বাংলাদেশে ২৫ কোটি ডলার দেবে ভিওন, বাকি ৭৫ কোটি আন্তর্জাতিক অংশীদারদের মাধ্যমে

ভিওনের ১০০ কোটি ডলারের ডিজিটাল বিনিয়োগ উদ্যোগ

  • বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে ১০০ কোটি ডলারের এফডিআই আনার লক্ষ্য নিয়েছে ভিওন ও বাংলালিংক।.
  • ভিওন বাংলাদেশে প্রাথমিকভাবে ২৫ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।
  • নিউইয়র্কে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে প্রযুক্তি খাতে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরা হয়েছে।

ভিওনের ১০০ কোটি ডলারের ডিজিটাল বিনিয়োগ উদ্যোগ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:২৬  

বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে ১০০ কোটি মার্কিন ডলারের সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনার উদ্যোগের অংশ হিসেবে নিউইয়র্কে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করেছে বৈশ্বিক ডিজিটাল অপারেটর ভিওন ও তাদের বাংলাদেশি অঙ্গপ্রতিষ্ঠান বাংলালিংক। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে বৃহস্পতিবার সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

‘ইনভেস্ট ইন বাংলাদেশ নাউ!’ উদ্যোগের আওতায় এটি ছিল প্রথম আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। এতে বৈশ্বিক বিনিয়োগকারী, উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান এবং বাংলাদেশ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন। বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনা নিয়ে সম্মেলনে আলোচনা হয়।

চলতি বছরের শুরুতে বাংলাদেশ সরকারের সঙ্গে প্রস্তাবিত সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে ‘ইনভেস্ট ইন বাংলাদেশ নাউ!’ উদ্যোগটি শুরু করে ভিওন। এর আওতায় বাংলাদেশে প্রাথমিকভাবে ২৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারদের যুক্ত করে দেশের ডিজিটাল অর্থনীতিতে মোট ১০০ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ আনার লক্ষ্য নেওয়া হয়েছে।

নিউইয়র্কের সম্মেলনে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা আন্তর্জাতিক বিনিয়োগকারী ও উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠানগুলোর সামনে তুলে ধরা হয়। এতে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসাদ এবং বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনিসহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন।

এছাড়া সংযুক্ত আরব আমিরাত সরকারের জ্যেষ্ঠ প্রতিনিধি, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতিনিধি এবং ব্ল্যাকরক, রথসচাইল্ড, আন্তর্জাতিক অর্থায়ন সংস্থা (আইএফসি) ও বিশ্বব্যাংকের প্রতিনিধিরাও সম্মেলনে উপস্থিত ছিলেন।

ভিওন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কান তেরজিওগ্লো বলেন, বাংলাদেশের ডিজিটাল রূপান্তর দীর্ঘমেয়াদি বিনিয়োগের নতুন সুযোগ তৈরি করেছে। এ সুযোগ কাজে লাগাতে ভিওন ২৫ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে ১০০ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ আনতে আন্তর্জাতিক অংশীদারদের যুক্ত করা হচ্ছে।

ভিওনের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা অগি কে ফাবেলা বলেন, যেসব দেশের ডিজিটাল সম্ভাবনা এখনো বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছে পুরোপুরি তুলে ধরা হয়নি, সেসব দেশে বিনিয়োগের সুযোগ খুঁজছে ভিওন।

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান বুসে বলেন, ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠানে রূপান্তরের ক্ষেত্রে নিউইয়র্কের এই আয়োজন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বিশ্বের শীর্ষস্থানীয় বিনিয়োগকারী ও উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠানগুলোর সামনে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরার মাধ্যমে ভবিষ্যতে ডিজিটাল খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুযোগ তৈরি হবে বলে আশা করেন তিনি।

ভিওন ও বাংলালিংকের এই উদ্যোগে প্রতিষ্ঠানটির বাংলাদেশে ২৫ কোটি ডলারের বিনিয়োগ পরিকল্পনার পাশাপাশি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মাধ্যমে দেশের ডিজিটাল অর্থনীতিতে আরও ৭৫ কোটি ডলার বিনিয়োগ আনার লক্ষ্য রয়েছে।

//ডিবিটেক/ বিএলপি/ এসএমই/এমআইটি//