সোশ্যাল মিডিয়ায় আসক্তি: ১০ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে টিকটক
কিশোর-কিশোরী ও শিশুদের মধ্যে ক্ষতিকর আসক্তি তৈরির অভিযোগে যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যের দায়ের করা মামলা নিষ্পত্তিতে অন্তত ১০ কোটি মার্কিন ডলার পরিশোধ করতে সম্মত হয়েছে টিকটক।
অ্যাপটির চীনা মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সের বিরুদ্ধে গত বছর মামলাটি করা হয়েছিল।
আগামী সপ্তাহে আদালতে মামলাটির বিচারকাজ শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই এই সমঝোতায় পৌঁছাল প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি সংক্রান্ত মামলায় টিকটকের এটাই প্রথম সমঝোতা চুক্তি।
সুরক্ষামূলক নতুন ফিচার ও বাধ্যবাধকতা
জরিমানার অর্থ প্রদানের পাশাপাশি কম বয়সী ব্যবহারকারীদের সুরক্ষায় অ্যাপটিতে বেশ কিছু কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা নেবে টিকটক। নতুন নিয়মে অপ্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক সর্বোচ্চ দুই ঘণ্টার স্ক্রিন টাইম সীমা নির্ধারিত থাকবে, যা অভিভাবকেরা চাইলে আরও কমিয়ে দিতে পারবেন।
এ ছাড়া গভীর রাতে অ্যাপ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা, সীমাহীন স্ক্রলিং বন্ধ করা এবং কম বয়সীদের ক্ষেত্রে বিউটি ফিল্টার বা কৃত্রিম সৌন্দর্যবর্ধক ফিচার সম্পূর্ণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেই সঙ্গে ছোটদের জন্য অ্যালগরিদম-নির্ভর ব্যক্তিগত সুপারিশভিত্তিক কনটেন্ট ফিডও বন্ধ রাখা হবে। চুক্তি অনুযায়ী এসব পরিবর্তন বাস্তবায়নে ব্যর্থ হলে টিকটককে আরও ৩০ কোটি ডলার জরিমানা গুনতে হতে পারে।
সামগ্রিক প্রেক্ষাপট ও চাপ
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের আরও ডজনখানেক অঙ্গরাজ্যে প্রায় একই ধরনের মামলার মুখোমুখি হচ্ছে শর্ট-ভিডিও প্ল্যাটফর্মটি। সম্প্রতি প্রায় একই অভিযোগে ৪৭টি মার্কিন অঙ্গরাজ্যের সঙ্গে প্রযুক্তি জায়ান্ট মেটা ১ হাজার ৮০০ কোটি ডলারের বিশাল সমঝোতা চুক্তি করেছিল।
এর আগে গত আগস্টে শিশুদের তথ্য সুরক্ষা নীতি লঙ্ঘনের দায়ে মার্কিন বিচার বিভাগের সঙ্গে আরও ৪০ কোটি ডলারের পৃথক একটি মামলা নিষ্পত্তি করে টিকটক।
আন্তর্জাতিক বাজারে সামাজিক ও রাজনৈতিক চাপ সামলাতে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে অ-চীনা বিনিয়োগকারীদের অধীনে পৃথক প্রশাসনিক পর্ষদ গঠন করে নিজেদের কার্যক্রম পরিচালনা করছে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: এনগ্যাজেট





