‘ওয়েডিং কার্নিভাল’-এ সেলিব্রিটি আচরণ নিয়ে নেটদুনিয়ায় তোলপাড়
মঞ্চে পরীমনির মধ্যমা প্রদর্শন: লাইভ-বিতর্ক ও ভিউ-কালচারে উত্তাল সোশ্যাল মিডিয়া
- গুলশানের ফ্যাশন শোতে ‘ভুয়া ভুয়া’ স্লোগানের মুখে মেজাজ হারিয়ে মধ্যাঙ্গুলি প্রদর্শন করে মঞ্চ ছাড়লেন চিত্রনায়িকা পরীমনি
- ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় লাইভ ও পোস্ট দিয়ে আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করার চেষ্টা অভিনেত্রীর
- বারবার লাইভে এসে বিতর্ক তৈরি, পেশাদার সাংবাদিকদের সাথে অসদাচরণ ও ‘ভিউ শিকারি’ সংস্কৃতির প্রভাব নিয়ে নেটদুনিয়ায় বিশিষ্টজনদের তীব্র সমালোচনা
ফের তীব্র বিতর্কের মুখে পড়েছেন ঢালিউড চিত্রনায়িকা পরীমনি। ৮ নভেম্বর, রবিবার রাতে রাজধানীর গুলশানের একটি অভিজাত ক্লাবে আয়োজিত ‘ওয়েডিং কার্নিভাল’ শীর্ষক ফ্যাশন শোতে উপস্থিত ক্ষুব্ধ দর্শক ও সাংবাদিকদের ‘ভুয়া ভুয়া’ স্লোগানের বিপরীতে সরাসরি মধ্যাঙ্গুলি (অশালীন অঙ্গভঙ্গি) প্রদর্শন করে মঞ্চ ছাড়েন এই অভিনেত্রী। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য হন তিনি। তবে সেসময়ও ছাদখোলা জিপে চেপে পুলিশের সামনেই সাংবাদিকদের মধ্যমা আঙুল দেখান পরীমনি। এতে আরও ক্ষুব্ধ হন গণমাধ্যমকর্মীরা।
এসময় দফায় দফায় ক্ষোভ উগরে দিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লাইভ’ আসতে দেখা যায় তাকে। সেসময় আইন-শৃঙ্খলাবাহিনীর সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেন তিনি। একপর্যায়ে প্রয়োজনে সেনাবাহিনী তলবের পরামর্শ দেন এই অভিনেত্রী। তবে তার ফেসবুক লাইভের নিচেই এ নিয়ে তার লাইভে তাৎক্ষণিক সহানুভূতি আদায়ের চেষ্টা এবং ক্যামেরার সামনে উসকানিমূলক আচরণের পুনরাবৃত্তি নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায় তাৎক্ষণিক কমেন্ট বক্সে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ফ্যাশন শোর র্যাম্পে পরীমনির উপস্থিতি এবং সার্বিক অব্যবস্থাপনাকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থলে উপস্থিত দর্শক ও দায়িত্ব পালনরত সাংবাদিকদের একাংশের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়। একপর্যায়ে দর্শক সারি ও মিডিয়া কর্নার থেকে সম্মিলিতভাবে ‘ভুয়া ভুয়া’ স্লোগান শুরু হলে পরীমনি মেজাজ হারিয়ে সাংবাদিকদের দিকে অশালীন অঙ্গভঙ্গিতে আঙুল প্রদর্শন করেন। দায়িত্ব পালনকালে এমন প্রকাশ্য অবমাননাকর আচরণে সংবাদকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিনোদন সংবাদিক নিশক তারেক আজিজ লেখেন, ‘শিল্পীর স্বাধীনতা, ক্ষোভ না সামাজিক দায়বদ্ধতা!”
এ ঘটনার পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দীর্ঘ স্ট্যাটাস দিয়ে পুরো দায় আয়োজক কর্তৃপক্ষের অব্যবস্থাপনার ওপর চাপান পরীমনি। এর আগেও বিভিন্ন ব্যক্তিগত সংকটে কিংবা গুলশানে নিজের গাড়ি ভাঙচুরের ভিত্তিহীন অভিযোগ তুলে মধ্যরাতে লাইভে এসে মাঠপর্যায়ের সংবাদকর্মীদের সাথে অসদাচরণের নজির রয়েছে তার। সামান্য প্রতিকূলতায় লাইভ এসে সহানুভূতি কুড়ানোর এই চর্চা সামাজিক মাধ্যমে নতুন করে বিনোদন সাংবাদিকতা ও ‘সেলিব্রিটি মানসিকতা’র দ্বন্দ্বকে সামনে এনেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি দ্রুত ভাইরাল হয়ে পড়ার পর ভেরিফায়েড পেজগুলোতে বিশিষ্টজন, সংস্কৃতি বিশ্লেষক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের মিশ্র ও তীর্যক প্রতিক্রিয়া দেখা গেছে। নেটিজেন ও বিশ্লেষকদের মতে, পরীমনি নিজেকে যে ‘ভিউ শিকারি’ ও ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরদের বৃত্তে আটকে ফেলেছেন, সেখানে যেকোনো উসকানিমূলক আচরণই ভিউ পাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। একজন প্রতিষ্ঠিত চলচ্চিত্র সমালোচক তাঁর ভেরিফায়েড প্রোফাইলে লিখেছেন, "তারকাদের ব্যক্তিস্বাধীনতা নিশ্চয়ই থাকবে, কিন্তু উন্মুক্ত পাবলিক স্পেসে পেশাদার সাংবাদিকদের প্রতি অশালীন অঙ্গভঙ্গি করা কোনোভাবেই সেলিব্রিটি সুলভ আচরণ নয়। বারবার লাইভে এসে নাটকীয়তা তৈরি করার সংস্কৃতি আমাদের বিনোদন অঙ্গনের পেশাদারিত্বকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।"
অন্যদিকে, ডিজিটাল গণমাধ্যম বিশ্লেষকরা বলছেন, "অ্যালগরিদমের যুগে যেকোনো সস্তা নেতিবাচক প্রচারও কিছু মানুষের কাছে টিআরপি বা ভিউ পাওয়ার উপায়। কিন্তু দায়িত্বজ্ঞানহীন শারীরিক অঙ্গভঙ্গি ও পেশাদারদের হেনস্থা করার ধারাবাহিকতা অব্যাহত থাকলে কাজের মঞ্চ সংকুচিত হওয়াই স্বাভাবিক।" ইতোমধ্যে একাধিক ব্র্যান্ড ও প্রযোজনা প্রতিষ্ঠান তাঁর এমন খামখেয়ালি আচরণের কারণে কাজের চুক্তি থেকে পিছিয়ে এসেছে বলে ইন্ডাস্ট্রিতে আলোচনা রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভকে ‘ঢাল’ বানিয়ে যেকোনো শালীনতার সীমা লঙ্ঘনের এই ডিজিটাল প্রবণতা বাংলা বিনোদন জগতের ভাবমূর্তিকে গভীর সংকটের মুখে ফেলেছে বলেই মনে করছেন শিল্পবোদ্ধারা।
//ডিবিটেক/ জেপিএস/এসএমই/এমভিএনও//





