২৪ ঘণ্টা সুপেয় পানির নিশ্চয়তা

যবিপ্রবির এমএম হলে আধুনিক পানি পরিশোধন কেন্দ্র উদ্বোধন

  • দৈনিক পাঁচ হাজার লিটার ক্ষমতার আধুনিক পানি পরিশোধন কেন্দ্র
  • ১০ তলা পর্যন্ত সিসিটিভি ও দ্রুত ওয়াইফাই স্থাপনের ঘোষণা
  • অন্তঃহল ক্রীড়া সপ্তাহ-২০২৬ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

যবিপ্রবির এমএম হলে আধুনিক পানি পরিশোধন কেন্দ্র উদ্বোধন
২৩ নভেম্বর, ২০২৬ ১২:১২  

আবাসিক শিক্ষার্থীদের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর ও নিরবচ্ছিন্ন ২৪ ঘণ্টা সুপেয় পানির সুবিধা নিশ্চিত করতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মুন্সী মেহেরুল্লাহ (এমএম) হলে আধুনিক পানি পরিশোধন কেন্দ্র ও সরবরাহব্যবস্থা চালু করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা এখন থেকে নিজ নিজ তলা থেকেই বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পারবেন।

যবিপ্রবির মুন্সী মেহেরুল্লাহ হলে ২২ নভেম্বর, রবিবার সন্ধ্যা ৬টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিদিন ৫ হাজার লিটার কার্যক্ষমতাসম্পন্ন এই পানি পরিশোধন কেন্দ্র উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। একই অনুষ্ঠানে হলের অন্তঃহল ক্রীড়া সপ্তাহ-২০২৬ এর বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য ও বিশেষ অতিথি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, হলের দীর্ঘদিনের পানির সমস্যা সমাধানে পরীক্ষামূলক প্রকল্প হিসেবে আধুনিক ছাঁকনি বা ফিল্টার স্থাপন করা হয়েছে। আগামী তিন থেকে ছয় মাস এটি পর্যবেক্ষণ করে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সব হলে এ ব্যবস্থা চালু করা হবে।

উপাচার্য হিসেবে প্রথমবারের মতো কোনো হলে আসার কথা উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের হলকে নিজেদের দ্বিতীয় বাড়ি মনে করে পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সুবিধার্থে দ্রুত তারহীন ইন্টারনেট (ওয়াইফাই) সংযোগ স্থাপন এবং নিরাপত্তা নিশ্চিত করতে ১০ তলা পর্যন্ত ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ছাড়া হলে সুন্দর পরিবেশ বজায় রেখে শান্তিপূর্ণভাবে আন্তঃহল ও অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, হল শিক্ষার্থীদের দ্বিতীয় পরিবার, যেখানে বিপদে-আপদে সহপাঠী ও কক্ষসঙ্গীরাই সবার আগে পাশে দাঁড়ান। আবাসিক শিক্ষার্থীদের সুপেয় পানির সংকট নিরসনে এই পানি পরিশোধন ইউনিট উদ্বোধন কেবল শুরু; পর্যায়ক্রমে অন্যান্য হলের পানির সমস্যাও সমাধান করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং এ ক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থীসহ সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানের সভাপতি ও হল প্রভোস্ট ড. মো. আব্দুর রউফ সরকার বলেন, বর্তমান প্রশাসনের আন্তরিকতায় হলে প্রথমবারের মতো বিশুদ্ধ পানি সরবরাহের জন্য পরিশোধন ইউনিট স্থাপন করা হয়েছে। প্রতিদিন পাঁচ হাজার লিটার পানি পরিশোধনের সক্ষমতাসম্পন্ন এ ইউনিটের মাধ্যমে শিক্ষার্থীরা ২৪ ঘণ্টা নিজ নিজ তলা থেকেই সুপেয় পানি পান করতে পারবেন।

পানির অপচয় রোধে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, হলে আধুনিক পাঠকক্ষ, খেলাধুলার কক্ষ, টেলিভিশন কক্ষ ও সিসিটিভি নিরাপত্তাসহ সার্বিক সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়েছে। শুধু নতুন সুযোগ-সুবিধা তৈরি করাই যথেষ্ট নয়; বরং এসব সম্পদের যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করাও শিক্ষার্থীদের দায়িত্ব।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান এবং প্রধান প্রকৌশলী অধ্যাপক ড. মো. মোখলেছুর রহমান। এ সময় বীর প্রতীক তারামন বিবি হলের প্রভোস্ট ড. ফারহানা ইয়াসমিন, পরিবহন দফতর পরিচালক হাসান মো. নাভিদ আনজুমসহ এমএম হলের সহকারী প্রভোস্টবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

//ডিবিটেক/এনএইচজেআর/ডিআরই/এফওইডি//