আধুনিক নির্মাণপ্রযুক্তি ও আইএসও অর্জন
নয় প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা আকিজ রেডিমিক্সের
- অবকাঠামোগত উন্নয়নে নয়জন বিশিষ্ট প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা প্রদান
- আকিজ রেডিমিক্স ও বিল্ডিং সলিউশনস অর্জন করল আইএসও সনদ
- ‘দ্য আর্ট অব কংক্রিট’ প্রতিপাদ্যে করপোরেট নাইট অনুষ্ঠিত হয়েছে
আধুনিক নির্মাণপ্রযুক্তি, সঠিক উপাদানের অনুপাত এবং কঠোর গুণগত মান নিয়ন্ত্রণের মাধ্যমে দেশের অবকাঠামোগত উন্নয়নে গতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠানগুলো। সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, দেশের নির্মাণশিল্প ও অবকাঠামোগত উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে নয়জন বিশিষ্ট প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা প্রদান করেছে আকিজ রেডিমিক্স কংক্রিট লিমিটেড। ২১ নভেম্বর, শনিবার রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘দ্য আর্ট অব কংক্রিট’ প্রতিপাদ্যে আয়োজিত ‘করপোরেট নাইট ২০২৬’ অনুষ্ঠান থেকে এই সম্মাননা প্রদান করা হয়।
গুণগত মান, পরিবেশ সুরক্ষা, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ধারাবাহিক উন্নয়নের প্রতি প্রতিষ্ঠানের অঙ্গীকারের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে একই অনুষ্ঠানে টিইউভি অস্ট্রিয়া কর্তৃক আকিজ রেডিমিক্স কংক্রিট লিমিটেডকে এবং জিএসসিএস সার্টিফিকেশন বডি কর্তৃক আকিজ বিল্ডিং সলিউশনস লিমিটেডকে আনুষ্ঠানিকভাবে ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম (আইএমএস)-এর আইএসও সনদ হস্তান্তর করা হয়।
সম্মাননাপ্রাপ্ত বিশিষ্ট প্রকৌশলী ও স্থপতিরা হলেন—বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক ড. এম. শামীম জেড বসুনিয়া ও বর্তমান বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সাবেক প্রধান সমন্বয়ক মেজর জেনারেল (অব.) আবু সাঈদ মো. মাসুদ, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক ড. সৈয়দ ফখরুল আমিন, একই বিভাগের অধ্যাপক ড. খান মাহমুদ আমানত, ড. মেহেদী আহমেদ আনসারী, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ও অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহযোগী অধ্যাপক ও ফাল্গুনী মল্লিক অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রধান স্থপতি ফাল্গুনী মল্লিক।
অনুষ্ঠানে আকিজ বিল্ডিং সলিউশনস লিমিটেডের ক্লাস্টার সিইও আসাদুল হক সুফিয়ানী জানান, “দেশের নির্মাণশিল্প ও অবকাঠামো উন্নয়নে প্রকৌশলী, স্থপতি, নির্মাণসংশ্লিষ্ট পেশাজীবী এবং মানসম্মত নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য শুধু পণ্য সরবরাহ করা নয়, বরং আধুনিক প্রযুক্তি, মানসম্মত উপকরণ ও নির্ভরযোগ্য সেবার মাধ্যমে গ্রাহকদের জন্য কার্যকর নির্মাণ সমাধান নিশ্চিত করা।” তিনি আরও জানান, গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের আস্থা, পেশাজীবীদের দক্ষতা এবং সম্মিলিত প্রচেষ্টায় আকিজ রেডিমিক্স দেশের নির্মাণশিল্পে গুণগত মান ও আস্থার প্রতীক হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে।
আকিজ রেডিমিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান জানান, “কংক্রিট শুধু একটি নির্মাণসামগ্রী নয়, বরং প্রতিটি স্থাপনার স্থায়িত্ব, নিরাপত্তা ও নির্ভরযোগ্যতার অন্যতম ভিত্তি। আর মানসম্মত কংক্রিট নিশ্চিত করতে প্রয়োজন সঠিক উপাদান নির্বাচন, নির্ভুল অনুপাত, আধুনিক প্রযুক্তি এবং কঠোর গুণগত মান নিয়ন্ত্রণ।” অনুষ্ঠানে আকিজ রিসোর্সের চিফ পিপল অফিসার মো. আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, ডেপুটি চিফ অপারেটিং অফিসার সোহানুর রহমান সোহান, ক্লাস্টার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (বিল্ডিং ম্যাটেরিয়ালস) মো. মোস্তাক আহমেদ, আকিজ রেডিমিক্সের হেড অব সেলস মো. জাহিদ হাসানসহ গ্রাহক, প্রকৌশলী, স্থপতি ও শিল্পসংশ্লিষ্ট পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/এসসি/ডিইওই//





