কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানিতে সম্ভাবনা ও চ্যালেঞ্জ

কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা দেখছে প্রাণ

  • ভিয়েতনাম ও থাইল্যান্ডের তুলনায় পিছিয়ে থাকলেও সেভেন সিস্টার্স, যুক্তরাষ্ট্র ও আফ্রিকায় বড় বাজারের সম্ভাবনা
  • স্থলবন্দর জটিলতা, নন-ট্যারিফ বাধা ও পরিবহন সংকটে বাধাগ্রস্ত হচ্ছে রপ্তানি
  • ইউরোপের বাজারে ভালো করতে কৃষিতে গুড অ্যাগ্রিকালচারাল প্র্যাকটিস অনুসরণের তাগিদ

কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা দেখছে প্রাণ
২১ নভেম্বর, ২০২৬ ১২:৪০  

ভিয়েতনাম ও থাইল্যান্ডের তুলনায় কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানিতে বাংলাদেশ পিছিয়ে থাকলেও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্সসহ যুক্তরাষ্ট্র ও আফ্রিকার বাজারে এই খাতের পণ্য রপ্তানির বড় সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল। তবে স্থলবন্দর জটিলতা, নন-ট্যারিফ বাধা, সহজলভ্য পরিবহনব্যবস্থার অভাব এবং কৃষিতে উত্তম চর্চার ঘাটতির কারণে সেই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।

২১ নভেম্বর, শনিবার সকালে রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কনফারেন্স রুমে প্রাণ গ্রুপ আয়োজিত ‘বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণ: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

কর্মশালায় ‘বাংলাদেশ কৃষি প্রক্রিয়াজাত শিল্পের বর্তমান প্রেক্ষাপট, রপ্তানির সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপনকালে কামরুজ্জামান কামাল জানান, ভিয়েতনাম, থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানিতে বাংলাদেশ ব্যাপক পিছিয়ে রয়েছে। অথচ প্রতিবেশী ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্সে বাংলাদেশের পণ্য রপ্তানির ভালো সুযোগ রয়েছে। স্থলবন্দরসংক্রান্ত জটিলতা ও বিভিন্ন নন-ট্যারিফ বাধার কারণে ওই বাজারে কাঙ্ক্ষিত সাফল্য আসছে না। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও আফ্রিকার বাজারে ভালো সম্ভাবনা থাকলেও সহজলভ্য পরিবহনব্যবস্থার অভাবে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে হচ্ছে।

কামরুজ্জামান কামাল জানান, কৃষিতে গুড অ্যাগ্রিকালচারাল প্র্যাকটিস (জিএপি) অনুসরণ না করায় ইউরোপের বাজারেও বাংলাদেশ ভালো করতে পারছে না। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে কৃষি উৎপাদন থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানির প্রতিটি পর্যায়ে প্রয়োজনীয় মান নিশ্চিত করতে হবে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্টদের পাশাপাশি সরকারকে বাণিজ্যিক কূটনীতিতে আরও জোর দিতে হবে বলে উল্লেখ করেন তিনি।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নলেজ হাব ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস অনুষ্ঠানে বক্তব্য দেন।

//ডিবিটেক/জেএনসি/ডিআরই/এফওইডি//