সাইবার যুদ্ধের কৌশলগত শক্তি উত্তর কোরিয়া

কিমের সাইবার বাহিনী, লক্ষ্য বিশ্বজুড়ে হামলা

  • মেধাবী শিক্ষার্থীদের বাছাই করে হ্যাকার হিসেবে প্রশিক্ষণ দেয় উত্তর কোরিয়া।
  • ২০২৪ সালের হিসাবে সাইবার কার্যক্রমে যুক্ত প্রায় ৮ হাজার ৫০০ কর্মী।
  • সফল হ্যাকিংয়ের মাধ্যমে অর্থ ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পায় নির্বাচিতরা।

কিমের সাইবার বাহিনী, লক্ষ্য বিশ্বজুড়ে হামলা
২২ নভেম্বর, ২০২৬ ১০:২৯  

মেধাবী শিক্ষার্থী বাছাই, বিশেষায়িত কম্পিউটার বিজ্ঞান শিক্ষা এবং সামরিক সাইবার ইউনিটে নিয়োগ—এই ধারাবাহিক প্রক্রিয়ায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হ্যাকার তৈরির কর্মসূচি পরিচালনা করছে উত্তর কোরিয়া। দেশটির সাইবার সক্ষমতা এখন শুধু প্রযুক্তিগত দক্ষতার মধ্যে সীমাবদ্ধ নয়; আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, সাইবার হামলার মাধ্যমে অর্থ সংগ্রহ ও কৌশলগত লক্ষ্য অর্জনেও এই বাহিনী ব্যবহৃত হচ্ছে। সফল হ্যাকারদের জন্য বিলাসবহুল আবাসন, অর্থ এবং সামাজিক মর্যাদার সুযোগের কথাও জানিয়েছেন দেশত্যাগী সাবেক সদস্যরা।

দীর্ঘদিন ধরে কিম জং উনের নেতৃত্বে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে বলে দাবি করেছেন উত্তর কোরিয়া ছেড়ে যাওয়া কয়েকজন সাবেক সদস্য। তাঁদের ভাষ্য অনুযায়ী, প্রায় এক দশক ধরে কর্মসূচিটি আরও বিস্তৃত হয়েছে। বিশ্লেষকদের মতে, এই সাইবার সক্ষমতা দেশটির শাসকগোষ্ঠীকে অর্থনৈতিক ও কৌশলগত সুবিধা অর্জনের সুযোগ করে দিচ্ছে।

প্রতি বছর মাধ্যমিক পর্যায়ের প্রায় ১৫০ থেকে ২০০ মেধাবী শিক্ষার্থীকে হ্যাকার হিসেবে গড়ে তোলার জন্য বাছাই করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের কম্পিউটার বিজ্ঞানে পড়াশোনার জন্য দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো হয়। সেখান থেকে যাচাই-বাছাইয়ের পর কয়েকজনকে সামরিক বাহিনীর সাইবার ইউনিটে নিয়োগ দেওয়া হয়।

এই ইউনিটের সদস্যদের শুরুতে অবৈধ জুয়া পরিচালনাকারী ওয়েবসাইটের কাজে যুক্ত করা হতো। পরে তাদের আন্তর্জাতিক পর্যায়ের সাইবার হামলার মিশনে নিয়োজিত করা হয়। যারা সরাসরি হ্যাকার হিসেবে নির্বাচিত হতে পারেন না, তাঁদের পশ্চিমা প্রতিষ্ঠানগুলোর জন্য সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন তৈরির প্রশিক্ষণ দেওয়া হয় বলে সাবেক সদস্যদের বরাতে জানা গেছে।

সামরিক কৌশলে সাইবার যুদ্ধের অন্তর্ভুক্তি

১৯৯৮ সালে প্রতিষ্ঠিত উত্তর কোরিয়ার সাইবার ইউনিট কিম জং উন ক্ষমতায় আসার পর নতুন গুরুত্ব পায়। ২০১৩ সালে তিনি পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের পাশাপাশি সাইবার যুদ্ধকে রাষ্ট্রীয় শক্তির অন্যতম হাতিয়ার হিসেবে ঘোষণা করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দেশত্যাগী সাবেক হ্যাকার কিম হিউং-কোয়াং জানান, উত্তর কোরিয়ায় থাকতে চাইলে মেধাবী শিক্ষার্থীদের এই কর্মসূচিতে যোগ দিতে বাধ্য করা হতে পারে। প্রতিভাবান শিশুদের খুঁজে বের করতে সরকারিভাবে অনুসন্ধান চালানো হয়।

তাঁর ভাষ্য, এই হ্যাকাররা মূলত কিম জং উনের অন্যতম গোপন অস্ত্র হিসেবে কাজ করে।

সাফল্যে অর্থ ও বিলাসবহুল আবাসন

প্রতিবেদনে বলা হয়েছে, চীনের মতো মিত্র দেশগুলোতে ভ্রমণের সুযোগ পান নির্বাচিত হ্যাকাররা। সেখানে তাঁরা তুলনামূলক অবাধে ইন্টারনেট ও বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করতে পারেন। হ্যাকিং অভিযানে সফল হলে তাঁদের বড় অঙ্কের মার্কিন ডলার পুরস্কার দেওয়া হয়।

এ ছাড়া রাজধানী পিয়ংইয়ংয়ে প্রায় ১ হাজার ৫০০ বর্গফুট আয়তনের বিলাসবহুল ফ্ল্যাট, সরকারি পদ এবং অভিজাত পরিবারের সঙ্গে বিয়ের সুযোগও দেওয়া হয় বলে সাবেক সদস্যদের দাবি। দেশটির সরকারি কাঠামোয় হ্যাকারদের পরিচয় বিজ্ঞানী বা গবেষক হিসেবে উল্লেখ করা হয়।

তবে এই বিশেষায়িত দলের সদস্যসংখ্যা তুলনামূলকভাবে কম। ২০২৪ সালের একটি হিসাব অনুযায়ী, উত্তর কোরিয়ার সাইবার যুদ্ধ কার্যক্রমে প্রায় ৮ হাজার ৫০০ কর্মী নিয়োজিত ছিলেন।

অন্যদিকে, বিদেশে বিভিন্ন মিশনে পাঠানো অনেক কর্মীকে কঠিন পরিস্থিতিতে কাজ করতে হয়। তাঁদের ওপর সার্বক্ষণিক নজরদারি, কঠোর লক্ষ্যমাত্রা, দীর্ঘ কর্মঘণ্টা এবং মানসিক চাপ থাকে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাইবার অপরাধের অভিযোগ

বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার শাসকগোষ্ঠীর স্বার্থে এই হ্যাকাররা কাজ করেন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা থাকায় তাঁদের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে ব্যবস্থা নেওয়া জটিল হয়ে পড়ে। এর ফলে দেশটির নেতৃত্ব সাইবার কার্যক্রম থেকে অর্থ ও কৌশলগত সুবিধা পাওয়ার সুযোগ পায়।

ব্লকচেইন বিশ্লেষণ প্রতিষ্ঠান চেইনঅ্যানালাইসিসের এশিয়া-প্যাসিফিক গ্লোবাল সার্ভিসের জ্যেষ্ঠ ব্যবস্থাপক অ্যালেক জেব্রিক জানান, সাধারণ সাইবার অপরাধীরা একটি ভুলের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ার ঝুঁকিতে থাকে। কিন্তু উত্তর কোরিয়ার হ্যাকাররা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শাসকগোষ্ঠীর হয়ে কাজ করেন। ফলে সফলতা বা ব্যর্থতা—দুই পরিস্থিতিতেই তাঁদের কার্যক্রম অব্যাহত রাখার সুযোগ থাকে। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষেও তাঁদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন।

সাম্প্রতিক বিভিন্ন হ্যাকিং ও সাইবার হামলার ঘটনায় উত্তর কোরিয়াকে দায়ী করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এবং ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠান বাইন্যান্স। তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছে পিয়ংইয়ং।

রাষ্ট্রীয়ভাবে সংগঠিত সাইবার সক্ষমতা, আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় অনুপ্রবেশ এবং ক্রিপ্টোকারেন্সি চুরির অভিযোগ—সব মিলিয়ে উত্তর কোরিয়ার সাইবার কর্মসূচি এখন আন্তর্জাতিক সাইবার নিরাপত্তার অন্যতম আলোচিত বিষয়।
//ডিবিটেক/আইএইচ/ডিআরই/এফওইডি// সূত্র: রয়টার্স, সিএনএ