মাভাবিপ্রবিতে রিসার্চ এক্সিলেন্স অনুষ্ঠানে এইচএসসি ফলের তারিখ ঘোষণা

কৃত্রিম বুদ্ধিমত্তার ভুল ধরতে ভিত্তি মজবুত করার তাগিদ শিক্ষামন্ত্রীর

  • কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহারে বিষয়ে নিজস্ব জ্ঞান বৃদ্ধির তাগিদ
  • মাভাবিপ্রবিতে প্রায় ২৭০০ কোটি টাকার ডিপিপি প্রণয়ন প্রক্রিয়া চলমান
  • আগামী ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের ফল প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা

কৃত্রিম বুদ্ধিমত্তার ভুল ধরতে ভিত্তি মজবুত করার তাগিদ শিক্ষামন্ত্রীর
২৭ অক্টোবর, ২০২৬ ২৩:৫৭  

আধুনিক তথ্যপ্রযুক্তির বিশ্বায়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের সঠিক কৌশল শেখার পাশাপাশি নিজস্ব বিষয়ের মৌলিক ভিত্তি মজবুত করার তাগিদ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেনে, কৃত্রিম বুদ্ধিমত্তা অনেক সময় ভুল তথ্য প্রদান করতে পারে; ফলে সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারকারীর নিজের সুস্পষ্ট ধারণা না থাকলে এআই-এর ভুল ধরা কঠিন হয়ে পড়ে।

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) 'বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬' উপলক্ষ্যে ২৭ অক্টোবর, মঙ্গলবার অনুষ্ঠিত 'রিসার্চ এক্সিলেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারশিপ' অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, দেশের বিপুল জনসংখ্যাকে কারিগরি ও আইটিভিত্তিক জনসম্পদে রূপান্তরিত করতে সরকার জিডিপির দুই শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দিয়েছে। এই বরাদ্দের এক টাকাও যেন অপচয় না হয়, সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি। তিনি আরও উল্লেখ করেন, মাভাবিপ্রবির অবকাঠামো ও গবেষণা প্রযুক্তিগত মানোন্নয়নে প্রায় ২৭০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রনয়নের কাজ চলমান রয়েছে।

মাভাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. এ বি এম শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সংসদ সদস্য মোঃ আবদুস সালাম পিন্টু, আবুল কালাম আজাদ সিদ্দিকী, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে আধুনিক গবেষণায় বিশেষ অবদানের জন্য বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষক ও ১৯ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী ঘোষণা দেন যে আগামী ৩১ অক্টোবর সকাল ১১ টায় চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। একই সঙ্গে তিনি জানান, ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণীর জন্য 'বাংলাদেশের সংস্কৃতি' ও 'খেলাধুলা' এবং ষষ্ঠ শ্রেণীর জন্য 'লার্নিং উইথ হ্যাপিনেস' ও 'আমার কারিগরি শিক্ষা' নামে ৪টি নতুন বইসহ বিভাগীয় ও জেলা শহরগুলোতে ট্রাফিক ব্যবস্থার ওপর দুটি সম্পূরক বই শিক্ষার্থীদের দেওয়া হবে। গুণগত শিক্ষা প্রসারে পাঠ্যপুস্তকের মানে কোনো আপস করা হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি।

আয়োজকরা জাানান, ডাটানির্ভর উচ্চশিক্ষা ও কারিগরি দক্ষতা বিকাশে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই আন্তর্জাতিক মানের গবেষণা সম্মিলন আয়োজন করা হয়। সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, দেশীয় ডিজিটাল ডেটাবেজ ও গবেষণা তদারকির সক্ষমতা বাড়াতে বর্তমান সরকার শিক্ষা বাজেটের সর্বোচ্চ ব্যবহারে জোর দিচ্ছে।

//ডিবিটেক/এফএনএ/এসএমপি/এমআইএসটি//