ইনডোর প্ল্যান্ট ভালো রাখার সহজ কৌশল
শখ করে কেনা ইনডোর প্ল্যান্ট অল্প দিনেই ঢলে পড়ছে? সবুজ সতেজ পাতাগুলো শুকিয়ে ঝরে যাচ্ছে কিংবা গাছের স্বাভাবিক বৃদ্ধি একদমই থেমে গেছে? এমনটা দেখলে মন খারাপ হওয়াই স্বাভাবিক। সঠিক সার, জল দেওয়ার পরও অনেক সময় ছোট্ট কিছু ভুলের কারণে ইনডোর প্ল্যান্ট তার স্বাভাবিক সজীবতা হারিয়ে ফেলে। বিশেষ করে যারা নতুন গাছ পোষা শুরু করেছেন বা […] The post ইনডোর প্ল্যান্ট ভালো রাখার সহজ কৌশল first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

শখ করে কেনা ইনডোর প্ল্যান্ট অল্প দিনেই ঢলে পড়ছে? সবুজ সতেজ পাতাগুলো শুকিয়ে ঝরে যাচ্ছে কিংবা গাছের স্বাভাবিক বৃদ্ধি একদমই থেমে গেছে? এমনটা দেখলে মন খারাপ হওয়াই স্বাভাবিক। সঠিক সার, জল দেওয়ার পরও অনেক সময় ছোট্ট কিছু ভুলের কারণে ইনডোর প্ল্যান্ট তার স্বাভাবিক সজীবতা হারিয়ে ফেলে। বিশেষ করে যারা নতুন গাছ পোষা শুরু করেছেন বা কাজের ব্যস্ততায় গাছে পর্যাপ্ত সময় দিতে পারেন না, তাদের জন্য ঘরের গাছ বাঁচিয়ে রাখা বেশ চ্যালেঞ্জিং মনে হতে পারে। তবে দুশ্চিন্তার কিছু নেই! ইনডোর প্ল্যান্টকে সবসময় সতেজ, সবুজ ও প্রাণবন্ত রাখতে কিছু সহজ কিন্তু অত্যন্ত কার্যকর নিয়ম মেনে চলা জরুরি।
আসুন জেনে নেই, ইনডোর প্ল্যান্ট ভালো রাখার সহজ কৌশল…
পরিমিত ও সঠিক নিয়মে জল দেওয়া
* ইনডোর প্ল্যান্টের জন্য অতিরিক্ত জল বা জলের অভাব, দুটোই সমান ক্ষতিকর।
* গাছের মাটি সবসময় হালকা আর্দ্র রাখতে হবে, তবে মাটি যেন অতিরিক্ত ভেজা বা কাদা-কাদা না হয়।
* পাতলা পাতা ও ঝোপালো গাছে ওয়াক্সি বা চামড়ার মতো পুরু পাতার গাছের চেয়ে জলের চাহিদা বেশি থাকে।
* টবের ওপর বা গোড়ায় জল জমে থাকলে বাড়া জল দ্রুত ফেলে দিন। গোড়ায় জল জমলে শিকড় পচে গাছ মারা যায়।
* প্রতিদিন অল্প করে জল না দিয়ে মাটি শুকিয়ে এলে বা মাটির রং বদলে গেলে জল দেওয়া ভালো।
মাটির আর্দ্রতা পরীক্ষা ও লক্ষণ বোঝা
* মাটির ভেতর আঙুলের উপরিভাগ আলতো করে ঢুকিয়ে দিন। মাটি শুকনো মনে হলে বুঝতে হবে জল প্রয়োজন। গাছের কিছু লক্ষণ দেখেই জলের অবস্থা বোঝা যায়:
* অতিরিক্ত জল পেলে (Over-hydrated): পাতার রং বদলে যায়, পাতার বৃদ্ধি থমকে যায় এবং পাতা পচে বা ঝরে পড়তে থাকে।
* জলের অভাব হলে (Dehydrated): গাছের বৃদ্ধি ধীর হয়ে যায়, পাতা বাদামি বা কুঁচকে শুকিয়ে যায় এবং নিচের দিকের পাতা হলুদ হতে থাকে।
সাধারণ তাপমাত্রার জল ব্যবহার
অনেকেই মরসুম বুঝে গাছে ঠান্ডা বা গরম জল দেন, যা মারাত্মক ভুল। সবসময় সাধারণ কক্ষ তাপমাত্রার (Room Temperature) জল ব্যবহার করবেন।
* গরম জল গাছের শিকড় নষ্ট করে দেয়, এমনকি গাছ মরেও যেতে পারে।
* অতিরিক্ত ঠান্ডা জল গাছের স্বাভাবিক বড় হওয়ার গতি ধমকে দেয়।
পর্যাপ্ত আলোর ব্যবস্থা
* ঘরের ভেতরের গাছ হলেও প্রতিটি গাছের খাদ্য তৈরির (ফটোসিন্থেসিস) জন্য আলোর প্রয়োজন।
* গাছ কখনোই অতিরিক্ত কড়া বা সরাসরি রোদ আসে এমন জায়গায় রাখবেন না; কড়া রোদ থেকে দূরে পরোক্ষ ও পর্যাপ্ত আলো আসে এমন স্থানে রাখুন।
* ফুলের গাছের জন্য দিনে ১২–১৬ ঘণ্টা এবং পাতাবাহার গাছের জন্য ১৪–১৬ ঘণ্টা আলোর প্রয়োজন হয়।
* প্রাকৃতিক আলো কম থাকলে গ্রো লাইট বা ইনডোর লাইটিংয়ের সাহায্য নিতে পারেন।
বারবার জায়গা পরিবর্তন না করা
গাছ একটি নির্দিষ্ট জায়গার আবহাওয়া ও আলোর সঙ্গে নিজেকে মানিয়ে নেয়।
* বারবার জায়গা পরিবর্তন করলে গাছ নতুন পরিবেশে খাপ খাওয়াতে না পেরে ঝিমিয়ে পড়ে।
* স্থান পরিবর্তন করতেই হলে হুট করে না সরিয়ে, নতুন জায়গায় প্রতিদিন কয়েক ঘণ্টা করে রেখে ধীরে ধীরে সইয়ে নিন।
ঘরের আর্দ্রতা (Humidity) বজায় রাখা
* শুষ্ক বাতাস ঘরের গাছের বাড়বৃদ্ধি থামিয়ে দেয়। আর্দ্রতা বাড়াতে নিচের উপায়গুলো কাজে লাগাতে পারেন:
* টবের নিচে একটি ট্রেতে নুড়ি পাথর ও জল রেখে দিন। এই জল বাষ্পীভূত হয়ে আশপাশের বাতাস আর্দ্র রাখবে।
* স্প্রে বোতলে জল নিয়ে মাঝে মাঝেই পাতায় স্প্রে করে দিতে পারেন।
* গাছের পাতার ডগা বা কুঁড়ি বাদামি হয়ে গেলে বুঝবেন ঘরে আর্দ্রতার অভাব রয়েছে।
* অনেকগুলো ইনডোর প্ল্যান্ট একসঙ্গে রাখলেও তা নিজেদের মধ্যে আর্দ্রতা ছড়ায়।
সঠিক সার ও মাটির ব্যবহার
* ইনডোর প্ল্যান্টের পুষ্টির জন্য সুষম সার ব্যবহার করা প্রয়োজন।
* সারের ক্ষেত্রে নাইট্রোজেন (N), ফসফরাস (P) ও পটাশিয়ামের (K) অনুপাত খেয়াল রাখুন। পাতার সৌন্দর্য বজায় রাখতে নাইট্রোজেন এবং গাছে ফুল ফোটাতে পটাশিয়াম কার্যকর।
* ক্যাকটাস বা সাকুলেন্ট জাতীয় গাছের জন্য বেলে-পাথুরে মাটি ও জল নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা দরকার। টবের নিচে যেন অবশ্যই জল বের হওয়ার ছিদ্র থাকে।
* শুকনো ও মরা ডাল-পাতা কেটে দিলে গাছে নতুন পাতা গজায় এবং পোকার আক্রমণ কমে।
পাতার ধুলো-ময়লা পরিষ্কার করা
* ঘরের গাছে ধুলো জমে শালোকসংশ্লেষ বা খাদ্য তৈরিতে বাধা সৃষ্টি করে এবং গাছকে মলিন দেখায়।
* নরম ভেজা কাপড় বা ব্রাশ দিয়ে নিয়মিত পাতার ওপর জমে থাকা ধুলো মুছে ফেলুন।
* বেশি পাতাবিশিষ্ট গাছ হলে বাথরুমে নিয়ে হালকা জলের ছিটে দিয়ে ধুয়ে দিতে পারেন।
কীট-পতঙ্গের আক্রমণ থেকে সুরক্ষা
* ইনডোর প্ল্যান্টে প্রায়ই মিলিবাগ বা সাদা ছাতার মতো পোকার আক্রমণ দেখা যায়।
* প্রাথমিক অবস্থায় কটন বলে রাবিং অ্যালকোহল (Rubbing Alcohol) লাগিয়ে পোকা ধরা স্থানগুলো মুছে ফেলুন।
* আক্রমণ বেশি হলে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী নার্সারি থেকে সঠিক ওষুধ এনে স্প্রে করুন।
একটুখানি ভালোবাসা আর নিয়মানুবর্তিতা, ইনডোর প্ল্যান্ট সতেজ রাখার মূল মন্ত্র কিন্তু এটুকুই। ঘরের চারদেওয়ালে বন্দী গাছগুলো আপনার সামান্য একটু যত্ন পেলেই ডালপালা মেলে হেসে উঠবে, গৃহকোণে ছড়িয়ে দেবে প্রশান্তিময় এক টুকরো প্রকৃতি। তাই আজ থেকেই এই সাধারণ টিপসগুলো মেনে গাছের যত্ন নেওয়া শুরু করুন; আপনার ভালোবাসার ছোঁয়ায় সবুজ হয়ে উঠুক আপনার প্রতিটি কোণ!
The post ইনডোর প্ল্যান্ট ভালো রাখার সহজ কৌশল first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





