হামলার পথ শনাক্ত করবে

সফোসের নতুন ইপিভি সুবিধা

  • দুর্বলতা থেকে সম্ভাব্য হামলার পথ শনাক্ত করবে ইপিভি
  • জিপিটি সাইবার মডেল ব্যবহার করে তৈরি হবে সুবিধাটি
  • ঝুঁকি চিহ্নিত করে সমাধানের নির্দেশনাও দেবে

সফোসের নতুন ইপিভি সুবিধা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:০৮  

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস নতুন এক্সপ্লয়েট পাথ ভেরিফিকেশন (ইপিভি) সুবিধা ঘোষণা করেছে। কোনো নির্দিষ্ট দুর্বলতা ব্যবহার করে হামলাকারীরা কী ধরনের আক্রমণ চালাতে পারে এবং সেই হামলার পথ বাস্তবে কতটা কার্যকর—তা শনাক্ত করতে সহায়তা করবে এই সুবিধা। ভবিষ্যতে এটি সফোসের ম্যানেজড রিস্ক পরিষেবার সঙ্গে যুক্ত করা হবে।

ওপেনএআইয়ের জিপিটি সাইবার মডেল ব্যবহার করে ডেব্রেক ডিফেন্স নেটওয়ার্কের মাধ্যমে ইপিভি তৈরি করা হবে। এর মাধ্যমে সাইবার নিরাপত্তাকর্মীরা নির্ভরযোগ্য ঝুঁকি-তথ্য পাবেন এবং গুরুত্বপূর্ণ দুর্বলতাগুলো আগে শনাক্ত করে সমাধানের উদ্যোগ নিতে পারবেন।

সফোসের মতে, নিরাপত্তা বিশেষজ্ঞরা প্রতিদিন হাজার হাজার দুর্বলতা শনাক্ত করেন। তবে সব দুর্বলতার ঝুঁকি সমান নয়। শুধু গুরুত্বের মাত্রার স্কোর দেখে কোনো দুর্বলতা বাস্তবে হামলাকারীর কাজে লাগার মতো কি না, তা সবসময় বোঝা যায় না। আবার একাধিক তুলনামূলক ছোট দুর্বলতা একসঙ্গে বড় ধরনের হামলার সুযোগ তৈরি করতে পারে।

এ কারণে শুধু দুর্বলতার স্কোরের ওপর নির্ভর না করে, বাস্তবে কোন দুর্বলতার মাধ্যমে হামলাকারী একটি সিস্টেমে প্রবেশ করতে পারে, তা শনাক্ত করাই ইপিভির মূল লক্ষ্য।

এই সুবিধা সিস্টেমের হালনাগাদ অবস্থা, বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থা, নেটওয়ার্কে প্রবেশের সুযোগ, ব্যবহারকারীর অনুমতি এবং পরিচিত সাইবার হামলার তথ্য বিশ্লেষণ করে ঝুঁকি নির্ধারণ করবে। কোনো দুর্বলতা আক্রমণে ব্যবহার করা সম্ভব কি না, বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থা সেটি ঠেকাতে পারছে কি না এবং হামলাকারীর পক্ষে ওই দুর্বলতায় পৌঁছানো সম্ভব কি না—এসব বিষয়ও যাচাই করবে ইপিভি।

কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো পর্যাপ্ত তথ্য না থাকলে সেটিও জানাবে এই সুবিধা। অর্থাৎ, শুধু সম্ভাব্য হামলার পথ শনাক্ত করাই নয়, ঝুঁকি বিশ্লেষণের ক্ষেত্রে তথ্যের সীমাবদ্ধতাও তুলে ধরবে।

ইপিভি এমন সম্ভাব্য পথ খুঁজে বের করবে, যেগুলো ব্যবহার করে হামলাকারী সিস্টেমে প্রবেশ করতে পারে। পাশাপাশি বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থা পুরো হামলার পথ ঠেকাতে সক্ষম কি না, সেটিও বিশ্লেষণ করবে। সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশনাও দেবে।

ইপিভি থেকে পাওয়া ফলাফল পরামর্শ হিসেবে উপস্থাপন করা হবে। প্রতিটি ফলাফল কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করেছে- এ বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ থাকবে। একই সঙ্গে কোন তথ্যের ভিত্তিতে ওই সিদ্ধান্ত বা পরামর্শ দেওয়া হয়েছে, সেটিও দেখা যাবে।

//ডিবিটেক/এসজিএ/এসএমই/এমআইএস//