সফটওয়্যার টেস্টিংয়ে দশম স্থান
ওয়ার্ল্ডস্কিলসে বাংলাদেশের দুই সাফল্য
- সফটওয়্যার টেস্টিংয়ে বাংলাদেশ দশম স্থান অর্জন করেছে।
- মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টে বাংলাদেশ হয়েছে ১৫তম।
- মাশফি রেজোয়ান সৈকত পেয়েছেন বেস্ট অব নেশন স্বীকৃতি।
কম্পিউটার সফটওয়্যার টেস্টিং ও মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট—দুই প্রযুক্তিনির্ভর দক্ষতা পেশায় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। চীনের সাংহাইয়ে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত ওয়ার্ল্ডস্কিলস ইন্টারন্যাশনালের ৪৮তম ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতা, ‘ওয়ার্ল্ডস্কিলস সাংহাই ২০২৬’-এ সফটওয়্যার টেস্টিংয়ে বাংলাদেশ ১০ম এবং মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে ১৫তম স্থান অর্জন করেছে।
এবারের প্রতিযোগিতায় বিশ্বের ৬৮টি দেশের প্রায় ১ হাজার ৪০০ প্রতিযোগী ৬৪টি দক্ষতা পেশায় অংশগ্রহণ করেন।
এদিকে ওয়ার্ল্ডস্কিলস ইন্টারন্যাশনালের সাধারণ সভায় বিভিন্ন দেশের প্রতিযোগীদের পারফরম্যান্সের ভিত্তিতে সংশ্লিষ্ট দেশের ডেলিগেশন হেডের মাধ্যমে প্রাথমিকভাবে ‘বেস্ট অব নেশন’ প্রতিযোগী নির্বাচন করা হয়। পরবর্তীতে সাধারণ সভায় সদস্য দেশগুলোর ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিযোগীদের মধ্য থেকে বেস্ট অব নেশন স্বীকৃতির জন্য চূড়ান্ত নির্বাচন করা হয়।
এই প্রক্রিয়ায় বাংলাদেশের প্রতিযোগী মাশফি রেজোয়ান সৈকত চূড়ান্তভাবে বেস্ট অব নেশন স্বীকৃতির জন্য নির্বাচিত হন। কম্পিউটার সফটওয়্যার টেস্টিংয়ে অংশ নেওয়া সৈকতকে ওয়ার্ল্ডস্কিলস সাংহাই ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বেস্ট অব নেশন স্বীকৃতি দেওয়া হয়।
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ড. নাজনীন কাউসার চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল ওয়ার্ল্ডস্কিলস সাংহাই ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে অংশ নেয়।
প্রতিযোগিতাকে কেন্দ্র করে এনএসডিএর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল বিভিন্ন আন্তর্জাতিক অংশীদার ও দক্ষতা উন্নয়ন সংস্থার সঙ্গেও বৈঠক ও মতবিনিময় করে। এসব আলোচনায় বাংলাদেশের দক্ষতা উন্নয়ন ব্যবস্থা, আন্তর্জাতিক সহযোগিতা এবং ভবিষ্যতে ওয়ার্ল্ডস্কিলস জাপান ২০২৮-এ বাংলাদেশের অংশগ্রহণ আরও জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
//ডিবিটেক/এএফএনএসডিএ/এসএমই/এমআইএস//





