প্রযুক্তিগত পরিবর্তন ও কর্পোরেট রূপান্তর

ঢাকায় দশম লিডারশিপ সামিটে ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান

  • এলডিসি উত্তরণ ও প্রযুক্তিগত পরিবর্তনের প্রেক্ষাপটে দশম লিডারশিপ সামিট
  • দেশি-বিদেশি শীর্ষ কর্পোরেট নির্বাহী, নীতিনির্ধারক ও শিক্ষাবিদদের অংশগ্রহণ
  • পরবর্তী ৯০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে নেতৃত্বের ওপর গুরুত্বারোপ

ঢাকায় দশম লিডারশিপ সামিটে ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান
২৩ নভেম্বর, ২০২৬ ১৮:২৯  

বৈশ্বিক বাণিজ্যের পরিবর্তন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ এবং দ্রুত প্রযুক্তিগত রূপান্তরের সন্ধিক্ষণে দেশের শীর্ষ কর্পোরেট নেতৃত্বকে নতুন করে ভাবনা, প্রতিষ্ঠান পুনর্গঠন এবং কার্যকর ফলাফল নিশ্চিত করার আহ্বান জানিয়ে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘১০ম লিডারশিপ সামিট ২০২৬’।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে এবং ইউনাইটেড গ্রুপের পরিবেশনায় ২৩ নভেম্বর, সোমবার রাজধানীর লা মেরিডিয়ান ঢাকার গ্র্যান্ড বলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এবং এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং নেসলে বাংলাদেশ পিএলসি ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় আয়োজিত এই সামিটে শীর্ষ ব্যবসায়ী নেতা, নীতিনির্ধারক, বৈশ্বিক নির্বাহী ও শিক্ষাবিদরা অংশ নেন।

‘বাংলাদেশ অ্যাট এ ক্রসরোডস: রিইমাজিন। রিডিজাইন। ডেলিভার।’—প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনের স্বাগত বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম জানান, গত দশ বছর ধরে এই সামিট দেশের ব্যবসায়িক গতিপথ নির্ধারণকারীদের একত্রিত করে আসছে। তিনি উল্লেখ করেন, পুরনো কর্মকৌশল দিয়ে আর সামনে এগোনো সম্ভব নয়; বরং বর্তমান সন্ধিক্ষণে নেতাদের নতুন করে ভাবার সাহস, প্রতিষ্ঠান পুনর্গঠনের শৃঙ্খলা এবং ফলাফল অর্জনের অঙ্গীকার থাকতে হবে।

দিনব্যাপী আয়োজনে ৪টি কিনোট সেশন, ১টি ফায়ারসাইড আলোচনা, ১টি কেস স্টাডি, ৩টি প্যানেল আলোচনা এবং ১টি ইন্টারেক্টিভ সেশন অনুষ্ঠিত হয়। কিনোট সেশনে ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ইকোনমিক অ্যাডভাইজার ওয়াইস প্যারে বাংলাদেশের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। এছাড়া জিও ইনস্টিটিউটের উপাচার্য অধ্যাপক দীপক সি. জৈন দ্রুত পরিবর্তনশীল বিশ্বে প্রতিষ্ঠান পুনর্গঠন, ট্রু কর্পোরেশনের গ্রুপ সিইও ও টেলিনর গ্রুপের সাবেক প্রেসিডেন্ট সিগভে ব্রেক্কে অনিশ্চিত ভবিষ্যতের জন্য টেকসই প্রযুক্তি ও টেলিকম প্রতিষ্ঠান গড়ে তোলা এবং এল ক্যাটারটন ইন্ডিয়ার এক্সিকিউটিভ চেয়ারম্যান সঞ্জীব মেহতা বৃহৎ পরিসরে ব্যবসায়িক রূপান্তরের অভিজ্ঞতা বিনিময় করেন।

সম্মেলনের অন্যতম আকর্ষণ হিসেবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার, পিএইচডি একটি বিশেষ ফায়ারসাইড আলোচনায় অংশ নিয়ে টেকসই প্রতিষ্ঠান নির্মাণ এবং আগামী প্রজন্মের নেতৃত্বের মূল্যবোধ নিয়ে মতবিনিময় করেন।

প্যানেল আলোচনা ও ইন্টারেক্টিভ সেশনে গ্রামীণফোন লিমিটেডের সিইও ইয়াসির আজমান, এইচএসবিসি বাংলাদেশের সিইও মো. মাহবুব উর রহমান, এসিআই পিএলসি’র এমডি ড. আরিফ দৌলা, ইস্টার্ন ব্যাংক পিএলসি’র এমডি ও সিইও হাসান ও. রশিদ, রেনাটা পিএলসি’র সিইও ও এমডি সৈয়দ এস. কায়সার কবির, ইফাদ গ্রুপের গ্রুপ এমডি রিয়াজুল হক চৌধুরী, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সাবেক চেয়ারম্যান কামরান বকর এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের নির্বাহী পরিচালক রূপালী চৌধুরীসহ শীর্ষ কর্পোরেট নির্বাহীরা পরবর্তী ৯০ দিনের কর্মপরিকল্পনা ও চটপটে দল গঠনের কৌশল নিয়ে আলোকপাত করেন।

 //ডিবিটেক/এজেডসিআর/এসএসসি/ডিওই//