চার লাখ টাকার সামগ্রী অক্ষত ফেরালেন আনসার সদস্যরা

বিমানবন্দরে হারানো দুই ল্যাপটপ-পাসপোর্ট উদ্ধার

  • শাহজালাল বিমানবন্দরে ট্রলির ওপর পড়ে থাকা ব্যাগ থেকে দুটি ল্যাপটপ, পাসপোর্ট ও গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
  • পাসপোর্টের তথ্য যাচাই করে চীন থেকে আসা যাত্রী রাকিবুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে তাঁকে খুঁজে বের করা হয়।
  • প্রায় চার লাখ টাকা মূল্যের সামগ্রী যাচাই শেষে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছেন আনসার সদস্যরা।

বিমানবন্দরে হারানো দুই ল্যাপটপ-পাসপোর্ট উদ্ধার
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৫৬  

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর হারানো দুটি ল্যাপটপ, পাসপোর্ট ও গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছেন আনসার সদস্যরা।

আনসার বাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল সোয়া ৭টার দিকে বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় দায়িত্ব পালনকালে আনসার সদস্যরা একটি ট্রলির ওপর একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগটি নিজেদের হেফাজতে নিয়ে তল্লাশি করে তাঁরা দুটি ল্যাপটপ, একটি পাসপোর্ট ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পান।

পাসপোর্টের তথ্য যাচাই করে জানা যায়, ব্যাগটি চীন থেকে বিজি-৩৬৭ ফ্লাইটে আসা যাত্রী মো. রাকিবুল ইসলামের।

বিষয়টি শিফট ইনচার্জ পিসি মো. নিজাম উদ্দিনকে জানানো হলে তিনি মাইকিংসহ বিভিন্ন মাধ্যমে ব্যাগের মালিককে খুঁজে বের করার উদ্যোগ নেন। পাশাপাশি পাসপোর্টে থাকা তথ্যের ভিত্তিতে মোবাইল ফোনে রাকিবুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হয়।

খবর পেয়ে রাকিবুল ইসলাম বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় উপস্থিত হন। পরে তাঁকে ডিউটি সিকিউরিটি অফিসারের (ডিএসও) কার্যালয়ে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় কাগজপত্র ও পরিচয় যাচাই শেষে তাঁকে উদ্ধারকৃত সামগ্রীর প্রকৃত মালিক হিসেবে নিশ্চিত করা হয়।

পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আনুমানিক চার লাখ টাকা মূল্যের দুটি ল্যাপটপ, পাসপোর্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র যথাযথ প্রক্রিয়ায় রাকিবুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।

ব্যাগ হারিয়ে মূল্যবান ল্যাপটপ, পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দুশ্চিন্তায় ছিলেন রাকিবুল ইসলাম। সামগ্রীগুলো অক্ষত অবস্থায় ফিরে পেয়ে তিনি আনসার সদস্যদের সততা, মানবিকতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা জানান।

//ডিবিটেক/বিটিএন/ এসএমই/এমআইএসটি//