জনমিতিক লভ্যাংশে কারিগরি শিক্ষায় গুরুত্ব
- তরুণদের দক্ষ করে বিশ্বসম্পদে পরিণত করার আহ্বান মন্ত্রীর
- জনমিতিক লভ্যাংশ কাজে কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ
- তরুণদের উদ্যোক্তা করতে ৫০০ কোটি টাকার তহবিল রেখেছে সরকার
দক্ষতা, প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ ও কারিগরি শিক্ষার মাধ্যমে তরুণ জনগোষ্ঠীকে জনমিতিক লভ্যাংশে রূপান্তরের ওপর গুরুত্ব দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি। তিনি বলেছেন, তরুণদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে পারলে তারা শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের সম্পদে পরিণত হবে।
১২ আগস্ট, বুধবার রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে সেভ দ্য চিলড্রেন আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক যুব দিবসের অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গঠন করতে চায়। এটি শুধু একটি ধারণার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবে প্রতিষ্ঠা করতে সমাজের সব মানুষের অংশগ্রহণ প্রয়োজন।
জনমিতিক লভ্যাংশকে সঠিকভাবে কাজে লাগাতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান মন্ত্রী। একই সঙ্গে তরুণ-তরুণীদের উদ্যোক্তা হওয়ারও আহ্বান জানান তিনি।
অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তরুণ-তরুণীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিচ্ছে। যাদের ব্যবসা শুরু করার মতো আর্থিক সামর্থ্য নেই, তাদের সিড মানি দেওয়া হচ্ছে। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার বাজেটে ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিলও রেখেছে।
অনুষ্ঠানের আলোচকরা শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়ন এবং তরুণদের মধ্যে নেটওয়ার্কিং বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তারা তরুণদের শিক্ষার্থী, দক্ষ কর্মী, উদ্যোক্তা, নেতা, সিদ্ধান্ত গ্রহণকারী এবং পরিবর্তনের নেতৃত্বদানকারী হিসেবে নিজেদের ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত, এম্বাসি অব দ্য কিংডম অব নেদারল্যান্ডসের প্রথম সচিব জাওয়াদ আজাউই, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজাসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী, এনজিও, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/আরএইচ/এসএমই//





