রাজশাহী নভোথিয়েটারে তিন দিনব্যাপী অ্যাস্ট্রোনমি ক্যাম্প
৯ অক্টোবর, বৃহস্পতিবার থেকে রাজশাহী নভোথিয়েটারে রেজিস্ট্রেশন ও প্রাক-উদ্বোধনী কার্যক্রমের মধ্য দিয়ে শুরু হচ্ছে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সোশিও-কালচারাল ফোরাম (বিএসসিএফ) আয়োজিত অ্যাস্ট্রোনমি ক্যাম্প। এবারের ক্যাম্পে সপ্তম শ্রেণি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা ৩০ জনের একেকটি দল বেধে জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ বিজ্ঞান বিষয়ে নিজেদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করবেন। ক্যাম্পের মাধ্যমে অংশগ্রহণকারীরা টেলিস্কোপ দিয়ে সরাসরি আকাশ পর্যবেক্ষণ করার সুযোগ পান এবং মহাকাশের বিভিন্ন বস্তু সম্পর্কে ধারণা লাভ করবেন। এছাড়াও মহাকাশ বিজ্ঞান সম্পর্কিত কর্মশালা ও প্রশিক্ষণের সুযোগ পাবেন হাজারের অধিক শিক্ষার্থী।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় ৮ সেপ্টেম্বর, বুধবার বিকেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ক্যাম্পের সার্বিক বিষয়ে তুলে ধরেন বিএসসিএফ সেকেন্ড অ্যাস্ট্রোনমি ক্যাম্প এর জনসংযোগ বিষয়ক আহ্বায়ক নূর আহসান মৃদুল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার নগরের নভোথিয়েটারে এর উদ্বোধন হবে এবং শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে ক্যাম্পটি। আয়োজনের শেষ দিনে ‘নীতি ও বাস্তবতা’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। এতে বিএনপি, জামায়াত ও এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
এসময় বিএসসিএফ প্রধান নির্বাহী নিলয় সাহা বলেন, ‘এবারের ক্যাম্পে রাজশাহীর কয়েকটি উপজেলা ও বগুড়ার প্রায় ১,১০০ শিক্ষার্থী অংশ নেবে। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ৩০টি দলে ভাগ করা হবে। প্রতিটি দলকে মহাকাশবিষয়ক একটি করে সমস্যা (প্রবলেম) দেওয়া হবে। তারা তিন দিনে তার সমাধান তৈরি করবে এবং শেষ দিনে প্রেজেন্টেশনের মাধ্যমে তা উপস্থাপন করবে।’
তিনি আরও বলেন, ‘অ্যাস্ট্রোনমিকে একাডেমিক পর্যায়ে নিয়ে আসাই আমাদের অন্যতম উদ্দেশ্য। বাংলাদেশ সোশিও-কালচারাল ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি নিবন্ধিত সংগঠন। এটি দেশের বিভিন্ন জায়গায় কাজ করে। আমরা অ্যাস্ট্রোনমিকে উৎসবমুখর করতে চাই।’
প্রাক-উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নভোথিয়েটারে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রায়হানা শামস ইসলাম এবং রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব টুকটাক তালুকদার প্রমুখ।
ক্যাম্পের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা শুরু হবে সকাল ১০টায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)। এ দিন বিভিন্ন তাত্ত্বিক সেশন, গ্রুপ ওয়ার্ক এবং একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। বক্তৃতা করবেন প্রখ্যাত অ্যাস্ট্রোফটোগ্রাফার জুবায়ের কাউলিন। এ সময় উপস্থিত থাকবেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ ও রুয়েটের উপাচার্য প্রফেসর ড. এস. এম. আব্দুর রাজ্জাক।
বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (STEM) পেশায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে কাজ করা বাংলাদেশী উদ্যোগ শি-স্টেম এবার এই মহাকাশ বিজ্ঞান বিষয়ক অ্যাস্ট্রনমি ক্যাম্পে যুক্ত হয়েছে।







