অফিস ও কোডিং সুবিধাসহ ‘কোপাইলট’ অ্যাপের বড় সংস্কার
প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সহকারী অ্যাপ্লিকেশন ‘কোপাইলট’ -এ ব্যাপক সংস্কারের ঘোষণা দিয়েছে। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে এআই ফিচারের আধিক্য কিছুটা কমানোর পর এবার মূল কোপাইলট অ্যাপটিকে সাধারণ গ্রাহক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর দাপ্তরিক কাজের আরও উপযোগী করে ঢেলে সাজানো হচ্ছে।
নতুন সংস্করণে মাইক্রোসফট অফিস অ্যাপগুলোর সরাসরি সংযোগের পাশাপাশি একটি ট্যাবভিত্তিক ইন্টারফেস যুক্ত করা হয়েছে।
এর ‘হোম’ ট্যাবে সাধারণ কথোপকথনের মাধ্যমে তথ্যের উত্তর পাওয়ার পাশাপাশি জটিল কাজের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে কোপাইলটের উন্নত মোডে বার্তা স্থানান্তরের সুবিধা রাখা হয়েছে, যা ডাটা বিশ্লেষণ ও প্রেজেন্টেশন তৈরির গতি বহুলাংশে বাড়িয়ে দেবে।
প্রোগ্রামিং ছাড়া কোডিং ও ‘কোড’ ট্যাব
কোনো প্রকার কোডিং বা প্রোগ্রামিং দক্ষতা ছাড়াই সাধারণ ভাষার প্রম্পট বা নির্দেশে ডিজিটাল টুল তৈরির সুবিধা এনেছে কোপাইলটের নতুন ‘কোড’ ট্যাব। এর মাধ্যমে ব্যবহারকারীরা কেবল বর্ণনামূলক বাক্য লিখেই প্রয়োজনীয় অ্যাপ, ডাটা ম্যানেজমেন্ট ড্যাশবোর্ড বা ডেস্কটপ উইজেট স্বয়ংক্রিয়ভাবে তৈরি করে নিতে পারবেন।
মাইক্রোসফটের ওয়ার্কপ্লেস এআই প্রধান জ্যারেড স্পাটারো জানান, সাধারণ ব্যবহারকারীর চাহিদাকে বিশ্লেষণ করে কোপাইলট নিজেই সম্ভাব্য সেরা উপায়ে কোড সাজিয়ে কাঙ্ক্ষিত প্রযুক্তি টুল গড়ে তুলবে।
‘অটোপাইলট’ ফিচার ও স্বয়ংক্রিয় কাজের দক্ষতা
সবচেয়ে বড় পরিবর্তন আনা হয়েছে অ্যাপটির ‘অটোপাইলট’ ট্যাবে, যা স্বাধীনভাবে কাজ করতে সক্ষম ‘এআই এজেন্ট’ হিসেবে কাজ করবে।
মানুষের সরাসরি হস্তক্ষেপ ছাড়াই কোপাইলট এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে ইমেইল থ্রেডের উত্তর দেওয়া, বাণিজ্যিক মিটিংয়ের সময়সূচি নির্ধারণ, দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা এবং অংশীদারদের সঙ্গে প্রয়োজনীয় ফলো-আপ সম্পন্ন করতে পারবে।
এআই প্রযুক্তির ব্যবহারকে কেবল চ্যাটবটের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রতিদিনের কর্মপ্রবাহে গতি আনতেই মাইক্রোসফটের এই নতুন সংযোজন।
ডিবিটেক/বিএমটি । সূত্র: এনগ্যাজেট





