কোডিং ও সাইবার নিরাপত্তার নতুন এআই মডেল আনল মাইক্রোসফট
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দৌড়ে অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের মতো প্রতিদ্বন্দ্বীদের টেক্কা দিতে কোডিং ও সাইবার নিরাপত্তায় বিশেষ দক্ষতাসম্পন্ন একগুচ্ছ নতুন এআই মডেল উন্মোচন করেছে মাইক্রোসফট। মঙ্গলবার (১৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ‘মাইক্রোসফট ইগনাইট’ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
সম্মেলনে প্রতিষ্ঠানটি ‘এমএআই কোড ২’ নামের একটি কম্পিউটার প্রোগ্রামিং মডেল প্রকাশ করেছে। মাইক্রোসফটের দাবি, এই মডেলটি প্রতিদ্বন্দ্বী শীর্ষ এআই মডেলগুলোর প্রায় সমান সক্ষমতা প্রদর্শন করলেও এর পরিচালনা ব্যয় তুলনামূলক অনেক কম।
এ ছাড়া সফটওয়্যারের নিরাপত্তা ত্রুটি বা দুর্বলতা শনাক্ত ও মোকাবিলায় সাইবার নিরাপত্তাবিষয়ক একটি বিশেষ মডেলও উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি, যা প্রাথমিকভাবে সীমিত সংখ্যক গ্রাহকের জন্য উন্মুক্ত করা হবে। এর পাশাপাশি ছবি তৈরি এবং অডিও থেকে লেখা রূপান্তরের (ট্রান্সক্রিপশন) নতুন এআই মডেলও এনেছে মাইক্রোসফট।
কম খরচে সর্বোচ্চ সক্ষমতা ও নিরাপত্তায় গুরুত্ব
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মাইক্রোসফট এআই বিভাগের প্রধান মুস্তাফা সুলেমান জানান, প্রতিটি কাজের ধরন অনুযায়ী আলাদা ও সুনির্দিষ্ট প্রযুক্তি তৈরির কৌশল তাদের খরচ কম রাখতে সাহায্য করছে। এর ফলে প্রতিদ্বন্দ্বীদের সমান সক্ষমতা ধরে রাখার পাশাপাশি কোনো কোনো ক্ষেত্রে মানদণ্ডের বিচারে শীর্ষেও পৌঁছানো সম্ভব হচ্ছে।
তিনি বলেন, এটি কেবল একটি একক মডেল বা সাময়িক কোনো চমক নয়, বরং এটি এমন একটি সমন্বিত ব্যবস্থা যা একই সঙ্গে কাজের মান এবং খরচের মধ্যে ভারসাম্য বজায় রাখে।
সম্প্রতি ওপেনএআইয়ের স্বয়ংক্রিয় এজেন্টের মাধ্যমে ‘হাগিং ফেস’ প্ল্যাটফর্ম হ্যাক হওয়ার ঘটনার প্রসঙ্গ টেনে মুস্তাফা সুলেমান বলেন, সাইবার নিরাপত্তার সাম্প্রতিক এই ঝুঁকিগুলো তাকে কেবল মডেলের সক্ষমতা বাড়ানোর বদলে এর সুরক্ষা ব্যবস্থার ওপর বেশি জোর দিতে উদ্বুদ্ধ করেছে।
এআই যাতে কোনো ক্ষতিকর পদক্ষেপ না নেয় এবং মানুষের নির্দেশিত পথেই পরিচালিত হয়- গবেষণার ভাষায় যাকে ‘অ্যালাইনমেন্ট’ বলা হয়- সেটিই এখন তার প্রধান অগ্রাধিকার বলে উল্লেখ করেন তিনি।
ডিবিটেক/বিএমটি । সূত্র: রয়টার্স





