২০২৭ সালের মধ্যে ৫০টি বিদ্যালয়ে পৌঁছাবে মহাকাশবিজ্ঞান শিক্ষা

নাসার অ্যাস্ট্রো ক্যাম্পের পার্টনার স্পেস ইনোভেশন ক্যাম্প

  • যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অ্যাস্ট্রো ক্যাম্পের কমিউনিটি পার্টনার হিসেবে স্বীকৃতি অর্জন
  • রোভার নির্মাণ, রকেটবিজ্ঞান ও মঙ্গল অভিযানের মতো বিষয়গুলো হাতে-কলমে শিখবে শিক্ষার্থীরা
  • ২০১৯ সাল থেকে ৫০০টির বেশি কার্যক্রমে ১০ হাজারের অধিক শিক্ষার্থীকে যুক্ত করেছে প্রতিষ্ঠানটি

নাসার অ্যাস্ট্রো ক্যাম্পের পার্টনার স্পেস ইনোভেশন ক্যাম্প
১২ নভেম্বর, ২০২৬ ২২:৪৯  

বাংলাদেশের শিশু-কিশোরদের মহাকাশবিজ্ঞান, রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও গবেষণাভিত্তিক শিক্ষায় আগ্রহী করে তুলতে আন্তর্জাতিক মহাকাশ শিক্ষার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে স্পেস ইনোভেশন ক্যাম্প। ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার স্পেস ইনোভেশন ক্যাম্প সূত্রে প্রকাশ, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার (NASA) অ্যাস্ট্রো ক্যাম্প কর্মসূচির আওতায় প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে কমিউনিটি পার্টনার হিসেবে স্বীকৃতি অর্জন করেছে।

জানা গেছে, স্পেস ইনোভেশন ক্যাম্প ইতোমধ্যে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মহাকাশবিজ্ঞান, রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, রকেটবিজ্ঞান ও গবেষণাভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। নতুন এই স্বীকৃতিকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটি ২০২৭ সালের মধ্যে বাংলাদেশের অন্তত ৫০টি বিদ্যালয়ে অ্যাস্ট্রো ক্যাম্পভিত্তিক মহাকাশবিজ্ঞান শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করেছে। এসব কার্যক্রমে শিক্ষার্থীরা সৌরজগৎ, চাঁদ ও মঙ্গল গ্রহ, রকেটের কার্যপদ্ধতি, মহাকাশযান, মঙ্গল অভিযানের পরিকল্পনা, রোভার নির্মাণ এবং মহাকাশে মানুষের বসবাসের মতো বিষয়গুলো হাতে-কলমে শেখার সুযোগ পাবে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব প্রকল্প, দলগত কাজ, পরীক্ষা-নিরীক্ষা এবং সৃজনশীল সমস্যা সমাধানের মাধ্যমে ভবিষ্যতের বিজ্ঞানী ও উদ্ভাবক হিসেবে গড়ে তোলাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

এই অর্জন প্রসঙ্গে স্পেস ইনোভেশন ক্যাম্পের প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু জানান, নাসার অ্যাস্ট্রো ক্যাম্পের কমিউনিটি পার্টনার হিসেবে স্বীকৃতি পাওয়া অত্যন্ত গর্বের ও অনুপ্রেরণার। দীর্ঘদিন ধরে তারা বাংলাদেশের শিশু-কিশোরদের বিজ্ঞান, প্রযুক্তি ও মহাকাশ গবেষণায় আগ্রহী করে তুলতে কাজ করছেন। তাঁর বিশ্বাস, সঠিক শিক্ষা, পরিবেশ ও সুযোগ দেওয়া হলে বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চলের শিশুও একদিন বিশ্বসেরা বিজ্ঞানী, মহাকাশ প্রকৌশলী কিংবা গবেষক হতে পারে। তিনি আরও জানান, বাংলাদেশের প্রতিটি শিশু যাতে শুধু মহাকাশ নিয়ে স্বপ্ন না দেখে, বরং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য ছোটবেলা থেকেই বিজ্ঞানচর্চা, গবেষণা ও উদ্ভাবনের সঙ্গে যুক্ত হয়—সে লক্ষ্যেই এই অংশীদারত্ব নতুন সম্ভাবনা তৈরি করেছে। নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে বাংলাদেশের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার উদাহরণ টেনে তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে বাংলাদেশের আরও অসংখ্য শিশু-কিশোর আন্তর্জাতিক বিজ্ঞান ও মহাকাশ গবেষণায় নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখবে।

সূত্রমতে, বিশ্বের অন্যতম শীর্ষ মহাকাশ গবেষণা সংস্থা নাসা দীর্ঘদিন ধরে মহাকাশ অনুসন্ধান, বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনের পাশাপাশি নতুন প্রজন্মকে বিজ্ঞান শিক্ষায় উদ্বুদ্ধ করতে কাজ করছে। নাসার অ্যাস্ট্রো ক্যাম্প এমন একটি শিক্ষামূলক উদ্যোগ, যেখানে শিশু-কিশোররা হাতে-কলমে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মহাকাশবিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি এবং বৈজ্ঞানিক সমস্যা সমাধানের ধারণা অর্জন করতে পারে। এই কর্মসূচির কমিউনিটি পার্টনার হিসেবে স্বীকৃতি পাওয়ার মাধ্যমে স্পেস ইনোভেশন ক্যাম্প অ্যাস্ট্রো ক্যাম্পের শিক্ষামূলক কাঠামো, প্রশিক্ষণ ও প্রাসঙ্গিক শিক্ষা উপকরণ ব্যবহারের সুযোগ পাবে। এই স্বীকৃতি কেবল একটি প্রতিষ্ঠানের অর্জন নয়, বরং বাংলাদেশের শিশু-কিশোরদের আন্তর্জাতিক মহাকাশবিজ্ঞান শিক্ষার সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করার একটি সম্ভাবনাময় পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

২০১৯ সাল থেকে স্পেস ইনোভেশন ক্যাম্প বাংলাদেশের শিশু-কিশোরদের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক শিক্ষায় সম্পৃক্ত করতে কাজ করে আসছে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ৫০০টির বেশি শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে ১০ হাজারের বেশি শিক্ষার্থীকে বিজ্ঞান ও প্রযুক্তিচর্চায় যুক্ত করেছে, যেখানে অংশ নিয়েছেন পাঁচ শতাধিক মেন্টর এবং এক হাজারের বেশি স্বেচ্ছাসেবক। প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে অ্যাস্ট্রোনট ক্যাম্প, রকেট ক্যাম্প, রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা, কোডিং একাডেমি, মহাকাশবিজ্ঞান কর্মশালা, স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড এবং শিশুদের গবেষণাভিত্তিক বিভিন্ন প্রকল্প। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই স্বীকৃতি দেশের বিদ্যালয়গুলোতে হাতে-কলমে বিজ্ঞান শিক্ষার প্রসার, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং ছোটবেলা থেকেই বিজ্ঞানকে আনন্দময় ও বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখানোর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল, সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও উদ্ভাবনী চিন্তাশক্তি বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

 //ডিবিটেক/এএইচও/এসএমই/এফওপিটিই//