২৭০ প্রতিযোগীর অংশ গ্রহণে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ও ইউএপি দলের বাজিমাত

ইউএপিতে আইসিপিসি-জেআরসি প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ২৭০ জন প্রোগ্রামারকে নিয়ে ইউএপিতে আইসিপিসি-জেআরসি কনটেস্ট সম্পন্ন।
  • আন্তঃকলেজে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ এবং ইন্ট্রা-ইউএপিতে ইউএপি করুটিন চ্যাম্পিয়ন।
  • জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর স্মরণে আইসিপিসি ফাউন্ডেশনের তহবিলে বৃত্তি প্রদান।

ইউএপিতে আইসিপিসি-জেআরসি প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত
২৯ আগষ্ট, ২০২৬ ১৭:৪৮  

তরুণ শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক প্রোগ্রামিংয়ের আগ্রহ বৃদ্ধি এবং অ্যালগরিদমিক সমস্যা সমাধানের দক্ষতা বিকাশের লক্ষ্যে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে আইসিপিসি-জেআরসি আন্তঃকলেজ ও ইন্ট্রা-ইউএপি প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬। ২৯ আগস্ট, ২০২৬ শনিবার ইউএপির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ এবং প্রোগ্রামিং কনটেস্ট ক্লাবের (পিসিসি) যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মোট ২৭০ জন প্রতিযোগী অংশ নেন।

আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (আইসিপিসি)-এর আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুসারে চার ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় স্বয়ংক্রিয় কোড জাজিং ও রিয়েল-টাইম লাইভ স্কোরবোর্ড ব্যবহার করা হয়।

প্রতিযোগিতার আন্তঃকলেজ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের ‘দেশ (Desh)’ দল (পুরস্কার ২১ হাজার টাকা)। প্রথম রানার-আপ হয়েছে কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার ‘ওয়ালিজামানী’ (১৮ হাজার টাকা) এবং দ্বিতীয় রানার-আপ হয়েছে সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ‘সুগোই দেশু নে’ (১৫ হাজার টাকা)। এছাড়া খুলনা জিলা স্কুলের ‘এইচডি_এআরহাউশি’ চতুর্থ (১২ হাজার টাকা) ও সরকারি হাজী আসমত কলেজের ‘আল-কিন্দি ক্রিপ্ট’ পঞ্চম স্থান (৯ হাজার টাকা) অর্জন করে। এ বিভাগে মোট ৭৫ হাজার টাকা আর্থিক বৃত্তি প্রদান করা হয়।

ইন্ট্রা-ইউএপি সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ‘ইউএপি_করুটিন’, প্রথম রানার-আপ ‘কম্পাইলার_ক্রু’ এবং দ্বিতীয় রানার-আপ ‘দে_কিছু_একটা’। জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ‘দেখি!!’, প্রথম রানার-আপ ‘রিজকো’ এবং দ্বিতীয় রানার-আপ হয়েছে ‘অ্যালগরিদম_অ্যাভেঞ্জার্স’। উভয় বিভাগের বিজয়ী তিন দলকে যথাক্রমে ১২ হাজার, ৯ হাজার ও ৬ হাজার টাকা করে পুরস্কৃত করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএপি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কে. এম. মোজিবুল হক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর সহধর্মিণী সেলিনা নওরোজ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউএপি ট্রাস্টি বোর্ডের সদস্য ড. মোহাম্মদ আলাউদ্দিন, এনএসইউর অধ্যাপক ড. আবুল লাইস এম. এস. হক, ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, বিডিওএসএন সভাপতি মুনির হাসান এবং সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ অধ্যাপক সালমা বেগম। অনুষ্ঠানের প্রোগ্রাম চেয়ার ছিলেন ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহিউদ্দিন আহমেদ ভূঁইয়া।

দেশে প্রোগ্রামিং ও কম্পিউটার বিজ্ঞানের প্রসারে জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর অবদানকে স্মরণীয় রাখতে এবং ২০২২ সালে ইউএপিতে অনুষ্ঠিত ৪৫তম আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালসের ধারাবাহিকতায় আইসিপিসি ফাউন্ডেশনের ৫০ হাজার ডলারের বিশেষ তহবিলের অংশ থেকে শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানটির টাইটেল স্পনসর ছিল সাউথইস্ট ব্যাংক পিএলসি এবং ব্রোঞ্জ স্পনসর ছিল ইনোভেটিভ স্কিলস লিমিটেড।
//ডিবিটেক/ এসএইচপি/এমআইএসটি//