প্রথমার্ধে বাজার হিস্যা ২১.৮ শতাংশ
স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং
- জানুয়ারি–জুনে বৈশ্বিক স্মার্টফোন সরবরাহে স্যামসাংয়ের হিস্যা ২১.৮ শতাংশ।
- ২০.৯ শতাংশ বাজার হিস্যা নিয়ে দ্বিতীয় অ্যাপল।
- দ্বিতীয় প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন সরবরাহ কমেছে ৭ শতাংশ।
২০২৬ সালের প্রথম ছয় মাসে বৈশ্বিক স্মার্টফোন সরবরাহে শীর্ষস্থান ধরে রেখেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। জানুয়ারি থেকে জুন পর্যন্ত বিশ্ববাজারে প্রতিষ্ঠানটির বাজার হিস্যা ছিল ২১ দশমিক ৮ শতাংশ। কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রকাশিত হালনাগাদ তথ্য অনুযায়ী, বৈশ্বিক স্মার্টফোন বাজারে প্রযুক্তি ও পণ্য ইকোসিস্টেমের শক্ত অবস্থানের পাশাপাশি স্যামসাংয়ের সরবরাহও বেড়েছে।
কাউন্টারপয়েন্ট রিসার্চের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের প্রথমার্ধে ২০ দশমিক ৯ শতাংশ বাজার হিস্যা নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাপল। এরপর শাওমির বাজার হিস্যা ১১ দশমিক ৪ শতাংশ, অপোর ১০ দশমিক ৩ শতাংশ এবং ভিভোর ৭ দশমিক ৬ শতাংশ।
তবে বছরের দ্বিতীয় প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন সরবরাহে চাপ দেখা গেছে। এপ্রিল থেকে জুন সময়ে আগের বছরের একই প্রান্তিকের তুলনায় বিশ্বব্যাপী স্মার্টফোন সরবরাহ ৭ শতাংশ কমেছে। যন্ত্রাংশের দাম বৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনীতির বিভিন্ন চাপ এ সময়ে বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর মধ্যেও স্যামসাংয়ের স্মার্টফোন সরবরাহ গত বছরের একই সময়ের তুলনায় ৯ শতাংশ বেড়েছে। কাউন্টারপয়েন্ট রিসার্চের মতে, অনুকূল মূল্য নির্ধারণ এবং বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান এ প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে।
প্রথমার্ধের এই সরবরাহ প্রবৃদ্ধির ফলে বৈশ্বিক স্মার্টফোন বাজারে স্যামসাংয়ের অবস্থান আরও শক্ত হয়েছে। উদ্ভাবনী মোবাইল প্রযুক্তি, বিভিন্ন ডিভাইসের সমন্বিত ইকোসিস্টেম এবং উচ্চক্ষমতাসম্পন্ন স্মার্টফোনের প্রতি গ্রাহকদের আগ্রহ প্রতিষ্ঠানটির বাজার সম্প্রসারণে ভূমিকা রাখছে।
বাংলাদেশসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারেও স্যামসাংয়ের স্মার্টফোনের ব্যবহার ও গ্রাহক আনুগত্য অব্যাহত রয়েছে। বছরের দ্বিতীয়ার্ধে গ্রাহকদের প্রয়োজন ও প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন প্রযুক্তি ও পণ্য বাজারে আনার ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।
//ডিবিটেক/এএইচসি/এসএমই/এমআইএসটি//





