ডায়নামিক আইল্যান্ড ধাঁচের লাইভ নোটিফিকেশনের পরীক্ষা চালাচ্ছে স্যামসাং
অ্যাপলের আইফোনের ‘ডায়নামিক আইল্যান্ড’-এর আদলে নিজেদের ‘লাইভ নোটিফিকেশন’ ফিচারের নকশা ও অবস্থানে বড় ধরনের পরিবর্তনের পরীক্ষা চালাচ্ছে স্যামসাং। ওয়ান ইউআই ৭-এর মাধ্যমে প্রথম লাইভ নোটিফিকেশন ফিচার চালু করেছিল প্রতিষ্ঠানটি, আর এবার ওয়ান ইউআই ৯.৫-এ এটিকে আরও দৃশ্যমান ও সহজে ব্যবহারযোগ্য করার কাজ চলছে।
অবস্থানে ও সোয়াইপ জেসচারে পরিবর্তন
বর্তমানে ওয়ান ইউআই-তে স্ট্যাটাস বারের ওপরের বাম দিকে ঘড়ির পাশে একটি ছোট পিল বা বড়ি আকৃতির বার হিসেবে লাইভ নোটিফিকেশন প্রদর্শিত হয়, যেখানে টাইমার বা রেকর্ডিংয়ের মতো চলমান তথ্য দেখা যায়। একাধিক অ্যাপের তথ্য থাকলে সেগুলোর মধ্যে যাওয়ার জন্য বর্তমানে পিলটিতে ওপর-নিচ সোয়াইপ করতে হয়।
নতুন নকশায় লাইভ নোটিফিকেশন পিলটি স্ট্যাটাস বারের ঠিক মাঝখানে- অর্থাৎ ফ্রন্ট ক্যামেরার কাটআউটের আশপাশে সরিয়ে আনা হচ্ছে।
পাশাপাশি একাধিক চলমান অ্যাক্টিভিটির মধ্যে পরিবর্তন করতে ওপর-নিচের বদলে বাম বা ডানে সোয়াইপ করার সুবিধা যুক্ত করা হচ্ছে, যাতে পিলটি বড় না করেই দ্রুত অন্য টাস্কে যাওয়া যায়। তবে পিলটিতে ট্যাপ করলে আগের মতোই বিস্তারিত তথ্য ও নিয়ন্ত্রণ বাটনগুলো বড় হয়ে সামনে আসবে।
গ্যালাক্সি এস২৬ বেটা ও এস২৭-এর সম্ভাবনা
স্যামসাং যদি এই নকশা চূড়ান্ত করে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে, তবে তা অ্যান্ড্রয়েড জগতে ডায়নামিক আইল্যান্ড ধাঁচের প্রথম ফিচার হবে না; কারণ এর আগেই বেশ কয়েকটি চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এ ধরনের সুবিধা এনেছে।
বর্তমানে ওয়ান ইউআই ৯.৫-এর বেটা সংস্করণ নির্বাচিত কয়েকটি দেশে গ্যালাক্সি এস২৬ সিরিজে পরীক্ষামূলকভাবে চালু রয়েছে।
ধারণা করা হচ্ছে, আগামী বছরের শুরুতে গ্যালাক্সি এস২৭ সিরিজের সঙ্গে যখন ওয়ান ইউআই ৯.৫-এর স্থায়ী সংস্করণ আসবে, তখনই এই নতুন লাইভ নোটিফিকেশন আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে পারে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: জিএসএম এরিনা





