তরুণদের উদ্ভাবনে প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব

তরুণদের গবেষণায় এনএসইউ-আইজিসি চুক্তি

  • যৌথ গবেষণা, প্রকাশনা ও উদ্ভাবনে কাজ করবে দুই প্রতিষ্ঠান
  • তরুণদের অগ্রাধিকারমূলক বিষয় পাবে বিশেষ গুরুত্ব
  • মেধা পাচন রোধে দেশে সুযোগ তৈরির লক্ষ্য

তরুণদের গবেষণায় এনএসইউ-আইজিসি চুক্তি
১৭ নভেম্বর, ২০২৬ ১৪:১৪  

তরুণদের উদ্ভাবনী চিন্তা, গবেষণা ও জ্ঞানকে জাতীয় নীতিনির্ধারণ এবং দেশ গঠনের কাজে যুক্ত করার লক্ষ্যে যৌথ উদ্যোগ নিয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ও ইনস্টিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন (আইজিসি) ফাউন্ডেশন। এ লক্ষ্যে যৌথ গবেষণা, প্রকাশনা ও উদ্ভাবনী কার্যক্রম এগিয়ে নিতে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর বসুন্ধরায় এনএসইউ ক্যাম্পাসের উপাচার্যের সম্মেলনকক্ষে চুক্তি সই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং আইজিসি ফাউন্ডেশনের উপদেষ্টা পর্ষদের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।

অনুষ্ঠানে শামা ওবায়েদ দেশের অগ্রগতিতে তরুণ ও নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমাদের তরুণ ও নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তারাই বাংলাদেশের জনমিতিক লভ্যাংশের মূল প্রাণশক্তি।’

আইজিসি ফাউন্ডেশন ও নর্থ সাউথ ইউনিভার্সিটির মধ্যকার কৌশলগত এই অংশীদারত্ব শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে জাতীয় নীতিনির্ধারণ ও দেশ গঠনের মূলধারায় যুক্ত করার সরাসরি মাধ্যম তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ দেশে উপযুক্ত সুযোগ তৈরির মাধ্যমে মেধা পাচার রোধে এই অংশীদারত্বের সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘আইজিসি ও নর্থ সাউথ ইউনিভার্সিটিকে একসঙ্গে যুক্ত করার মধ্য দিয়ে আমরা “তরুণদের নেতৃত্বে, তরুণদের জন্য” উদ্ভাবনের একটি পরিবেশ বা ইকোসিস্টেম গড়ে তুলছি।’

মেধাবীদের বিদেশে চলে যাওয়ার পেছনে থাকা ‘পুশ ফ্যাক্টর’ বা দেশ ছাড়ার তাড়নাগুলোকে দেশের ভেতরে শক্তিশালী ‘পুল ফ্যাক্টর’ বা আকর্ষণ দিয়ে প্রতিস্থাপন করাই এই উদ্যোগের লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি। তাঁর মতে, দেশে উপযুক্ত সুযোগ তৈরি করা গেলে বাংলাদেশের ‘ব্রেইন ড্রেইন’ বা মেধা পাচারকে স্থায়ী ‘ব্রেইন গেইন’ বা মেধা সম্পদে রূপান্তর করা সম্ভব হবে।

এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী আইজিসি ও এনএসইউর মধ্যে একাডেমিক বিনিময় এবং জ্ঞান আদান-প্রদান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, এই সহযোগিতার ফলে এনএসইউর শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইজিসি ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহমুদুর রহমান, এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজীর আহমেদ, এনএসইউর সহ-উপাচার্য অধ্যাপক নেছার উদ্দিন আহমেদ, এনএসইউর কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বুলবুল সিদ্দিকী এবং সময় নিউজের এডিটর ও আইজিসি ফাউন্ডেশনের উপদেষ্টা পর্ষদের সদস্য ইমামুল হক শামীম।

চুক্তির আওতায় তরুণদের ক্ষমতায়নকে কেন্দ্র করে যৌথ একাডেমিক উদ্যোগ ও প্রকাশনা এগিয়ে নিতে উভয় প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে। এর মাধ্যমে গবেষণা, জ্ঞান বিনিময় ও উদ্ভাবনী কার্যক্রমে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর সুযোগ তৈরি হবে।

//ডিবিটেক/টিএফবি/ডিআরই/এফওইড//