সামাজিক সম্প্রীতি ও নৈতিকতায় মসজিদের ভূমিকা
মধুপুরে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী
- ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা বিকাশে মসজিদের ভূমিকা গুরুত্বপূর্ণ
- মধুপুরে বাইতুল মোকাররম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ভালো কাজে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান মন্ত্রীর
প্রযুক্তিগত উৎকর্ষ ও আধুনিকায়নের পাশাপাশি সমাজে নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং পারস্পরিক সম্প্রীতি সুদৃঢ় করা টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির অগ্রযাত্রার এই সময়ে একটি মানবিক ও নৈতিক সমাজ গঠনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
২০ নভেম্বর, শুক্রবার জুমার নামাজের পর টাঙ্গাইলের মধুপুর উপজেলার টেকী মণ্ডলপাড়া ‘বাইতুল মোকাররম জামে মসজিদ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ফকির মাহবুব আনাম বলেন, মসজিদ কেবল নামাজ আদায়ের স্থান নয়; এটি ধর্মীয় শিক্ষা, নৈতিকতা চর্চা, সামাজিক ঐক্য ও মানবিক মূল্যবোধ বিকাশের অন্যতম কেন্দ্র। মসজিদকে কেন্দ্র করে মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি সুদৃঢ় হয়। নতুন এই মসজিদটি এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের ইবাদত-বন্দেগির পাশাপাশি ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ ও এর উন্নয়ন একটি মহৎ কাজ। এ ধরনের উদ্যোগে সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভালো কাজে অংশগ্রহণের আহ্বান জানান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মসজিদটির সার্বিক কল্যাণ, নির্মাণকাজের সফল সমাপ্তি এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/এসসি/ডিআরই/এফওইডি//





