রপ্তানিতে প্রাণিসম্পদ খাতের নতুন সম্ভাবনা
৯৪ হাজার কোটি টাকার প্রাণিসম্পদ অর্থনীতি
- জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১.৮১ শতাংশ
- তিন দিনে দেশজুড়ে উদযাপিত হবে প্রাণিসম্পদ সপ্তাহ
- আট ক্যাটাগরিতে দেওয়া হবে ২৩টি জাতীয় পদক
দেশের জিডিপিতে ১ দশমিক ৮১ শতাংশ অবদান এবং ৯৪ হাজার ৯ কোটি টাকার অর্থনৈতিক আকার নিয়ে বাংলাদেশের কৃষিভিত্তিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে প্রাণিসম্পদ খাত। ২০২৫-২৬ অর্থবছরে দেশে উৎপাদিত হয়েছে ১৫৭ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন দুধ, ৯০ দশমিক ৭০ লাখ মেট্রিক টন মাংস এবং প্রায় ২ হাজার ৫০৯ কোটি ডিম। এ খাতের উৎপাদন সক্ষমতা, কর্মসংস্থান ও রপ্তানি সম্ভাবনাকে সামনে রেখে আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬।
২৪ নভেম্বর, মঙ্গলবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি জানান, ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত তিন দিন কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে সারাদেশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হবে।
এবারের প্রতিপাদ্য ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।
আট ক্যাটাগরিতে ২৩টি জাতীয় পদক
মন্ত্রী জানান, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে প্রাণিসম্পদ পদক প্রদান, সচেতনতামূলক কার্যক্রম, র্যালি, আলোচনা সভা, সেমিনার, কর্মশালা, রেসিপি প্রতিযোগিতা ও প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
জাতীয় প্রাণিসম্পদ পদক নীতিমালা অনুযায়ী, প্রাণিসম্পদ খাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে মোট ২৩টি পদক দেওয়া হবে। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের যথাক্রমে স্বর্ণ ও রৌপ্য পদকে ভূষিত করার কথা জানান মন্ত্রী।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে এসব পদক তুলে দেবেন।
জিডিপিতে প্রাণিসম্পদের অবদান ১.৮১ শতাংশ
সংবাদ সম্মেলনে প্রাণিসম্পদ খাতের অর্থনৈতিক অবদান তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে দেশের অর্থনীতিতে এ খাতের অবদান ক্রমেই বাড়ছে।
২০২৫-২৬ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ। এ সময়ে খাতটির প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ এবং কৃষিজ জিডিপিতে অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ। একই অর্থবছরে প্রাণিসম্পদ খাতের জিডিপির আকার দাঁড়িয়েছে ৯৪ হাজার ৯ কোটি টাকা।
মন্ত্রী আরও জানান, ২০২৫-২৬ অর্থবছরে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের মাধ্যমে দেশে ১৫৭ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন দুধ, ৯০ দশমিক ৭০ লাখ মেট্রিক টন মাংস এবং প্রায় ২ হাজার ৫০৯ কোটি ডিম উৎপাদিত হয়েছে।
এসব উৎপাদন দেশের মানুষের প্রাণিজ আমিষ ও পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি জানান, প্রাণিসম্পদ খাত শুধু খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণেই অবদান রাখছে না। গ্রামীণ পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন, নারীর অর্থনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনেও এ খাতের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।
এসব অর্জন ও সম্ভাবনা প্রমাণ করে, কৃষিভিত্তিক অর্থনীতিতে প্রাণিসম্পদ এখন দ্রুত বিকাশমান, সম্ভাবনাময় ও গুরুত্বপূর্ণ একটি উপখাত।
সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব মোঃ দেলোয়ার হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শাহজামান খানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/এমএমআর/ডিআরই/এফওইডি//





