চিকিৎসা প্রযুক্তিতে গবেষণা ও মানবসেবা

যবিপ্রবিতে পিটিআর বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত 

  • যবিপ্রবির ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন।
  • প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচন এবং আল্ট্রাসনোগ্রাফি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।
  • গ্রামীণ জনগোষ্ঠীর জন্য ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প সম্প্রসারণের ঘোষণা।

যবিপ্রবিতে পিটিআর বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত 
২১ নভেম্বর, ২০২৬ ২১:৩১  

আধুনিক চিকিৎসা বিজ্ঞান, রিজেনারেটিভ থেরাপি এবং প্রযুক্তিনির্ভর পুনর্বাসন সেবার মাধ্যমে দেশের স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগ। 

২১ নভেম্বর, শনিবার বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা, আলোচনা সভা, প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচন ও ফলাফল প্রকাশ, নবীন বরণ, বিদায়ী সংবর্ধনা, সেমিনার এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভাগটির ৮ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। সকাল ১০টায় পিটিআর বিভাগের উদ্যোগে যবিপ্রবির ডা. এম আর খান মেডিকেল সেন্টার থেকে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দিনব্যাপী এই কর্মসূচি শুরু হয়। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে পুনরায় মেডিকেল সেন্টারে এসে শেষ হয় এবং পরবর্তীতে বিভাগের সামনে কেক কাটা হয়।

কেক কাটার পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পিটিআর বিভাগের চেয়ারম্যান ড. মো. ফিরোজ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, “মানুষের ভাগ্যে মানুষের সেবা করার সুযোগ খুব কম থাকে। বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগগুলোর মধ্যে কয়েকটি বিভাগেরই সে সুযোগ আসে, আর আপনারা সৌভাগ্যবান যে তা পেয়েছেন। আমাদের দেশের চিকিৎসকদের বিশেষায়ন বা চিকিৎসায় কোনো ঘাটতি নেই; তবে সহযোগী ও সংশ্লিষ্ট কর্মীদের সেবার মান এবং ব্যবহার আরও উন্নত হওয়া প্রয়োজন। আপনারা যদি সেই সেবার মান ও সুন্দর ব্যবহার নিশ্চিত করেন, তবে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে মানুষের আস্থা আরও বাড়বে। পাশাপাশি বিভাগের প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আপনারা একত্র হয়ে বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করবেন—এটাই প্রত্যাশা।”

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, “সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও পিটিআর বিভাগ অন্য সব বিভাগের চেয়ে এগিয়ে আছে। দেশের বড় বড় হাসপাতালে আমাদের গ্র্যাজুয়েটদের প্রতিনিধিত্ব আমাদের জন্য গর্বের বিষয়। ফিজিওথেরাপি পেশায় মানুষের সেবা ও সুস্থতায় যে দোয়া পাওয়া যায়, তার কোনো মূল্য হয় না; এতে ইহকাল ও পরকাল উভয়ই সমৃদ্ধ হয়।”

 

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রথম বিভাগ হিসেবে পিটিআর অ্যালামনাইদের পুনর্মিলনী আয়োজন অত্যন্ত আনন্দের। প্রচলিত চিকিৎসা ব্যবস্থার বাইরে এসে এই বিভাগ মানব সেবা ও দক্ষতায় সারা দেশে প্রশংসিত অবস্থান তৈরি করেছে। নতুন ও বর্তমান শিক্ষার্থীদের প্রতি আহ্বান, আপনারা মানব সেবায় নিজেদের নিয়োজিত করুন এবং গবেষণা ও দক্ষতা বাড়িয়ে দেশ ও বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করুন।”

পিটিআর বিভাগের সহকারী অধ্যাপক ডা. কাজী মো. এমরান হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য প্রকাশ করেন স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাসিম রেজা এবং বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

এছাড়া সহকারী অধ্যাপক ড. মো. জাহিদ হাসান, পিটিআর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ আবু জুবায়ের শাওন এবং শিক্ষার্থী সুস্মিতা, মো. আলামিন ও হাসিবুর রহমানসহ প্রমুখ বক্তব্য প্রকাশ করেন।

প্রসঙ্গত, ৮ম বর্ষপূর্তি উপলক্ষে এর আগের দিন শুক্রবার (২০ নভেম্বর) ‘ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন প্র্যাকটিসে মাসকুলোস্কেলেটাল আল্ট্রাসনোগ্রাফি এবং রিজেনারেটিভ অ্যাপ্রোচ বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়। গত আট বছরে একাডেমিক শিক্ষার পাশাপাশি ক্লিনিক্যাল প্র্যাকটিস, গবেষণা এবং গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে নিয়মিত ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প পরিচালনার মাধ্যমে বিভাগটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং আগামীতে এ কার্যক্রম আরও সম্প্রসারণের ঘোষণা দেওয়া হয়েছে।

//ডিবিটেক/এনএইচজেটি/এসসি/ডিইওই//