উচ্চশিক্ষায় এআই ব্যবহারে নৈতিকতার প্রশ্ন
শিক্ষায় এআই ব্যবহারে নতুন চ্যালেঞ্জের মুখে বিশ্ববিদ্যালয়
- শিক্ষার্থীদের লেখালেখিতে বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার
- একাডেমিক সততা রক্ষায় নতুন মূল্যায়ন পদ্ধতির তাগিদ
- এআই নিষিদ্ধ নয়, নৈতিক ব্যবহারে গুরুত্ব ইউজিসির
শিক্ষার্থীদের লেখালেখি থেকে শুরু করে শিক্ষকদের শ্রেণিকক্ষের পাঠদান—উচ্চশিক্ষার প্রায় প্রতিটি ক্ষেত্রে বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার। এতে শিক্ষার্থীদের কাজের মূল্যায়ন, মৌলিকত্ব যাচাই এবং একাডেমিক সততা রক্ষায় নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এআই নিষিদ্ধ করার পরিবর্তে এর দায়িত্বশীল, ন্যায়সংগত ও নৈতিক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ক্যাম্পাসে ‘১২তম বেল্টা আন্তর্জাতিক সম্মেলন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মামুন আহমেদ বলেন, শিক্ষার্থীরা ইতোমধ্যে লেখালেখিতে এআইয়ের সহায়তা নিচ্ছে। ফলে প্রযুক্তি শ্রেণিকক্ষে প্রবেশ করবে কি না, সেটি এখন আর মূল প্রশ্ন নয়। বরং কীভাবে দায়িত্বশীল, ন্যায়সংগত ও নৈতিকভাবে এ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা যায়, সেটিই গুরুত্বপূর্ণ।
শিক্ষার্থীদের কাজের মূল্যায়ন এবং একাডেমিক সততা বজায় রাখার উপায় নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে নতুন করে আলোচনার আহ্বান জানান তিনি। একই সঙ্গে প্রযুক্তিগত সুযোগ-সুবিধায় পিছিয়ে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেন এআইয়ের সুবিধা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়েও নজর দেওয়ার পরামর্শ দেন।
সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ এডুকেশন ইন আ ফ্র্যাকচার্ড ওয়ার্ল্ড: পোস্টহিউম্যানিস্ট পারসপেক্টিভস অ্যান্ড প্র্যাকটিসেস’। প্রতিপাদ্য প্রসঙ্গে ইউজিসি চেয়ারম্যান বলেন, যুদ্ধ, মানবিক সংকট, জলবায়ু পরিবর্তন ও বৈষম্যের পাশাপাশি বিশ্ব এখন দ্রুত প্রযুক্তিগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এআই জ্ঞান উৎপাদন, শিক্ষার্থীদের লেখালেখি এবং শিক্ষকদের পাঠদানের পদ্ধতিতে পরিবর্তন আনছে।
তিনি বলেন, পোস্টহিউম্যানিস্ট দৃষ্টিভঙ্গিতে শিক্ষা শুধু শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে প্রযুক্তি, ডিজিটাল প্ল্যাটফর্ম, পাঠ্যবস্তু এবং শিক্ষার পরিবেশও যুক্ত। ফলে আধুনিক শিক্ষাব্যবস্থায় প্রযুক্তির ভূমিকা নতুনভাবে মূল্যায়ন করা প্রয়োজন।
ইংরেজি শিক্ষার গুরুত্ব তুলে ধরে অধ্যাপক মামুন আহমেদ বলেন, বৈশ্বিক জ্ঞান, গবেষণা ও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হতে ইংরেজি ভাষায় দক্ষতা জরুরি। তবে শুধু ভাষাগত দক্ষতা অর্জনই যথেষ্ট নয়; শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা ও কার্যকর যোগাযোগের সক্ষমতাও গড়ে তুলতে হবে।
সম্মেলনে উপস্থাপিত গবেষণা ও ধারণাগুলো বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণ এবং শ্রেণিকক্ষের পাঠদানে কাজে লাগবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উচ্চশিক্ষার মান নিশ্চিত করাকে ইউজিসির অগ্রাধিকার উল্লেখ করে চেয়ারম্যান বলেন, দক্ষ, নৈতিকতাসম্পন্ন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজের উপযোগী শিক্ষার্থী তৈরি করতে চায় কমিশন। পাশাপাশি সমাজের প্রয়োজন পূরণে সক্ষম গবেষণাকে উৎসাহিত করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্য অর্জনে প্রশিক্ষিত ও গবেষণামনস্ক শিক্ষক প্রয়োজন। শিক্ষকদের দক্ষতা উন্নয়ন ও গবেষণায় বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশনের (বেল্টা) ভূমিকারও প্রশংসা করেন তিনি।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ ও বেল্টা যৌথভাবে দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে। এতে ১৩টি দেশের প্রায় ৬৫০ জন শিক্ষক, গবেষক ও ভাষা প্রশিক্ষক অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এম আশিক মোসাদ্দিক, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস এবং ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট পরিচালক স্কট হার্টম্যান।
সম্মেলনের আহ্বায়ক ছিলেন বেল্টার সভাপতি অধ্যাপক আহমেদ বশির এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চেয়ারপারসন সহযোগী অধ্যাপক ড. আখতার জাহান।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়ারউইকের ড. জেসন অ্যান্ডারসন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের ড. মলি ম্যাকহার্গ এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের ড. ওবায়দুল হামিদ। সম্মেলনের সহযোগী প্রতিষ্ঠান ছিল ব্রিটিশ কাউন্সিল ও ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
//ডিবিটেক/বিএনআর/এসএমই/এমআইএস//





