এআইকে প্রাধান্য দিয়ে অ্যান্ড্রয়েডে বদলে যাচ্ছে হোয়াটসঅ্যাপ

এআইকে প্রাধান্য দিয়ে অ্যান্ড্রয়েডে বদলে যাচ্ছে হোয়াটসঅ্যাপ
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:০৩  

মেটা-মালিকানাধীন জনপ্রিয় বার্তা আদান-প্রদানকারী প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অ্যান্ড্রয়েড অ্যাপের লেআউট বা নকশায় নতুন পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। অ্যাপটিকে আরও ব্যবহারবান্ধব ও দৃষ্টিনন্দন করতেই এই দৃশ্যমান পরিবর্তন আনা হচ্ছে। 

নতুন নকশার মূল লক্ষ্য হলো অ্যাপের নিচের ‘নেভিগেশন বার’। অ্যাপ পর্যবেক্ষণকারী প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে দেখা গেছে, এবার মেটা তাদের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচার ‘মেটা এআই’-কে সরাসরি নেভিগেশন বারের স্থায়ী একটি অপশন হিসেবে যুক্ত করতে যাচ্ছে। 

ইতিপূর্বে বার্তা পাঠানোর বোতামের ঠিক ওপরে ভাসমান আইকন হিসেবে মেটা এআই দৃশ্যমান থাকলেও, নতুন নকশায় তা প্রধান মেনুর অন্তর্ভুক্ত হচ্ছে।

নকশার আধুনিকায়ন ও পরিবর্তন
প্রযুক্তিগত পরিবর্তনের অংশ হিসেবে অ্যান্ড্রয়েডের নতুন নেভিগেশন বারটিকে কিছুটা ডিম্বাকৃতি এবং অর্ধ-স্বচ্ছ রূপ দেওয়া হচ্ছে। নতুন এই লেআউটটি আইফোনের আইওএস অপারেটিং সিস্টেমের মেসেজিং বারের সঙ্গে বেশ সাদৃশ্যপূর্ণ। 

তবে ডিজাইনে আইওএসের মতো সম্পূর্ণ স্বচ্ছতা না এনে কিছুটা ভারসাম্য বজায় রাখা হয়েছে, যাতে ব্যবহারকারীর দৃষ্টিবিভ্রম না ঘটে। অন্যান্য ফিচারের মতো সাধারণ মোডের পাশাপাশি ডার্ক মোডেও নতুন এই ডিজাইনের সুবিধা পাবেন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা।

বেটা পরীক্ষা ও উন্মোচন পরিকল্পনা
হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েডের পরীক্ষামূলক বেটা সংস্করণ (ভার্সন ২.২৬.৩৮.১০)-এ নকশার এই পরিবর্তনটি প্রথম লক্ষ্য করা গেছে। বর্তমানে বেটা প্রোগামে যুক্ত নির্দিষ্ট কিছু ব্যবহারকারী নতুন এই ইন্টারফেসের ট্রায়াল ব্যবহারের সুযোগ পাচ্ছেন। 

গুগল প্লে স্টোরে সাধারণ ব্যবহারকারীদের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মোচনের আগে ফিচারটির যাবতীয় খুঁটিনাটি চূড়ান্ত করতে মেটা কর্তৃপক্ষের আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: জিএসএম এরিনা