৪ হাজার ২৫৯ শিক্ষার্থীর নিবন্ধন, থাকছে মরণোত্তর সংবর্ধনা ও রাষ্ট্রপতি পদক
নোবিপ্রবির তৃতীয় সমাবর্তন ২১ জানুয়ারি
- সমাবর্তনের নতুন তারিখ ২১ জানুয়ারি ২০২৭
- নিবন্ধন সম্পন্ন করেছেন ৪ হাজার ২৫৯ শিক্ষার্থী
- মরণোত্তর সংবর্ধনা ও রাষ্ট্রপতি পদক দেওয়া হবে
উচ্চশিক্ষায় একাডেমিক উৎকর্ষের স্বীকৃতি এবং সাবেক শিক্ষার্থীদের অবদান স্মরণে বিশেষ উদ্যোগ নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তৃতীয় সমাবর্তন। এ আয়োজনে সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের জন্য থাকছে রাষ্ট্রপতি পদক। পাশাপাশি প্রয়াত সাবেক শিক্ষার্থীদের সম্মান জানাতে দেওয়া হবে মরণোত্তর সংবর্ধনা। সমাবর্তনে অংশগ্রহণের জন্য ইতিমধ্যে ৪ হাজার ২৫৯ শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করেছেন।
তৃতীয় সমাবর্তন ২০২৭ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।
২৩ নভেম্বর, সোমবার উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এ সময় তিনি নোবিপ্রবির তৃতীয় সমাবর্তনের নতুন তারিখ ২১ জানুয়ারি ২০২৭ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
উপাচার্য জানান, সমাবর্তনের আগের ঘোষিত তারিখ ২৪ জানুয়ারি সরকার ঘোষিত শব-ই বরাতের সম্ভাব্য ছুটির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় মহামান্য রাষ্ট্রপতির কার্যালয় থেকে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ জানুয়ারি ২০২৭।
তিনি আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় নির্ধারিত সময়ে সুশৃঙ্খল, সুষ্ঠু ও সফলভাবে সমাবর্তন আয়োজন করা সম্ভব হবে।
এবারের সমাবর্তনে বিশেষ কিছু আয়োজন রাখা হয়েছে জানিয়ে উপাচার্য বলেন, যেসব সাবেক শিক্ষার্থী ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন, তাঁদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে মরণোত্তর সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
রাষ্ট্রপতি পদক পাবেন আট ইউনিটের সেরা শিক্ষার্থীরা
একাডেমিক কৃতিত্বের স্বীকৃতি হিসেবে এবারের সমাবর্তনে রাষ্ট্রপতি পদক প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদ এবং দুটি ইনস্টিটিউটকে সমন্বিত করে একটি ইউনিট হিসেবে গণ্য করা হবে। এভাবে মোট আটটি ইউনিটের সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের এ পদক দেওয়া হবে।
তিনি বলেন, এর মাধ্যমে মেধা ও একাডেমিক উৎকর্ষের যথাযথ মূল্যায়নের পাশাপাশি শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করা সম্ভব হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্বাস করে।
সমাবর্তনে অংশগ্রহণকারী গ্র্যাজুয়েট, অভিভাবক ও অতিথিদের স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান উপাচার্য। পুরো আয়োজনজুড়ে শৃঙ্খলা বজায় রাখা এবং অংশগ্রহণকারীরা যেন নির্বিঘ্নে অনুষ্ঠান উপভোগ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সমাবর্তন আয়োজনে গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা
উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, নোবিপ্রবির এ আয়োজনের প্রচার ও প্রসারে গণমাধ্যমের ভূমিকা প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, সাফল্য ও সম্ভাবনার খবর দেশবাসীর কাছে তুলে ধরতেও সাংবাদিকদের সহযোগিতা সবসময় প্রত্যাশা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য জানান, নোবিপ্রবির তৃতীয় সমাবর্তনে অংশগ্রহণের জন্য ৪ হাজার ২৫৯ জন শিক্ষার্থী, ২২৪ জন শিক্ষক এবং ১৯১ জন কর্মকর্তা নিবন্ধন সম্পন্ন করেছেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দিন, প্রক্টর এ এফ এম আরিফুর রহমান এবং নোবিপ্রবিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/সামিয়া হোসেন মুনিয়া/ডিআরই/এফওইড//





