নবনিযুক্ত উপাচার্যের প্রজ্ঞাপন বাতিল চেয়ে শিক্ষার্থীদের খোলা চিঠি
চুয়েট উপাচার্য সায়েমের পুনর্বহালের দাবিতে ৩য় দিনের শাটডাউন ও মানববন্ধন
- সাবেক উপাচার্য ড. সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েটে ৩য় দিনের মতো শাটডাউন
- কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন, ক্লাস-পরীক্ষা বর্জন ও গণস্বাক্ষর কর্মসূচি
- প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর শিক্ষার্থীদের খোলা চিঠি পাঠ ও সন্ধ্যায় মশাল মিছিলের ঘোষণা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা তৃতীয় দিনের মতো সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এক বিশাল মানববন্ধনের আয়োজন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা নবনিযুক্ত উপাচার্যের নিয়োগ সংক্রান্ত আদেশ এবং ড. সায়েমকে অব্যাহতি প্রদানের জারিকৃত প্রজ্ঞাপন অনতিবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানান। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সকল প্রকার ক্লাস ও পরীক্ষা বর্জন করে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মানববন্ধনে 'ভিসি কে, ভিসি কে, সায়েম স্যার ছাড়া আবার কে?', 'গর্জে উঠুক রাজপথ, সায়েম স্যারের প্রত্যাবর্তন হোক', 'দাবি মোদের একটাই, সায়েম স্যারকে ভিসি চাই' ইত্যাদি বিভিন্ন দাবিসম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে একটি খোলা চিঠি পাঠ করেন।
মানববন্ধনে অংশ নিয়ে পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী দেবজিত দাশ গুপ্ত বলেন, "সায়েম স্যার একজন বহুমুখী গুণসম্পন্ন মানুষ। তিনি শিক্ষার্থীদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য একজন শিক্ষক ও উপাচার্য ছিলেন। তাকে পুনরায় উপাচার্য পদে নিয়োগ না দেওয়া পর্যন্ত আমাদের দাবি ও আন্দোলন চলবে। আমাদের একটাই দাবি—সায়েম স্যারকে আবারও উপাচার্য হিসেবে চাই।"
গত বুধবার থেকে শুরু হওয়া গণস্বাক্ষর কর্মসূচি আজও বিশ্ববিদ্যালয়ে অব্যাহত রয়েছে। এছাড়া শিক্ষার্থীদের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় ক্যাম্পাসজুড়ে এক মশাল মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
//ডিবিটেক/মো: তানভীর আহমাদ/এসএমই/বিপিও//





