আইপিওতে নতুন রেকর্ড গড়লো অ্যানথ্রোপিক
শেয়ারবাজারে তালিকাভুক্তির ইতিহাসে নতুন বিশ্ব রেকর্ড গড়ল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক। প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে ৮ হাজার ১৩০ কোটি মার্কিন ডলার তহবিল সংগ্রহ করেছে চ্যাটবট ‘ক্লড’-এর নির্মাতা প্রতিষ্ঠানটি।
এর ফলে শেয়ারবাজারে অ্যানথ্রপিকের সামগ্রিক বাজারমূল্য বা ভ্যালুয়েশন দাঁড়িয়েছে ১ দশমিক ৫ ট্রিলিয়ন (দেড় লাখ কোটি) মার্কিন ডলারে।
প্রথম কোনো শীর্ষস্থানীয় ফ্রন্টিয়ার এআই মডেল নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে পুঁজিবাজারে পা রাখল অ্যানথ্রোপিক। বুধবার (১৮ নভেম্বর) প্রতিষ্ঠানটি তাদের প্রতিটি শেয়ারের দাম নির্ধারণ করেছে ৮৩ ডলার, যা প্রাথমিকভাবে নির্ধারিত ৭০ থেকে ৭৮ ডলারের সীমার চেয়ে অনেক বেশি।
বিনিয়োগকারীদের তীব্র চাহিদার কারণে শেয়ার বিক্রির পরিমাণ ১৯ শতাংশ বাড়িয়ে ৯৮ কোটিতে উন্নীত করে অ্যানথ্রোপিক। এর মাধ্যমে গত জুনে ইলন মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের গড়া ইতিহাসের বৃহত্তম আইপিওর রেকর্ড ভেঙে দিল প্রতিষ্ঠানটি।
নাসডাকে লেনদেন ও ওপেনএআইয়ের প্রস্তুতি
আইপিওর পাশাপাশি একই দরে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে আরও ২ হাজার ৬০০ কোটি ডলার সংগ্রহ করেছে অ্যানথ্রোপিক, যার ফলে পুরো চুক্তির আকার দাঁড়িয়েছে ১০ হাজার ৭৩০ কোটি ডলারে।
বৃহস্পতিবার থেকে যুক্তরাষ্ট্রের নাসডাক স্টক এক্সচেঞ্জে ‘এএনটি’ টিকার প্রতীকে অ্যানথ্রপিকের শেয়ার লেনদেন শুরু হওয়ার কথা রয়েছে। গোল্ডম্যান স্যাকস ও মরগান স্ট্যানলির নেতৃত্বে ২২টি ব্যাংকের একটি সিন্ডিকেট এই আইপিও প্রক্রিয়া পরিচালনা করেছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে চিপ নির্মাতা ও ক্লাউড প্রতিষ্ঠানগুলোর শেয়ারদরে অস্থিরতা, অবকাঠামোগত ব্যয় বৃদ্ধি এবং এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের আকস্মিক পদত্যাগের কারণে এআই খাত নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছিল। সেই অনিশ্চয়তাকে ছাপিয়ে অ্যানথ্রপিকের এই সাফল্য পুঁজিবাজারে আসার অপেক্ষায় থাকা অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য ইতিবাচক বার্তা দিল।
ধারণা করা হচ্ছে, অ্যানথ্রপিকের প্রধান প্রতিদ্বন্দ্বী ওপেনএআই আগামী বছরই আইপিওতে আসতে পারে।
আয় বৃদ্ধি ও অবকাঠামোগত ব্যয়ের চাপ
আইপিও নথিপত্র অনুযায়ী, সফটওয়্যার ডেভেলপারদের মধ্যে কোডিং এজেন্ট ‘ক্লড কোড’সহ অন্যান্য মডেলের ব্যাপক জনপ্রিয়তার কারণে অ্যানথ্রপিকের আয় দ্রুত বাড়ছে। গত ৩১ অক্টোবর পর্যন্ত প্রতিষ্ঠানটির বার্ষিক আয়ের হার (রান রেট) দাঁড়িয়েছে ৮ হাজার ১০০ কোটি ডলারে।
এ ছাড়া বছরে অন্তত ১ লাখ ডলার আয় দেয় এমন করপোরেট গ্রাহকের সংখ্যা গত বছরের শেষের ১ হাজার ৫০০ থেকে বেড়ে ১১ হাজার ৯০০ জনে পৌঁছেছে। তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় ৪৭ শতাংশ বেড়ে ১ হাজার ৬৯৬ কোটি ডলারে দাঁড়িয়েছে।
তবে এই দ্রুত প্রবৃদ্ধি ধরে রাখতে বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে অ্যানথ্রোপিককে। চলতি বছরের প্রথম ছয় মাসে কম্পিউটিং সক্ষমতা ও অবকাঠামো খাতে প্রায় ৯০০ কোটি ডলার এবং তৃতীয় প্রান্তিকে আরও ৫০০ কোটি ডলার ব্যয় করেছে প্রতিষ্ঠানটি। এর ফলে তৃতীয় প্রান্তিকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার পরিচালন লোকসান গুনতে হয়েছে তাদের।
ভবিষ্যতে এআই মডেল প্রশিক্ষণ ও পরিচালনার জন্য অ্যামাজন ও গুগলের মতো অবকাঠামো অংশীদারদের সঙ্গে প্রায় ৯০ হাজার কোটি ডলারের কম্পিউটিং ব্যয়ের চুক্তি করেছে অ্যানথ্রোপিক।
তীব্র প্রতিযোগিতা ও নিরাপত্তা চ্যালেঞ্জ
ব্যবসায়িক সম্প্রসারণের পাশাপাশি তীব্র প্রতিযোগিতা এবং এআই নিরাপত্তার চ্যালেঞ্জের মুখে রয়েছে অ্যানথ্রোপিক। করপোরেট ব্যয় পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম র্যাম্পের তথ্য অনুযায়ী, প্রাতিষ্ঠানিক এআই ব্যয়ের ১৩ শতাংশ দখলে রেখেছে ওপেনএআইয়ের ‘জিপিটি-৬ অ্যাস্ট্রা’, যেখানে অ্যানথ্রপিকের ‘ক্লড ফ্যাবল’-এর অংশীদারত্ব প্রায় ৮ শতাংশ।
অন্যদিকে, খরচ কমাতে বড় প্রতিষ্ঠানগুলো ওপেন-ওয়েট মডেলের দিকে ঝুঁকছে এবং অ্যানথ্রপিকের অন্যতম বড় গ্রাহক মেটা নিজস্ব এআই সক্ষমতা বাড়িয়ে তাদের ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: রয়টার্স





