ট্রাম্পের সঙ্গে নৈশভোজে অ্যানথ্রপিকের সিইও

ট্রাম্পের সঙ্গে নৈশভোজে অ্যানথ্রপিকের সিইও
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৫৫  

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণাকারী শীর্ষ মার্কিন প্রতিষ্ঠান 'অ্যানথ্রপিক'-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারিও আমোদেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে হোয়াইট হাউসে এক বিশেষ নৈশভোজে অংশ নিতে যাচ্ছেন। বিশ্বস্ত সূত্রের বরাতে প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ নিশ্চিত করেছে, এটিই ট্রাম্প ও আমোদেইর মধ্যে প্রথম সরাসরি একান্ত বৈঠক। 

সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নিরাপত্তা, বিস্তার ও সরকারি নিয়ন্ত্রণ নিয়ে উভয়ের মধ্য তৈরি হওয়া নীতিগত মতপার্থক্য ও রাজনৈতিক টানাপোড়েনের আবহে এই বৈঠকের আয়োজন বিশেষ গুরুত্ব বহন করছে।

এআই নিয়ন্ত্রণ ও পেন্টাগন বিতর্ক
বৈঠকের মূল উপজীব্য এআই প্রযুক্তির সুরক্ষা ও নীতিমালা। প্রযুক্তি খাতের ঝুঁকি এড়াতে অ্যানথ্রপিক প্রধান এআই উন্নয়নের গতি কিছুটা ধীর রাখা এবং কড়া নিরাপত্তামূলক শর্ত যুক্ত করার পক্ষে সোচ্চার। 

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যেকোনো বিধিনিষেধের স্পষ্ট বিরোধী এবং তিনি প্রযুক্তিটির নতুন নাম দিয়েছেন ‘সুপার ইন্টেলিজেন্স’। এর আগে অ্যানথ্রপিক তাদের প্রযুক্তির সামরিক অপব্যবহার রোধে সুরক্ষামূলক ব্যবস্থা (‘গার্ডরেল’) যুক্ত করায় মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন তাদের সরবরাহ শৃঙ্খলের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্ত করেছিল, যা নিয়ে বর্তমানে আদালতে আইনি লড়াই চলছে।

ভবিষ্যৎ প্রযুক্তিনীতির ওপর প্রভাব
প্রশাসন ও নীতি নির্ধারণী পর্যায়ে এমন বৈরী সম্পর্কের পাশাপাশি স্যাটারডে নাইট লাইভ (এসএনএল)-এর মতো মার্কিন বিনোদন জগতেও সাম্প্রতিক সময়ে ট্রাম্প-আমোদেই দ্বৈরথ বেশ আলোচিত হয়েছে। তবে এই জটিল সম্পর্কের মধ্যেও ট্রাম্প প্রশাসনের কিছু প্রভাবশালী কর্মকর্তা প্রযুক্তি খাতের বাণিজ্যিক স্বার্থে অ্যানথ্রপিকের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী। 

সিলিকন ভ্যালি ও ওয়াশিংটনের মধ্যকার এই হাই-প্রোফাইল নৈশভোজ আগামী দিনের এআই উন্নয়ন, বাণিজ্যিক স্বাধীনতা ও মার্কিন প্রশাসনিক সিদ্ধান্তের ওপর সুদূরপ্রসারী প্রভাব ফেলবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা।

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: টেকক্রাঞ্চ