পেটেন্ট লঙ্ঘনের দায়ে অ্যাপলকে রেকর্ড ৫৭০ কোটি ডলার জরিমানা

পেটেন্ট লঙ্ঘনের দায়ে অ্যাপলকে রেকর্ড ৫৭০ কোটি ডলার জরিমানা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:২১  
 24

হ্যাপটিক ফিডব্যাক প্রযুক্তির পেটেন্ট লঙ্ঘনের দায়ে প্রযুক্তি জায়ান্ট অ্যাপলকে রেকর্ড ৫.৭ বিলিয়ন (৫৭০ কোটি) মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল জুরি। 

সান দিয়েগোভিত্তিক অডিও ও গেমিং অ্যাক্সেসরিজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘ট্যাকশন’-এর দায়ের করা মামলায় শুক্রবার এই রায় দেওয়া হয়। 

রায়ে বলা হয়, অ্যাপলের আইফোন এবং অ্যাপল ওয়াচে ব্যবহৃত ‘ট্যাপটিক ইঞ্জিন’ প্রযুক্তি তৈরিতে অনিচ্ছাকৃতভাবে ট্যাকশনের দুটি পেটেন্ট ব্যবহার করা হয়েছে। মার্কিন বিচারিক ইতিহাসে পেটেন্ট বিরোধ মামলায় এটি অন্যতম বৃহত্তম জরিমানার রায় হিসেবে চিহ্নিত হচ্ছে, যা পূর্বে ইন্টেল কর্পোরেশনের ৩ বিলিয়ন ডলারের রায়ের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।

মামলার ইতিহাস ও অ্যাপলের আপিল পরিকল্পনা
মামলার পটভূমি পর্যালোচনায় দেখা যায়, ২০২১ সালে প্রথম অ্যাপলের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেয় ট্যাকশন। প্রাথমিক পর্যায়ে ২০২৩ সালে সান দিয়েগোর এক বিচারক মামলাটি খারিজ করে দিলেও পরবর্তী সময়ে মার্কিন আপিল আদালতের নির্দেশে বিষয়টি আবার বিচার প্রক্রিয়ায় ফিরে আসে। 

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে জুরি বোর্ড ট্যাকশনের পক্ষে রায় দিলেও অ্যাপল কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে। 

ব্লুমবার্গ ল-এর প্রতিবেদন অনুযায়ী, ক্ষতিপূরণের নির্ধারিত অঙ্কের সঙ্গে দ্বিমত পোষণ করে এই রায় পুনর্বিবেচনার জন্য উচ্চ আদালতে শিগগিরই আপিল দায়েরের ঘোষণা দিয়েছে অ্যাপল।

অ্যাপলের পেটেন্ট বিরোধ ও ধারাবাহিক আইনি চাপ
স্মার্টফোন ও পরিধানযোগ্য ডিভাইসে হ্যাপটিক এবং সেন্সর প্রযুক্তির ব্যবহার নিয়ে অ্যাপলের আইনি জট এটিই প্রথম নয়। এর আগে ‘ইমার্সন’ নামের অপর একটি প্রতিষ্ঠানের সঙ্গে হ্যাপটিক প্রযুক্তির পেটেন্ট বিরোধ দেখা দিলে আদালতের বাইরে গোপন সমঝোতার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করেছিল তারা। 

এ ছাড়া অ্যাপল ওয়াচে রক্তে অক্সিজেনের মাত্রা মাপার প্রযুক্তি ব্যবহারে ‘মাসিমো’-র পেটেন্ট লঙ্ঘনের দায়েও সম্প্রতি অ্যাপলকে ৬৩৪ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ দেয় আদালত। 

বারবার এমন বড় অঙ্কের আইনি ধাক্কা বৈশ্বিক বাজারে প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের হার্ডওয়্যার উদ্ভাবন ও আইনি কাঠামোর ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে।

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: এনগ্যাজেট