ঢাকায় পূর্বনির্ধারিত অনুষ্ঠান স্থগিত করল প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা
চলমান পরিস্থিতিতে ‘টিন সেফটি কানেক্ট’ বাতিল
- ২৪ নভেম্বর ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল।
- কিশোরদের অনলাইন নিরাপত্তা বিষয়ে আলোচনার কথা ছিল ‘টিন সেফটি কানেক্ট’-এ।
- সহআয়োজক ডিজিটালি রাইট ও হোটেল কর্তৃপক্ষ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে রাজধানী ঢাকায় পূর্বনির্ধারিত একটি প্রযুক্তি ও অনলাইন নিরাপত্তাবিষয়ক অনুষ্ঠান স্থগিত করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। সংশ্লিষ্ট সূত্র ও সহআয়োজক প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, ২৪ নভেম্বর, মঙ্গলবার ঢাকার বনানীর শেরাটন হোটেলে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
জানা গেছে, ‘টিন সেফটি কানেক্ট’ শীর্ষক এই আয়োজনে ফেসবুকে টিনেজার বা কিশোর (১৩ থেকে ১৯ বছর বয়সী) ব্যবহারকারীদের জন্য বিদ্যমান বিভিন্ন সুবিধা এবং অনলাইন নিরাপত্তামূলক বিষয়াবলী নিয়ে আলোচনার পরিকল্পনা ছিল। অনুষ্ঠানে দেশের তরুণ সংগঠক, সুশীল সমাজের প্রতিনিধি, নীতিনির্ধারকসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের অংশীজনদের আমন্ত্রণ জানানো হয়েছিল।
অনলাইনে নিবন্ধন প্রক্রিয়া শেষে চূড়ান্ত আমন্ত্রণ পাওয়া কয়েকজন অংশগ্রহণকারী সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে তাদের এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।
তবে ২২ নভেম্বর, রবিবার সহআয়োজক প্রতিষ্ঠান ‘ডিজিটালি রাইট’ থেকে ইমেইল ও টেলিফোনের মাধ্যমে আমন্ত্রিতদের জানানো হয় যে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে এবং মেটার কর্মকর্তারা ঢাকায় আসছেন না। মূলত দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও সহিংসতার ঘটনার জেরেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে উল্লেখ করা হয়েছে। বনানীর হোটেল শেরাটন কর্তৃপক্ষও অনুষ্ঠানটি বাতিল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
//ডিবিটেক/কেএমআর/এসসি/ডিইওই//





