‘প্রো’ মডেলের ক্যামেরা বাম্প নিয়ে আসছে আইফোন ১৮ই

‘প্রো’ মডেলের ক্যামেরা বাম্প নিয়ে আসছে আইফোন ১৮ই
২৪ নভেম্বর, ২০২৬ ১৭:০৩  

আগামী বছর বাজারে আসতে যাওয়া তুলনামূলক সাশ্রয়ী মূল্যের আইফোন ১৮ই মডেলে বড় ধরনের নকশাগত পরিবর্তন আনতে যাচ্ছে অ্যাপল। সম্প্রতি ফাঁস হওয়া সিএডি নকশা অনুযায়ী, ফোনটির পেছনে প্রো মডেলের আদলে নতুন একটি ক্যামেরা বাম্প বা উঁচু অংশ যুক্ত করা হচ্ছে। 

পাশাপাশি অতি-পাতলা গড়নের ‘আইফোন এয়ার ২’ মডেলে দ্বিতীয় আরেকটি ক্যামেরা যুক্ত হওয়ার বিষয়টিও আরও জোরালো হয়েছে। 

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আইফোন বাজারে আনার কৌশলে পরিবর্তন এনেছে অ্যাপল। চলতি বছরের সেপ্টেম্বরে প্রিমিয়াম ঘরানার আইফোন ১৮ প্রো এবং আইফোন ডুয়ো উন্মোচনের পর, আগামী বসন্তে সাশ্রয়ী মূল্যের মডেলগুলো বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি। অ্যাপলের সরবরাহ চেইনের সাথে যুক্ত একটি বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া সিএডি ছবিতে এই নতুন নকশার তথ্য উঠে এসেছে।

আইফোন ১৮ই-তে নতুন ক্যামেরা মডিউল 
বর্তমান আইফোন ১৭ই মডেলে আলাদা কোনো ক্যামেরা বাম্প নেই; এর লেন্সটি ফোনের পেছনের কাচের সাথে প্রায় সমান্তরালভাবে বসানো এবং ফ্ল্যাশ ও মাইক্রোফোন সরাসরি বডির ভেতরে যুক্ত। 

তবে ফাঁস হওয়া নতুন নকশা বলছে, আইফোন ১৮ই-তে প্রায় বর্গাকার (২৮ বাই ৩৫ মিলিমিটার) একটি ক্যামেরা মডিউল থাকবে। এর ভেতরেই একটি ক্যামেরা লেন্স, এলইডি ফ্ল্যাশ এবং মাইক্রোফোন বসানো থাকবে, যা দেখতে অনেকটা এম৫ চিপযুক্ত আইপ্যাড প্রোর ক্যামেরা মডিউলের মতো। 

মজার বিষয় হলো, আগামী বসন্তে আইফোন ১৮ এবং আইফোন এয়ার ২-এর সাথে বাজারে এলেও কেবল আইফোন ১৮ই মডেলেই এই বিশেষ নকশার ক্যামেরা মডিউল দেখা যাবে। 

আইফোন ১৮ ও আইফোন এয়ার ২-এ কী পরিবর্তন আসছে? 
ফাঁস হওয়া নথিতে মূল আইফোন ১৮ এবং আইফোন এয়ার ২-এর নকশাও দেখা গেছে। মূল আইফোন ১৮-এর বাহ্যিক নকশা আগের মতোই থাকছে, তবে এর ক্যামেরা মডিউলের পুরুত্ব ৩ দশমিক ৪৫ মিলিমিটার থেকে বেড়ে ৩ দশমিক ৮ মিলিমিটার হতে পারে। 

আইফোন ১৫ থেকে মূল মডেলগুলোতে অ্যাপল সনির একই ৪৮ মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করে আসছে। ক্যামেরা মডিউল পুরু হওয়ার অর্থ হলো, এবার সেন্সর বা ক্যামেরা হার্ডওয়্যারে নতুন কোনো উন্নয়ন আসতে পারে।

অন্যদিকে, প্রথম প্রজন্মের আইফোন এয়ারের মূল সমালোচনা ছিল এর একটি মাত্র ক্যামেরা নিয়ে। নতুন নকশা অনুযায়ী, আইফোন এয়ার ২-এর পুরুত্ব ৫ দশমিক ৬ মিলিমিটার অপরিবর্তিত থাকলেও এর পেছনে পাশাপাশি দুটি ক্যামেরা লেন্স যুক্ত হচ্ছে। 

ব্লুমবার্গের মার্ক গুরম্যানসহ একাধিক প্রযুক্তি বিশ্লেষক আগেই জানিয়েছিলেন, অ্যাপল এই মডেলে একটি আলট্রা-ওয়াইড লেন্স যুক্ত করছে। ফাঁস হওয়া নকশা সেই তথ্যেরই সত্যতা নিশ্চিত করল।

থাকছে আগের ডায়নামিক আইল্যান্ড 
নকশাগত অন্যান্য দিক থেকে আইফোন ১৮ এবং আইফোন এয়ার ২ মডেলে বর্তমান সংস্করণের মতোই ‘ডায়নামিক আইল্যান্ড’ নচ থাকছে। আইফোন ১৮ প্রো মডেলের মতো ছোট কাটআউট এতে দেওয়া হচ্ছে না। 

তবে ফোনগুলো বাজারে আসতে এখনো বেশ কয়েক মাস বাকি থাকায়, চূড়ান্ত উৎপাদনের আগে অ্যাপল এই নকশায় আরও কোনো পরিবর্তন আনবে কি না, তা সময়ই বলে দেবে।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: এনগ্যাজেট