আন্তর্জাতিক শিক্ষার সুযোগকে সুগম ও সাশ্রয়ী করতে বিশেষ পার্টনারশিপ
বিদেশে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের সহায়তায় স্কিটো-আইডিপির যৌথ উদ্যোগ
- বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতিতে স্কিটো গ্রাহকদের ফ্রি আইইএলটিএস মাস্টারক্লাস ও ছাড়
- আইডিপির ‘স্টাডি অ্যাব্রোড প্রিভিলেজ কার্ড’ ও আইইএলটিএস নিবন্ধনে ১,০০০ টাকা ডিসকাউন্ট
- জিপিহাউজে স্কিটো ও আইডিপি এডুকেশন বাংলাদেশ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর
ঢাকা, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর): এডটেক ইনোভেশন, গ্লোবাল এডুকেশন পাথওয়ে এবং আইইএলটিএস প্রিপারেশন ইকোসিস্টেম জোরদার করার লক্ষ্যে তরুণদের জন্য গ্রামীণফোনের ডিজিটাল-ফার্স্ট ব্র্যান্ড ‘স্কিটো’ এবং আইডিপি এডুকেশন বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের মধ্যে এক স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই যৌথ উদ্যোগের আওতায় বিদেশে পড়তে ইচ্ছুক বাংলাদেশী তরুণ ও শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক শিক্ষার পথকে আরও সুগম, সাশ্রয়ী ও সহজলভ্য করা হবে।
রাজধানীর জিপিহাউজে সম্প্রতি গ্রামীণফোনের হেড অব স্কিটো মোহাম্মদ সালাহউদ্দীন কবীর এবং আইডিপি এডুকেশন বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর বি এম মাহবুবুল আলম রাজীব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্কিটোর পার্টনারশিপ অ্যান্ড ইনোভেশন লিড সামান্তা আক্তার, হেড অব ব্র্যান্ড অ্যান্ড এনগেজমেন্ট নুজহাত জান্নাতুন নাঈম, হেড অব প্রোডাক্ট অ্যান্ড অ্যানালিটিক্স মো. রেজাউল করিম ও হেড অব সেলস অ্যান্ড কাস্টমার সার্ভিস মোহাম্মদ শোয়েব আনসার। অপরদিকে আইডিপি এডুকেশন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স ম্যানেজার মমিনুর রহমান মঈন।
এই পার্টনারশিপের আওতায় সব স্কিটো ব্যবহারকারী বিদেশে পড়তে যাওয়ার প্রস্তুতিতে বিশেষ কিছু আর্থিক ও প্রাতিষ্ঠানিক সুবিধা পাবেন। সুবিধাগুলোর মধ্যে রয়েছে—বিনামূল্যে আইইএলটিএস (IELTS) মাস্টারক্লাস সেশনে অংশগ্রহণের সুযোগ, আইডিপির বিশেষায়িত ‘স্টাডি অ্যাব্রোড প্রিভিলেজ কার্ড’ এবং দেশব্যাপী যেকোনো আইডিপি অফিসে আইইএলটিএস নিবন্ধনে ১,০০০ টাকা পর্যন্ত ছাড়।
প্রসঙ্গক্রমে গ্রামীণফোনের হেড অব স্কিটো মোহাম্মদ সালাহউদ্দীন কবীর বলেন, “বর্তমানে অনেক তরুণ ও পেশাজীবী নতুন কিছু শিখতে ও ভবিষ্যৎ গড়তে দেশের বাইরে যেতে আগ্রহী। স্কিটোতে আমাদের প্ল্যাটফর্ম ও পার্টনারশিপ কাজে লাগিয়ে তাদের সেই স্বপ্ন পূরণকে সহজলভ্য করতেই আইডিপির সাথে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”
আইডিপি এডুকেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর বি এম মাহবুবুল আলম রাজীব জানান, সঠিক দিকনির্দেশনা ও প্রস্তুতি থাকলে বাংলাদেশী শিক্ষার্থীরা আত্মবিশ্বাসের সাথে আন্তর্জাতিক শিক্ষার পথে এগিয়ে যেতে পারবে এবং এই পার্টনারশিপের মাধ্যমে তরুণরা সরাসরি মানসম্পন্ন আইইএলটিএস রিসোর্সের সুবিধা পাবে।
//ডিবিটেক/আইপিআর/এমআর/এসএমপি//





