গোপনে বৈঠক রেকর্ড করা ওপেনএআই কর্মীর সৌদি যোগসাজশের অভিযোগ
ওপেনএআইয়ের প্রধান কার্যালয়ে গোপনে রেকর্ডিং যন্ত্র লুকিয়ে রাখার অভিযোগে অভিযুক্ত সাবেক কর্মী আবদুর রহমান আলফোজান সৌদি আরব সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন বলে দাবি করেছেন মার্কিন প্রসিকিউটররা। জামিন নামঞ্জুর করার আবেদন জানিয়ে আদালতে দাখিল করা নতুন নথিতে এই তথ্য তুলে ধরা হয়েছে।
ব্লুমবার্গের বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট জানায়, যুক্তরাষ্ট্রে আলফোজানের সম্পর্ক তুলনামূলক দুর্বল হওয়ায় তিনি নিজ দেশ সৌদি আরবে চলে যেতে পারেন- এমন আশঙ্কা থেকে প্রসিকিউটররা তাঁর জামিনের বিরোধিতা করছেন। আদালতে জমা দেওয়া নথিতে সৌদি সরকারের সাথে তাঁর যোগসাজশের অভিযোগ আনা হয়েছে।
কম্পিউটারে শত শত অডিও ও ড্রপবক্সে আপলোড
প্রসিকিউটরদের দাবি অনুযায়ী, তদন্তকারীরা আলফোজানের কম্পিউটার থেকে কয়েকশ অডিও ফাইল উদ্ধার করেছেন। এর মধ্যে বেশ কয়েকটি ফাইল ছিল গত সেপ্টেম্বরে ওপেনএআইয়ের ভেতরে হওয়া বিভিন্ন বৈঠক ও কথোপকথনের রেকর্ড।
অভিযোগে বলা হয়েছে, এসব রেকর্ডিংয়ের অনেকগুলোতে ‘বাণিজ্যিক গোপনীয়তা’ বা ট্রেড সিক্রেটস–সংক্রান্ত আলোচনা থাকতে পারে, যার কিছু অংশ তিনি ড্রপবক্সে আপলোড করেছিলেন। এ ছাড়া তিনি এআইয়ের সাহায্যে ওই অডিওগুলোর ট্রান্সক্রিপ্ট তৈরি করেছিলেন এবং বিষয়বস্তু অনুযায়ী নাম বদলে তারিখ ধরে শ্রেণিবদ্ধ করে রেখেছিলেন বলে দাবি করা হয়েছে।
ফোনে গোপন নথির ছবি
গত অক্টোবরে ওপেনএআইয়ের একটি নির্বাহী কনফারেন্স কক্ষের টেলিভিশনের পেছনে রেকর্ডিং যন্ত্রটি খুঁজে পান কর্মীরা। ওই মাসেই তাঁকে গ্রেপ্তার করা হয় এবং একই দিনে প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত করা হয়।
অডিও রেকর্ডিংয়ের পাশাপাশি আলফোজানের ফোন থেকে ‘গোপনীয়’ চিহ্নিত একটি ‘কৌশলগত অংশীদারত্ব’–সংক্রান্ত নথির ছবিও তদন্তকারীদের হাতে এসেছে বলে প্রসিকিউটররা জানিয়েছেন।
জামিন আবেদন ও আদালতের অবস্থান
সৌদি আরবের হয়ে ওপেনএআইয়ের বাণিজ্যিক গোপন তথ্য চুরির অভিযোগ অস্বীকার করেছেন এই সাবেক কর্মী। তিনি ১০ লাখ মার্কিন ডলার বন্ডের বিপরীতে জামিন চেয়ে আদালতের কাছে আবেদন করেছেন।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, আরও গুরুতর অভিযোগ প্রমাণের মতো যথেষ্ট প্রমাণ ছাড়া আলফোজানকে কতটা হেফাজতে রাখা উচিত, তা নিয়ে ইতোমধ্যে সন্দিহান প্রকাশ করেছেন মার্কিন জেলা বিচারক ভিন্স ছাবরিয়া।
তবে সান ফ্রান্সিসকোর আদালতে আজ তাঁর জামিন আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: এনগ্যাজেট





