ডিজিটাল ক্রয় ব্যবস্থাপনায় দক্ষতা উন্নয়ন
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে ই-জিপি প্রশিক্ষণ উদ্বোধন
- বাপশক প্রধান কার্যালয়ে পাঁচ দিনব্যাপী ই-জিপি প্রশিক্ষণ কোর্স শুরু।
- উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিপিপিএ সিইও আবু সাঈদ।
- কমিশনের ৩৪ জন কর্মকর্তা ২৬ নভেম্বর পর্যন্ত প্রশিক্ষণে অংশ নেবেন
সরকারি ক্রয় কার্যক্রমে তথ্যপ্রযুক্তির যথাযথ প্রয়োগ, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে (বাপশক) ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট বা ই-জিপি (e-GP) বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
২২ নভেম্বর, রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাপশক প্রধান কার্যালয়ের পরমাণু ভবনের মিনি অডিটরিয়ামে “Training Course on e-GP System for Procuring Entity (PE) Users” শীর্ষক এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) আবু সাঈদ মো. কামরুজ্জামান, এনডিসি, এমসিআইপিএস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম. মঈনুল ইসলাম এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিশনের সদস্য (জীববিজ্ঞান) ড. মাহফুজা খান।
উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন কমিশনের মানবসম্পদ বিভাগের পরিচালক ও প্রশিক্ষণ কর্মসূচির কোর্স ডিরেক্টর এ. এস. এম. হাবিবউল্লাহ খান। সমাপনী পর্বে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পরিচালক (অর্থ) মো. মিজানুর রহমান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় কমিশনের বিভিন্ন পর্যায়ের মোট ৩৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। সরকারি ক্রয় প্রক্রিয়ায় ডিজিটাল সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ই-জিপি সিস্টেমের কার্যকর বাস্তবায়নে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়। প্রশিক্ষণ কোর্সটি আগামী ২৬ নভেম্বর, বৃহস্পতিবার পর্যন্ত চলবে।
//ডিবিটেক/এফবিপি/এসসি/ডিইওই//





