৬১ জেলায় ভূমি রেকর্ড ডিজিটালাইজেশনের উদ্যোগ
৮ কোটি ৫২ লাখ ভূমি রেকর্ড ডিজিটাল হবে
- সরকারি অর্থায়নে ৬১ জেলার ভূমি রেকর্ড ডিজিটালাইজ করা হবে।
- ইতিমধ্যে ১১ জেলায় ১ কোটি ৩৩ লাখ রেকর্ড ডিজিটাল হয়েছে।
- ইউএনডিপির সঙ্গে চুক্তিতে তথ্যের নির্ভুলতা ও সেবায় গুরুত্ব।
দেশের ৬১ জেলার প্রায় ৮ কোটি ৫২ লাখ ভূমি রেকর্ড ডিজিটালাইজ করার উদ্যোগ নিয়েছে সরকার। নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন এই কর্মসূচির লক্ষ্য ভূমির তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা, নাগরিকদের অনলাইনভিত্তিক সেবা দেওয়া এবং ভূমি ব্যবস্থাপনায় প্রশাসনিক দীর্ঘসূত্রতা ও অনিয়ম কমানো। এ লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের ‘ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প’ এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মধ্যে অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
২৪ নভেম্বর, মঙ্গলবার প্রকাশিত তথ্য অনুযায়ী, আগের রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল লাউঞ্জে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব মো. পারভেজ হাসান বিপিএএ এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস।
সরকারের অর্থায়নে নেওয়া এই বৃহৎ উদ্যোগের মূল লক্ষ্য ভূমিসংক্রান্ত তথ্যের শতভাগ নির্ভুলতা নিশ্চিত করা, নাগরিকদের জন্য ভূমিসেবা সহজলভ্য করা, প্রশাসনিক দীর্ঘসূত্রতা দূর করা এবং সাধারণ মানুষের ভূমির মালিকানা ও অধিকার সুরক্ষা জোরদার করা।
পরিকল্পনা অনুযায়ী, হোল্ডিং ও খতিয়ানের যাবতীয় রেকর্ড একটি সমন্বিত ও নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করা হবে। এর মাধ্যমে নাগরিকেরা ঘরে বসেই অনলাইনে ভূমির তথ্য যাচাই, ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং ই-নামজারির আবেদন করতে পারবেন। এতে ভূমিসেবা নিতে বারবার ভূমি অফিসে যাওয়ার প্রয়োজন কমবে এবং মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরশীলতা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, অতীতে দেশের ভূমি ব্যবস্থাপনার চিত্র মোটেও সুখকর ছিল না। ভূমির সুষ্ঠু বণ্টন না থাকায় ভূমিদস্যুরা বেপরোয়া হয়ে উঠেছিল। ফড়িয়া ও দালালদের দৌরাত্ম্যে খুনখারাবিসহ নানা অরাজকতায় সাধারণ মানুষ জিম্মি হয়ে থাকত।
তিনি বলেন, যুগের পরিবর্তনের সঙ্গে সেই অন্ধকার অধ্যায়ের অবসান ঘটতে চলেছে। আগামীর বাংলাদেশে আধুনিক, স্বচ্ছ ও নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে ইউএনডিপির সঙ্গে সরকারের এই চুক্তি যুগান্তকারী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী।
ভূমিমন্ত্রী আরও বলেন, “নির্ভেজাল ও নির্ভুল ডিজিটাল রেকর্ডই হলো টেকসই ভূমিসেবার মূল ভিত্তি। এই অংশীদারত্ব ভূমি বিরোধ নিরসন, অনিয়ম-দুর্নীতি রোধ এবং নাগরিকদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে মাইলফলক হয়ে থাকবে।”
বিশেষ অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন প্রধানমন্ত্রী তারেক রহমানের রূপকল্প তুলে ধরেন। তিনি জানান, প্রধানমন্ত্রী দেশে বৈষম্যহীন, ন্যায়বিচারভিত্তিক ও সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। প্রধানমন্ত্রীর বিশ্বাস, দেশে সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে অভ্যন্তরীণ প্রায় ৮০ শতাংশ মামলা-মোকদ্দমার অবসান ঘটবে।
ভূমি নিয়ে বিরোধ ও হানাহানি কারও কাম্য নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী তথ্যের নির্ভুলতার ওপর বিশেষ গুরুত্ব দেন। তিনি বলেন, “ভূমি রেকর্ড ডিজিটালাইজেশনের ক্ষেত্রে যাচাইকৃত ও নির্ভুল তথ্য সংরক্ষণ করা সবচেয়ে জরুরি। নারী, প্রবীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় এই সুফল পৌঁছে দিতে মাঠ প্রশাসন, ভূমি মন্ত্রণালয় ও ইউএনডিপিকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
একটি যুগোপযোগী ও নির্ভরযোগ্য ভূমি রেকর্ড তৈরিতে এই চুক্তি স্মরণীয় হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী বলেন, নির্ভুল ডিজিটাল তথ্যভাণ্ডার ছাড়া আধুনিক ভূমিসেবা টেকসই হতে পারে না। ভূমি অফিসের রেকর্ড যত নির্ভুল হবে, সাধারণ মানুষের ভোগান্তি তত কমবে। এতে ভূমিসংক্রান্ত বিরোধ ও মামলা কমার পাশাপাশি সরকারি রাজস্ব আদায়েও স্বচ্ছতা নিশ্চিত হবে।
ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস বলেন, এই উদ্যোগের সাফল্য শুধু কতগুলো রেকর্ড ডিজিটাল করা হলো, তা দিয়ে পরিমাপ করা যাবে না। নাগরিকেরা ডিজিটাল রেকর্ডের ওপর কতটা আস্থা রাখতে পারছেন, সেটিই হবে সাফল্যের মূল মাপকাঠি।
তিনি আরও জানান, ভূমির অধিকার সুরক্ষা এবং সমাজের কোনো মানুষ যেন পিছিয়ে না থাকে, তা নিশ্চিত করতে কারিগরি দক্ষতা ও মান বজায় রেখে বাংলাদেশ সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে ইউএনডিপি প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক মো. পারভেজ হাসান বিপিএএ। প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেন ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র ন্যাশনাল কনসালটেন্ট মো. আতিকুল হক।
ভূমি মন্ত্রণালয় ও ইউএনডিপির পূর্ববর্তী অংশীদারত্বের ধারাবাহিকতায় দেশব্যাপী এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ২০২৫ সালে প্রাক্-পাইলট কার্যক্রমের মাধ্যমে উদ্যোগটির যাত্রা শুরু হয়। এরপর পর্যায়ক্রমে আটটি পাইলট জেলা এবং ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে এর বাস্তবায়ন করা হয়।
এ পর্যন্ত ১১টি জেলার ৩৩৪টি ইউনিয়ন ভূমি অফিসের প্রায় ১ কোটি ৩৩ লাখ হোল্ডিং ও খতিয়ানের রেকর্ড ডিজিটালাইজ করা হয়েছে। নতুন চুক্তির আওতায় বহুস্তরীয় তথ্য যাচাই, মাঠপর্যায়ে নিবিড় পর্যবেক্ষণ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিদ্যমান রেকর্ডের অসংগতি দূর করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে জালিয়াতির সুযোগ বন্ধ করার পাশাপাশি ভূমি রেকর্ডের নির্ভরযোগ্যতা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এই উদ্যোগের সুফল বিশেষ করে নারী, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি, প্রবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সমন্বিত ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে এসব জনগোষ্ঠীর জন্য ভূমিসেবা আরও সহজ ও নিরাপদ করার প্রত্যাশা করছে ভূমি মন্ত্রণালয় ও ইউএনডিপি।
//ডিবিটেক/এনএসসি/ডিআরই/এফওইডি//





