বিচারবিভাগীয় ডিজিটালাইজেশন ও শৃঙ্খলা নির্দেশনা

রায় লিখতে এআইয়ের ওপর নির্ভর নয়: প্রধান বিচারপতি

  • আইনি রেফারেন্সে এআই চললেও রায় লিখতে নির্ভরতা নিষিদ্ধ
  • এজলাসে মোবাইল ফোন বহন ও ফেসবুক ব্যবহার থেকে বিরত
  • জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের মাধ্যমে বিচারকদের প্রশিক্ষণ হবে

রায় লিখতে এআইয়ের ওপর নির্ভর নয়: প্রধান বিচারপতি
২১ নভেম্বর, ২০২৬ ১৭:২৫  
২১ নভেম্বর, ২০২৬ ১৯:৩০  

আধুনিক তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান ব্যবহারের যুগে বিচারব্যবস্থায় প্রযুক্তির ইতিবাচক প্রয়োগ ও নৈতিক সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন দেশের শীর্ষ বিচারালয়। সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, ২১ নভেম্বর, শনিবার সকাল ১০টায় চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেলে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে কর্মরত বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশ্যে অভিভাষণ প্রদানকালে বাংলাদেশের প্রধান বিচারপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী জানান, প্রয়োজনীয় তথ্য ও আইনি রেফারেন্স অনুসন্ধানে বিচারকগণ এআই ব্যবহার করতে পারেন; তবে রায় প্রস্তুত বা রায় লেখার ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না। তিনি স্পষ্টভাবে নির্দেশ দেন, রায়ের অপারেটিভ অংশ অবশ্যই সংশ্লিষ্ট বিচারককে নিজ হাতে ও নিজস্ব বিচারিক বিবেচনায় লিখতে হবে এবং বিচারিক সিদ্ধান্ত গ্রহণে বিচারকের নিজস্ব মেধা, মনন ও আইনগত বিশ্লেষণই প্রাধান্য পাবে। অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার—চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের বিচার বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিভাষণে প্রধান বিচারপতি বিচারপ্রক্রিয়ায় গতিশীলতা আনা, মামলা ব্যবস্থাপনার আধুনিকায়ন, বিচারিক দক্ষতা বৃদ্ধি, সময়ের যথাযথ ব্যবহার এবং বিচারপ্রার্থীদের জন্য আদালতবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বিচারিক কার্যক্রমকে আরও বিশেষায়িত ও কার্যকর করার লক্ষ্যে বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা ও কার্যকর করার বিষয়ে তিনি জানান, প্রয়োজনীয় আইন সংশোধন সম্পন্ন হলে সংশ্লিষ্ট আদালতে বিচারক পদায়নের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিচারকদের জ্ঞান, দক্ষতা ও পেশাগত উৎকর্ষ বাড়াতে জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ প্রশিক্ষক এনে দেশে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান। কেস ম্যানেজমেন্ট ও কোর্ট ম্যানেজমেন্টের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে কার্যকরভাবে মামলা পরিচালনার তাগিদ দিয়ে তিনি বিচারকদের সামর্থ্য অনুযায়ী কার্যতালিকা প্রণয়ন, শুনানি শেষে উন্মুক্ত আদালতে পরবর্তী তারিখ ঘোষণা, মামলার নথির নিরাপত্তা এবং দ্রুত সার্টিফায়েড কপি সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেন।

বিচারকদের ব্যক্তিগত আচরণ, পেশাগত শৃঙ্খলা এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার প্রসঙ্গে প্রধান বিচারপতি জানান, একজন বিচারকের আচরণ কেবল আদালতের এজলাসের মধ্যেই সীমাবদ্ধ নয়; আদালতের বাইরেও তার আচরণে বিচারকের মর্যাদা, দায়িত্ববোধ ও ব্যক্তিত্বের প্রতিফলন থাকতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম—বিশেষ করে ফেসবুক ব্যবহারে অত্যন্ত সতর্ক ও দায়িত্বশীল থাকার ওপর জোর দিয়ে তিনি এজলাসে বসে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং মোবাইল ফোন বহন থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা দেন। এছাড়া বিচারিক সিদ্ধান্ত গ্রহণে মামলার আইনগত দিকের পাশাপাশি দেশের সামাজিক অবস্থা ও বাস্তবতা বিবেচনায় নেওয়া, মাদক ও অস্ত্রসংক্রান্ত মামলার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ এবং বিচারপ্রার্থীদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থাসহ প্রত্যেক জেলা আদালতে ডে-কেয়ার সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করেন তিনি।

আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি অকারণে দীর্ঘ সময় নেওয়ার প্রবণতা পরিহার করার আহ্বান জানিয়ে বলেন, শুনানির জন্য প্রয়োজনীয় সময় সীমিত ও সুনির্দিষ্টভাবে নির্ধারণ করতে হবে এবং সময় মঞ্জুর করাকে কোনোভাবেই নিয়মিত বা রুটিন কার্যক্রমে পরিণত করা যাবে না। অনুষ্ঠানে অধস্তন আদালতের মনিটরিং কমিটির (চট্টগ্রাম-১) দায়িত্বপ্রাপ্ত বিচারপতি এস এম কুদ্দস জামান, চট্টগ্রাম-২ এর দায়িত্বপ্রাপ্ত বিচারপতি আহমেদ সোহেল এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হেমায়েত উদ্দিনসহ সংশ্লিষ্ট বিচারিক কর্মকর্তারা বক্তব্য প্রকাশ করেন। বক্তারা দ্রুত ও কার্যকর বিচারসেবা প্রদান, মামলা নিষ্পত্তিতে গতি আনা এবং বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করার বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।      //ডিবিটেক/ডিকেআর/এসসি/ডিইওই//