জ্যুলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সভায় জীববৈচিত্র্য সংরক্ষণে তরুণ গবেষকদের এগিয়ে আসার আহ্বান

পরিবেশের ভারসাম্য ও খাদ্য সুরক্ষায় জীববিজ্ঞানের ভূমিকা অপরিহার্য: চীফ হুইপ

  • মানুষের অস্তিত্ব রক্ষা, পরিবেশের ভারসাম্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিবিজ্ঞান ও জীববিজ্ঞানের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপের তাগিদ দিলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জ্যুলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত
  • জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আধুনিক প্রযুক্তির প্রয়োগ, তরুণ প্রজন্মের টেকসই গবেষণা এবং বাস্তুতন্ত্র সুরক্

পরিবেশের ভারসাম্য ও খাদ্য সুরক্ষায় জীববিজ্ঞানের ভূমিকা অপরিহার্য: চীফ হুইপ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:২৮  

ঢাকা: মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখা, প্রকৃতি সংরক্ষণ এবং সার্বিক পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রাণিবিজ্ঞান ও জীববিজ্ঞানের গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি। খাদ্য নিরাপত্তা, জলবায়ু এবং মানবসভ্যতার ধারাবাহিকতার সঙ্গে জীববিজ্ঞানের সম্পর্ক অত্যন্ত নিবিড় উল্লেখ করে তিনি টেকসই জাতীয় উন্নয়নে এ সংক্রান্ত মৌলিক গবেষণা ও উদ্ভাবনে রাষ্ট্রীয় মনোযোগ আরও বাড়ানোর তাগিদ দেন।

২৬ সেপ্টেম্বর, ২০২৬ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘জ্যুলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ’-এর সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে দেশের শীর্ষ জীববিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদরা বন্যপ্রাণী সংরক্ষণ, বাস্তুতন্ত্রের ভারসাম্য, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা এবং উন্নত প্রযুক্তির প্রয়োগ নিয়ে মতবিনিময় করেন।

প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ বলেন, "মানুষের বেঁচে থাকার সবচেয়ে মৌলিক উপাদান হলো খাদ্য, যার জোগান সরাসরি উদ্ভিদ ও প্রাণিজগতের ওপর নির্ভরশীল। মাছ, মাংস কিংবা কৃষিজ পণ্য—প্রতিটি উপাদানই পুষ্টি ও জনস্বাস্থ্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই প্রাকৃতিক প্রাণী ও উদ্ভিদকূলের সুরক্ষা নিশ্চিত করা মূলত মানবজাতির অস্তিত্ব ও খাদ্যব্যবস্থার সুরক্ষারই নামান্তর।" তিনি আরও যোগ করেন, তাত্ত্বিক বিতর্কের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান ও উন্নত চিকিৎসার মতো মৌলিক চাহিদা পূরণই একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রকৃত লক্ষ্য, যা বাস্তবায়নে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে।

বাংলাদেশের প্রাকৃতিক ভৌগোলিক বৈশিষ্ট্যের কথা তুলে ধরে নূরুল ইসলাম মনি বলেন, নদী, হাওড়, বনাঞ্চল, পাহাড়ি উপত্যকা ও সুন্দরবনের মতো সমৃদ্ধ ইকোসিস্টেম আমাদের অমূল্য জাতীয় সম্পদ। এই সমৃদ্ধ জীববৈচিত্র্য ও বাস্তুসংস্থান সংরক্ষণে আধুনিক পরিবেশ ব্যবস্থাপনার বিকল্প নেই। এ ক্ষেত্রে তরুণ প্রজন্মের মেধা ও বিজ্ঞানভিত্তিক গবেষণাকে জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে, যা ভবিষ্যৎ অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতায় নেতৃত্ব দেবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মো. মনজুরুল কিবরিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. মামুন আহমেদ, প্রধান বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরী, ড. মো. খালেদ কানাক এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাবিবুর রহমান। সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত গবেষক, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

//ডিবিটেক/ এমএসএস/ এসএমই/এমআইএসটি//