চাকরির তথ্য জমায় ২৮ নভেম্বর সময়সীমা
চার পদে শিক্ষক-কর্মকর্তাদের তথ্য চায় কারিগরি শিক্ষা অধিদপ্তর
- চার শ্রেণির শিক্ষক-কর্মকর্তার চাকরির বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে
- হার্ডকপি ও সফটকপি জমার শেষ সময় ২৮ নভেম্বর
- নিয়োগ, পদোন্নতি ও প্রশিক্ষণের সনদ জমা দিতে হবে
দেশের সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে শিক্ষক-কর্মকর্তাদের জনবল ব্যবস্থাপনা এবং পদভিত্তিক তথ্য হালনাগাদ করতে চার শ্রেণির পদের কর্মরত ব্যক্তিদের চাকরির বিস্তারিত তথ্য সংগ্রহ করছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। এ তালিকায় চিফ ইনস্ট্রাক্টর (নন-টেক), ইনস্ট্রাক্টর (টেক), ইনস্ট্রাক্টর (নন-টেক) ও জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক) পদ অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্টদের নিয়োগ, পদোন্নতি, যোগদান, শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণের নথিসহ নির্ধারিত ছকে তথ্য পাঠাতে হবে। এ জন্য আগামী ২৮ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত করিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট পদগুলোর হালনাগাদ তালিকা তৈরির লক্ষ্যে শিক্ষক ও কর্মকর্তাদের চাকরির পুঞ্জীভূত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ জন্য প্রতিটি প্রতিষ্ঠানের প্রধানের অধীনে কর্মরত সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তার তথ্য নির্ধারিত ছক অনুযায়ী আলাদাভাবে পূরণ করতে হবে।
নির্দেশনা অনুযায়ী, আগামী ২৮ নভেম্বরের মধ্যে পূরণ করা ছকের হার্ডকপি এবং সফটকপি কারিগরি শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে। সফটকপি সিডি অথবা পেনড্রাইভে জমা দিতে হবে। তথ্যের সফটকপি এক্সেল ফরম্যাটে এবং নিকষ ৯ ফন্টে প্রস্তুত করতে হবে।
অধিদপ্তরের নির্দেশনায় তথ্য পূরণের ক্ষেত্রে নির্ভুলতা ও পূর্ণাঙ্গতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কোনো ধরনের ভুল বা অসম্পূর্ণ তথ্য গ্রহণযোগ্য হবে না বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
চাকরির তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাদের নিয়োগ অথবা পদোন্নতির আদেশ, যোগদানপত্র এবং জাতীয় পরিচয়পত্রের অনুলিপি জমা দিতে হবে। সরাসরি নিয়োগ পাওয়া শিক্ষকদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার সব সনদ এবং বুনিয়াদি বা বেসিক প্রশিক্ষণের সনদও সংযুক্ত করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে সব তথ্য পাঠানো নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের। কোনো প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে তথ্য পাঠাতে ব্যর্থ হলে এর দায়ভার প্রতিষ্ঠানপ্রধানকে ব্যক্তিগতভাবে বহন করতে হবে বলে অফিস আদেশে সতর্ক করা হয়েছে।
এ ছাড়া তথ্য সংগ্রহের বিকল্প পদ্ধতি হিসেবে কিউআর কোড স্ক্যান করে গুগল শিটের মাধ্যমেও তথ্য পূরণের সুযোগ রাখা হয়েছে। এ পদ্ধতিতে প্রত্যেক শিক্ষক ও কর্মকর্তার তথ্য যথাযথভাবে পূরণ করা হয়েছে কি না, তা যাচাই ও নিশ্চিত করার দায়িত্বও প্রতিষ্ঠানপ্রধানদের দেওয়া হয়েছে।
নির্দেশনার মাধ্যমে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে কর্মরত সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাদের পদভিত্তিক চাকরির তথ্য একীভূত ও হালনাগাদ করার উদ্যোগ নিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
//ডিবিটেক/এসসি/ডিআরই/এফওইড//





