এন্টারপ্রাইজ থেকে কনজিউমার সল্যুশনে বি-ট্র্যাক সলিউশনস

৬টি ডোমেইনে সাড়ে ৫শ সল্যুশনের মধ্যে 'নিরাপথ' (ফ্রি), 'সিমো' ও 'কারকোপোলো' অ্যাপ গ্রাহক নিরাপত্তা দিচ্ছে। পাশাপাশি বিটিআরসি, ডিএমপি, সিসিসিসহ জাতীয় মেগা প্রজেক্ট ও গ্লোবাল পার্টনারশিপে নেতৃত্ব দিচ্ছে বি-ট্র্যাক।

এন্টারপ্রাইজ থেকে কনজিউমার সল্যুশনে বি-ট্র্যাক সলিউশনস
৯ জুন, ২০২৬ ১৪:৩৫  
৯ জুন, ২০২৬ ১৬:২২  

বাংলাদেশের আইটি ও টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান বি-ট্র্যাক সলিউশনস এন্টারপ্রাইজভিত্তিক ব্যবসা থেকে ভোক্তাকেন্দ্রিক প্রযুক্তি সেবায় বড় কৌশলগত পরিবর্তনের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি বর্তমানে ছয়টি প্রযুক্তি খাতে ৫৫০টিরও বেশি কাস্টমাইজড সমাধান পরিচালনা করছে। ‘নিরাপথ’, ‘SEEMO’ এবং ‘Carcopolo’ নামে নতুন স্মার্ট সিকিউরিটি ও জিপিএসভিত্তিক প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যক্তি, বাসা ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।

একই সঙ্গে ‘Yes Parking’ প্ল্যাটফর্ম ইতোমধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন ও ঢাকার মিলিটারি মিউজিয়ামে সফলভাবে চালু হয়েছে।

৯ জুন, মঙ্গলবার রাজধানীর গুলশান-২ এর টিফিন বক্স রেস্টুরেন্টে আয়োজিত এক জ্ঞানবিনিময় সভায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর সিদ্দিক এ রূপান্তরের ঘোষণা দেন। অনুষ্ঠানে বি-ট্র্যাক সলিউশনস-এর স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার গোলাম মোস্তফা প্রতিষ্ঠানের প্রযুক্তি পণ্য ও সল্যুশন ইকোসিস্টেম নিয়ে বিশদ উপস্থাপনা করেন।

তানভীর সিদ্দিক বলেন, নির্ভরযোগ্য ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে যানবাহন, বাসা ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। তিনি জানান, গ্রাহকদের তথ্য সুরক্ষায় সব প্ল্যাটফর্মে এনক্রিপটেড প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

ভোক্তাপর্যায়ে বি-ট্র্যাক তিনটি মোবাইল ও ওয়েবভিত্তিক প্ল্যাটফর্ম চালু করেছে। এর মধ্যে দুটি প্রিমিয়াম সেবা এবং একটি সম্পূর্ণ বিনামূল্যের নিরাপত্তা অ্যাপ। করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তৈরি ‘নিরাপথ’ অ্যাপটি জনসাধারণের জন্য বিনামূল্যে উন্মুক্ত রাখা হয়েছে। এতে ওয়ান-ট্যাপ ইমার্জেন্সি অ্যালার্ট, দ্রুত জরুরি সহায়তা, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সরাসরি যোগাযোগ এবং লাইভ লোকেশন ট্র্যাকিং সুবিধা রয়েছে।

অন্যদিকে স্মার্ট হোম ও অফিস নিরাপত্তার জন্য ‘SEEMO’ প্ল্যাটফর্মে রয়েছে এইচডি ভিডিও স্ট্রিমিং, টু-ওয়ে কমিউনিকেশন, মোশন ডিটেকশন অ্যালার্ট, নাইট ভিশন এবং নিরাপদ ক্লাউড স্টোরেজ সুবিধা।

যানবাহন নিরাপত্তার জন্য চালু করা হয়েছে ‘Carcopolo’ নামের স্মার্ট জিপিএস ট্র্যাকিং সেবা। এতে রিয়েল-টাইম ট্র্যাকিং, জিও-ফেন্সিং অ্যালার্ট, রিমোট ইঞ্জিন কাট-অফ এবং এআইভিত্তিক ফেস ডিটেকশন প্রযুক্তির মাধ্যমে চালক শনাক্তকরণের সুবিধা রয়েছে।

২০১৭ সালে চালু হওয়া বি-ট্র্যাক-এর প্রযুক্তিনির্ভর পার্কিং স্টার্টআপ ‘Yes Parking’ নিয়েও অনুষ্ঠানে কথা বলেন তানভীর সিদ্দিক। তিনি জানান, বিভিন্ন প্রশাসনিক ও নীতিগত জটিলতার কারণে দীর্ঘ সময় ধরে প্ল্যাটফর্মটির সম্প্রসারণ ব্যাহত হলেও বর্তমানে এটি বাণিজ্যিকভাবে সফলতা পাচ্ছে।

'ইতোমধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনে স্মার্ট পে-পার্কিং সিস্টেম হিসেবে ‘Yes Parking’ চালু হয়েছে। এছাড়া ঢাকার মিলিটারি মিউজিয়ামেও ফ্রি ও প্রিমিয়াম পার্কিং ব্যবস্থাপনায় প্ল্যাটফর্মটি ব্যবহৃত হচ্ছে'- যোগ।করেন তিনি।

প্রসঙ্গত, ২০০৪ সালে প্রতিষ্ঠিত মূল গ্রুপ 'বাংলা ট্র্যাক' (Bangla Trac)-এর অংশ হিসেবে বি-ট্রাক সলিউশনস লিমিটেড তাদের কোর সার্ভিসের আওতায় কাস্টম সফটওয়্যার ডেভেলপমেন্ট, আইওটি (IoT) সল্যুশন, স্যাস (SaaS) প্ল্যাটফর্ম, সিস্টেম ইন্টিগ্রেশন, সাইবার সিকিউরিটি এবং আইটি কনসালটেন্সি সার্ভিসের মতো ডোমেইনে কার্যক্রম পরিচালনা করছে।

প্রতিষ্ঠানটি বাংলাদেশ সরকারের একাধিক গুরুত্বপূর্ণ জাতীয় ডিজিটাল রূপান্তর প্রকল্পের সাথে সরাসরি যুক্ত রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো বাংলাদেশ পুলিশ ও ডিএমপি (DMP)-এর জন্য তৈরি করা 'সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম' (CIMS), যা এনআইডি ইন্টিগ্রেশন ও রিয়েল-টাইম প্রোফাইলিংয়ের মাধ্যমে আবাসিক ট্র্যাকিং নিশ্চিত করে। এছাড়া স্পেশাল সিকিউরিটি ফোর্স (SSF)-এর জন্য তারা কাস্টমাইজড ভেহিক্যাল ট্র্যাকিং এবং ওয়ার্কশপ অ্যান্ড ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম সরবরাহ করেছে। টেলিযোগাযোগ খাতে ২০১৪ সাল থেকে বিটিআরসি (BTRC)-এর আন্তর্জাতিক ভয়েস ট্রাফিক মনিটরিং এবং রেভিনিউ অ্যাসুরেন্স সিস্টেম সফলভাবে পরিচালনা করছে বি-ট্রাক, পাশাপাশি বিটিসিএল (BTCL)-এর জন্য তারা তৈরি করেছে 'প্রিপেইড ক্যারিয়ার মনিটরিং সিস্টেম'।

জাতীয় কম্পিউটার কাউন্সিল (BCC)-এর ন্যাশনাল ডাটা সেন্টারের জন্য ক্লাউড-ভিত্তিক 'PaaS' সল্যুশন এবং মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (CAG) কার্যালয়ের জন্য 'গ্রিভেন্স ম্যানেজমেন্ট সিস্টেম' অ্যাপ্লিকেশন তৈরি করেছে তারা।

সর্বশেষ গত ২৭ অক্টোবর, ২০২৫ তারিখে সই হওয়া চুক্তি অনুযায়ী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স সংগ্রহ ব্যবস্থাকে সম্পূর্ণ ডিজিটাল করতে বি-ট্রাক 'MILE-DGE' প্ল্যাটফর্ম তৈরি করে, যা গত ২৮ জানুয়ারি, ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে সফট-লঞ্চ করা হয়েছে। 

//ডিবিটেক/আইএইচ/এমইউআইএম//