ওয়েলকাম হোম ইভেন্টে কী চমক দেখালো অ্যাপল?

ওয়েলকাম হোম ইভেন্টে কী চমক দেখালো অ্যাপল?
১৪ অক্টোবর, ২০২৬ ০৯:৪৮  

স্মার্ট হোম প্রযুক্তির বাজারে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে নিউ ইয়র্কে আয়োজিত বিশেষ 'ওয়েলকাম হোম' ইভেন্টে একগুচ্ছ নতুন পণ্য উন্মোচন করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এর মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ ছিল দীর্ঘ প্রতীক্ষিত অ্যাপলের প্রথম ডেডিকেটেড স্মার্ট হোম হাব- 'হোমভিউ'। 

৭ ইঞ্চির কাত করা যায় এমন লিকুইড রেটিনা টাচ ডিসপ্লে এবং বেস স্পিকারের সমন্বয়ে গঠিত এই ডিভাইসটি টেবিল বা কাউন্টারে রাখার পাশাপাশি দেওয়ালেও স্থাপন করা যায়। শক্তিশালী এ১৮ চিপসেট এবং বিল্ট-ইন সিরি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এই হাবটি মুখাবয়ব চেনার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পরিবারের বিভিন্ন সদস্যকে আলাদা করে তাদের ব্যক্তিগত ক্যালেন্ডার ও নোটিফিকেশন প্রদর্শন করতে পারে। 

ডিভাইসটির দাম নির্ধারণ করা হয়েছে ২৯৯ মার্কিন ডলার এবং এটি আগামী ১৩ নভেম্বর থেকে বাজারে পাওয়া যাবে।

আপগ্রেড করা অ্যাপল টিভি ফোরকে ও হোমপড মিনি টু
নতুন ইভেন্টে আধুনিক ফিচারে সমৃদ্ধ নতুন প্রজন্মের 'অ্যাপল টিভি ফোরকে' এবং 'হোমপড মিনি টু' স্পিকারও প্রকাশ্যে এনেছে অ্যাপল। এ১৯ চিপসেট চালিত নতুন অ্যাপল টিভি ফোরকে ডিভাইসে হ্যান্ডস-ফ্রি সিরি এআই এবং চারটি পর্যন্ত হোমপড মিনি টু স্পিকার যুক্ত করে চমৎকার সারাউন্ড সাউন্ড উপভোগের সুবিধা রাখা হয়েছে। এর রিমোটে 'ফাইন্ড মাই' ও প্রিসিশন ফাইন্ডিং প্রযুক্তি যুক্ত থাকায় সহজে ডিভাইসটি খুঁজে পাওয়া সম্ভব। 

অন্যদিকে, এস১০ চিপসেটের 'হোমপড মিনি টু' স্পিকারটিতে নতুন রঙের বিকল্পের পাশাপাশি মিউজিকের ছন্দের সাথে আলো জ্বলার অভিনব 'সাউন্ড গ্লো' ফিচার যুক্ত করা হয়েছে। ১৪৯ ডলার মূল্যের এই স্পিকারটি চলতি মাসের ৩০ তারিখ থেকে বাজারে আসবে।

অ্যাপল হোম কালেকশন ও স্মার্ট ডিভাইস
স্মার্ট হোম ইকোসিস্টেমকে আরও বিস্তৃত ও শক্তিশালী করতে এলজি এবং স্নাইডারের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে 'অ্যাপল হোম কালেকশন' নামের নতুন একটি উদ্যোগ ঘোষণা করেছে অ্যাপল। 

এর আওতায় উচ্চমানের ইনডোর ও আউটডোর ক্যামেরা, ভিডিও ডোরবেল, স্মার্ট ডোরলক, থার্মোস্ট্যাট এবং তাপমাত্রা সেন্সর বাজারে আনা হচ্ছে। এই ডিভাইসগুলো থ্রেড প্রযুক্তির মাধ্যমে ওয়াই-ফাই সংযোগ বিচ্ছিন্ন থাকলেও নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রাখবে এবং আইক্লাউডের মাধ্যমে সর্বোচ্চ গোপনীয়তা নিশ্চিত করে ভিডিও সংরক্ষণ করবে। 

আধুনিক প্রযুক্তির এসব উন্নত পণ্যের মাধ্যমে ব্যবহারকারীদের দৈনন্দিন জীবন আরও সহজ ও সুরক্ষিত হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: এনগ্যাজেট