্বর যোগদান
  • টেলিকম ও আইসিটি খাতে ৩৭ বছরের দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন

বিটিআরসি চেয়ারম্যানের মেয়াদ এক থেকে বাড়িয়ে তিন বছর
২২ নভেম্বর, ২০২৬ ১৫:০০  

দেশের টেলিযোগাযোগ ও ডিজিটাল অবকাঠামো খাতের নীতিনির্ধারণী এবং নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর নবনিযুক্ত চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামানের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে তিন বছর করেছে সরকার।

১৯ নভেম্বর, বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রতিস্থাপিত প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। ১৫ নভেম্বর তারিখের মূল স্মারকে প্রতিস্থাপিত প্রজ্ঞাপনটিতে বলা হয়েছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১-এর ধারা ৭(১) এবং ৯(২) অনুযায়ী মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামানকে তাঁর অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে ব্যবস্থাপনা ও প্রশাসন ক্যাটাগরিতে বিটিআরসির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগপূর্বক চেয়ারম্যান পদে পদায়ন করা হলো।

এর আগে গত ১৫ নভেম্বর, রবিবার সরকার বিটিআরসির তৎকালীন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামানকে এক বছর মেয়াদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিল। ওই নিয়োগের পর ১৮ নভেম্বর, বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে বিটিআরসির চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। যোগদানের পরদিনই তার নিয়োগের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে তিন বছর করে প্রজ্ঞাপন জারি করা হলো।

বর্ণাঢ্য কর্মজীবন ও প্রযুক্তি খাতে অভিজ্ঞতা  

মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামান বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনে নেতৃত্ব, প্রশাসন, ব্যবস্থাপনা এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সামরিক বাহিনীর বিভিন্ন কমান্ড, স্টাফ ও প্রশিক্ষণমূলক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সেনা সদর দফতরের আইটি পরিদফতরের পরিচালক, ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের কমান্ডার এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া বিটিআরসিতেও তার পূর্ব কাজের অভিজ্ঞতা রয়েছে। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি কমিশনের স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় কঙ্গোতে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি কর্মকর্তা এবং ক্রোয়েশিয়ায় জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। পেশাগত দক্ষতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘সেনাবাহিনী পদক’ (এসবিপি) এবং দুবার ‘বিশিষ্ট সেবা পদক’ (বিএসপি) অর্জন করেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, দীর্ঘ তিন বছরের এই স্থিতিশীল মেয়াদে তাঁর নেতৃত্বে বিটিআরসির কার্যক্রমে নতুন গতি সঞ্চারিত হবে এবং দেশের টেলিযোগাযোগ ও ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, সাইবার নিরাপত্তা জোরদার এবং গ্রাহকস্বার্থ সংরক্ষণে কমিশনের উদ্যোগ আরও বেগবান হবে।

//ডিবিটেক/আইএইচ/ডিআরই/এফওইডি//