ফেসবুক গ্রুপে ব্যাপক ব্যানের অভিযোগ নিয়ে কাজ করছে মেটা

ফেসবুক গ্রুপে ব্যাপক ব্যানের অভিযোগ নিয়ে কাজ করছে মেটা
২৫ জুন, ২০২৫ ১৫:৩৪  
২৫ জুন, ২০২৫ ১৩:৩৪  

ফেসবুক ও ইনস্টাগ্রামে একাধিক ব্যবহারকারীকে একযোগে ব্যান করার পর এবার ফেসবুক গ্রুপ অ্যাডমিনরা ব্যাপক ব্যান নিয়ে অভিযোগ তুলেছেন। খবর টেকক্রাঞ্চ।

ব্যবহারকারীদের মতে, যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে হাজার হাজার গ্রুপ এই সমস্যার শিকার হয়েছে — যেগুলোর মধ্যে রয়েছে সেভিংস টিপস, প্যারেন্টিং, পোষা প্রাণী, গেমিং, পোকেমন ও ইন্টেরিয়র ডিজাইন সম্পর্কিত নিরীহ গ্রুপও।

অনেক গ্রুপ "সন্ত্রাসবাদ সংক্রান্ত" বা "নগ্নতা" সম্পর্কিত বিষয়বস্তু শেয়ার করার অভিযোগে ব্যান হয়েছে, যদিও অ্যাডমিনদের দাবি, তাদের গ্রুপে এমন কিছু ছিল না।

মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন বিষয়টি স্বীকার করে বলেছেন, এটি একটি কারিগরি ত্রুটি এবং তা ঠিক করার কাজ চলছে।

কিছু পেইড ‘মেটা ভেরিফায়েড’ অ্যাডমিন সহায়তা পেলেও অধিকাংশই কোনো সাহায্য পাচ্ছেন না। অনেকেই এখন আপিল না করে কিছুদিন অপেক্ষার পরামর্শ দিচ্ছেন, আশা করছেন মেটা নিজেই সমস্যা সমাধান করবে।

এই সমস্যা শুধু মেটার নয় — পিন্টারেস্ট ও টাম্বলর-এও সম্প্রতি একই ধরনের অভিযোগ উঠেছে, যেখানে এআই-ভিত্তিক অটোমেটেড মডারেশনকে দায়ী করা হচ্ছে।

ডিবিটেক/বিএমটি