নবায়নযোগ্য জ্বালানি ও তারুণ্যের কর্মসংস্থান
গ্রামীণ জ্বালানি সংকট মোকাবিলায় গড়ে উঠবে ‘বায়োগ্যাস পল্লি’
- প্রতিটি গ্রামে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে সহজ শর্তে ঋণ প্রদান
- যুবসমাজকে একই প্ল্যাটফর্মে আনতে দ্রুত গঠন হবে ‘যুব কাউন্সিল’
- যুব উন্নয়নে চার বছরের কর্মপরিকল্পনা ও মাসিক অগ্রগতি প্রতিবেদন
বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে জ্বালানি উৎপাদন ও তারুণ্যের কর্মসংস্থান সৃষ্টিতে দেশের গ্রামাঞ্চলে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। যুব উন্নয়ন অধিদফতরের কর্মকর্তাদের তত্ত্বাবধানে দেশের প্রতিটি গ্রামে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা নেওয়া হচ্ছে। এসব প্ল্যান্টের মাধ্যমে পরিবারগুলো নিজেদের জ্বালানির চাহিদা মেটানোর পাশাপাশি বাণিজ্যিকভাবে গ্যাস বিক্রি করে আয় করতে পারবে।
২১ নভেম্বর, শনিবার সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে যুব উন্নয়ন অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ পরিকল্পনার কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস একটি কার্যকর সমাধান হতে পারে। এ জন্য প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। যুব উন্নয়ন কর্মকর্তাদের সক্রিয় তত্ত্বাবধানে প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ে তোলা হবে। এ উদ্যোগ বাস্তবায়নে যুবকদের ঋণ বিতরণ প্রক্রিয়া সহজ করা হবে এবং প্রয়োজনে ঋণের পরিমাণও বাড়ানো হবে বলে তিনি উল্লেখ করেন।
সভায় যুব উন্নয়ন কার্যক্রমে গতি আনা এবং বেকার যুবকদের দক্ষ মানবসম্পদে রূপান্তরের বিষয়েও বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন মো. আমিনুল হক। তিনি জানান, মাঠপর্যায়ের কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে আগামী চার বছরের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নেওয়া হবে। কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রতি মাসে কর্মকর্তাদের কাছ থেকে অগ্রগতির প্রতিবেদন নেওয়া হবে এবং কর্মদক্ষতার ভিত্তিতে সেরা কর্মকর্তাদের পুরস্কৃত করা হবে।
দেশের যুবসমাজ ও যুব সংগঠকদের একই প্ল্যাটফর্মে আনতে দ্রুত ‘যুব কাউন্সিল’ গঠন করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, যুব উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা ও গতি বজায় রাখতে প্রতি চার মাস পরপর এ ধরনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার নির্দেশ দেন তিনি।
সভায় আরও বেশি বেকার যুবককে প্রশিক্ষণের আওতায় আনা, তৃণমূল পর্যায়ের যুব সংগঠকদের সক্রিয় করা এবং সময়ের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ মডিউলে নতুন নতুন ট্রেড যুক্ত করার বিষয়ে আলোচনা হয়।
যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক মো. মোতাহের হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান। এতে অধিদফতরের মাঠপর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
//ডিবিটেক/বিএনআর/ডিআরই/এফওইডি//





