দক্ষ জনবল গড়ে তুলতে ‘সিএসএল ক্লাসরুম’ চালু করেছে ইএসএল
তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে ‘সিএসএল ক্লাসরুম’ নামে প্রশিক্ষণ ল্যাব চালু করেছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড (ইএসএল)। একই অনুষ্ঠানে সিসকোর ‘পার্টনার অব দ্য ইয়ার এফওয়াই২৫-বাংলাদেশ’ সম্মাননা অর্জনের বিষয়টিও উদযাপন করে প্রতিষ্ঠানটি।
দেশের তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনবল তৈরির লক্ষ্য নিয়ে করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে ‘সিএসএল ক্লাসরুম’ নামে একটি আধুনিক প্রশিক্ষণ ল্যাব চালু করেছে দেশের শীর্ষ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড (ইএসএল)। এ ল্যাবে প্রতি ব্যাচে ২৪ জন শিক্ষার্থীকে আধুনিক নেটওয়ার্কিং ও প্রযুক্তি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
রাজধানীর গুলশানের একটি হোটেলে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ। তিনি বলেন, শিল্পখাতের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আব্দুল ফাত্তাহ বলেন, দেশে প্রযুক্তি খাতে দক্ষ জনবলের তীব্র সংকট রয়েছে। ইএসএল থেকে প্রশিক্ষণপ্রাপ্ত অনেক প্রকৌশলী বর্তমানে বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানে কাজ করছেন। বিশেষ করে প্রি-সেলস ও পোস্ট-সেলস পর্যায়ে দক্ষ জনবলের ঘাটতি দিন দিন বাড়ছে। তাই স্থানীয় পর্যায়ে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সিসকোর আরও বিনিয়োগ ও কার্যকর উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে ইএসএলে আড়াই শতাধিক সিসকো-সনদপ্রাপ্ত প্রকৌশলী ও প্রযুক্তি বিশেষজ্ঞ কর্মরত রয়েছেন। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে এক হাজারের বেশি কৌশলগত ও গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করেছে এবং পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে সেবা দিচ্ছে। এর গ্রাহকদের মধ্যে রয়েছে সরকারি সংস্থা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, টেলিযোগাযোগ, উৎপাদনশিল্প, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান।
একই অনুষ্ঠানে ‘সিসকো পার্টনার অব দ্য ইয়ার এফওয়াই২৫–বাংলাদেশ’ সম্মাননা অর্জনের বিষয়টি উদযাপন করে ইএসএল। গত ৬ জুলাই ‘সিসকো ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া পার্টনার কনফ্লুয়েন্স ২০২৬’-এ প্রতিষ্ঠানটিকে এ স্বীকৃতি দেওয়া হয়।
অনুষ্ঠিতে বক্তারা জানান, ২০১২ সালে সিসকোর সঙ্গে যাত্রা শুরুর পর গত দেড় দশকে ইএসএল বাংলাদেশে সিসকোর অন্যতম নির্ভরযোগ্য অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য উন্নত নেটওয়ার্কিং, সাইবার নিরাপত্তা, কোলাবোরেশন, ডেটা সেন্টার এবং ক্লাউডভিত্তিক প্রযুক্তি সমাধান বাস্তবায়ন করে আসছে প্রতিষ্ঠানটি।
সিসকো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আতিকুর রহমান বলেন, ‘গো বিগ, গো বোল্ড’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর আগেই ইএসএল সিসকোর প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছিল। অংশীদারদের দক্ষতা ও আস্থার কারণেই বাংলাদেশে সিসকোর প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে ইএসএল সিসকোর নেটওয়ার্কিং, সিকিউরিটি ও কোলাবোরেশন পোর্টফোলিওতে ‘প্রেফার্ড পার্টনার’ স্বীকৃতি অর্জন করেছে। এটি প্রতিষ্ঠানটির প্রযুক্তিগত দক্ষতা, সেবার মান এবং আন্তর্জাতিক মানসম্পন্ন প্রযুক্তি সমাধান দেওয়ার সক্ষমতার স্বীকৃতি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্সপ্রেস সিস্টেমস লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলম বীর হোসেন, সিসকো ইন্ডিয়া ও সার্ক অঞ্চলের পার্টনার সেলস-চ্যানেল সেলস লিডার আনোয়ার হালিম, চ্যানেল পার্টনার টেকনিক্যালের রিজিওনাল ম্যানেজার মুরালি মোহন এবং চ্যানেল ডিস্ট্রিবিউশনের রিজিওনাল ম্যানেজার নাভনীত রাধাকৃষ্ণান।
//ডিবিটেক/এজি/ইকে//global





