অ্যাপে কলার আইডির গণ্ডি পেরিয়ে ওয়েবে ট্রুকলার

অ্যাপে কলার আইডির গণ্ডি পেরিয়ে ওয়েবে ট্রুকলার
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৫৪  
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫৫  

কলার আইডি সেবাদাতা আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘ট্রুকলার’ তাদের নিরাপত্তাব্যবস্থাকে কেবল মুঠোফোন অ্যাপের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে সরাসরি ওপেন ওয়েবে সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। মেসেজিং ও ওয়েবলিঙ্কের মাধ্যমে ছড়িয়ে পড়া সাইবার জালিয়াতি ঠেকাতে তারা চালু করেছে ‘স্ক্যাম চেকার’ নামের একটি নতুন ওয়েব ও অ্যান্ড্রয়েড সেবা। 

এই ফিচারের বিশেষত্ব হলো- যেকোনো সাধারণ ব্যবহারকারী কোনো অ্যাপ ইনস্টল বা সাইন-ইন করা ছাড়াই সন্দেহজনক ফোন নম্বর, বার্তা কিংবা ওয়েবসাইটের লিঙ্ক এতে প্রবেশ করিয়ে সত্যতা যাচাই করতে পারবেন। 

বিনামূল্যে ব্যবহারযোগ্য এই সুবিধাটি প্রাথমিকভাবে ভারতের বাজারে উন্মোচিত হলেও শিগগিরই লাতিন আমেরিকা, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় চালু করা হবে।

কার্যপ্রণালী ও জালিয়াতি শনাক্তকরণ প্রযুক্তি
ভয়েস কলের গণ্ডি পেরিয়ে স্ক্যামাররা এখন হোয়াটসঅ্যাপ ও খুদে বার্তার মাধ্যমে ভুয়া ওয়েবসাইট লিঙ্ক পাঠিয়ে ফাঁদ তৈরি করছে। 

ট্রুকলারের সিইও ঋষিত ঝুনঝুনওয়ালা জানান, মানুষ যখন কোনো সন্দেহজনক বার্তার মুখোমুখি হয়, তখন শুরুতেই তা ওয়েবে অনুসন্ধান করে। নতুন এই সেবায় লিঙ্ক দিলে তা রিডাইরেক্ট বিশ্লেষণ করে নিজস্ব ডাটাবেজ এবং ট্রুকলারের কমিউনিটি ভিত্তিক ‘স্ক্যামফিড’-এর তথ্যের সঙ্গে মিলিয়ে সতর্কতা প্রদর্শন করে। 

প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী, কেবল ভারতেই প্রতি সপ্তাহে ট্রুকলার কমিউনিটিতে ১৩ শর বেশি নতুন জালিয়াতির তথ্য যুক্ত হচ্ছে।

ব্যবসায়িক চাপ ও নতুন কৌশল
মূলত বৃহত্তম বাজার ভারতে ব্যবসায়িক প্রতিযোগিতা ও নীতিগত চাপের মুখেই কলার আইডির বাইরে নিজেদের প্রযুক্তিকে নতুন রূপ দিচ্ছে সুইডিশ প্রতিষ্ঠানটি। 

ভারতে ৩৫ কোটির বেশি ব্যবহারকারী থাকা সত্ত্বেও গুগল ও অ্যাপলের নিজস্ব স্প্যাম ফিল্টার এবং ভারত সরকারের নতুন নাম-প্রদর্শন ব্যবস্থা (সিএনএপি) চালুর ফলে মূল ব্যবসায় চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। 

এ ছাড়া স্প্যাম রিপোর্ট টেলিকম অপারেটরদের সঙ্গে ভাগাভাগি করার সরকারি নির্দেশনার কারণে কলার আইডির ওপর নির্ভরতা কমিয়ে সামগ্রিক জালিয়াতি নিরোধক সেবা হিসেবে নিজেদের পুনর্গঠন করতে চাইছে ট্রুকলার।

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: টেকক্রাঞ্চ