চুয়েটে শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

  • শিক্ষার্থীদের নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিল চুয়েট
  • সেবার মান বাড়াতে রোডম্যাপ তৈরির আলোচনা হয়েছে
  • পারস্পরিক মতবিনিময়ে দ্রুত সমস্যা সমাধানের প্রত্যয় উপাচার্যের

চুয়েটে শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়
১৪ আগষ্ট, ২০২৬ ০০:৩৬  

শিক্ষার্থীদের নিরাপত্তা, অবকাঠামোগত উন্নয়ন, সেবার মান বৃদ্ধি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। সভায় সাম্প্রতিক ঘটনাপ্রবাহ পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে ১৩ আগস্ট, বৃহস্পতিবার এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে চুয়েটের বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।

সভায় শুরুতেই গতকাল পুকুরে ডুবে অকালমৃত্যু হওয়া চুয়েটের ২০২৪ ব্যাচের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী চমক দত্ত এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শান্ত দেবের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

মতবিনিময় সভায় সাম্প্রতিক ঘটনাপ্রবাহ, শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করা, অবকাঠামোগত উন্নয়ন, সেবার মান বৃদ্ধি, ভবিষ্যৎ করণীয় এবং রোডম্যাপ প্রণয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেন, “আমি যোগদানের পর কয়েকটি কার্যদিবস পার করেছি মাত্র। এই সীমিত সময়ের মধ্যে চেষ্টা করেছি সমস্যা, সম্ভাবনা ও করণীয়গুলো নির্ধারণ করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে। আমরা পারস্পরিক মতবিনিময় ও সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই। আমি ব্যক্তিগতভাবে প্রচলিত কোন আশ্বাস নয়, কাজে বিশ্বাসী।”

তিনি বলেন, “আমি চুয়েট এর বিভিন্ন রিসোর্স, অফিস, শাখাগুলোকে অধিকতর ফাংশনাল করতে চাই। যে যার অবস্থান থেকে সর্বোচ্চ দিবে এই প্রত্যাশা করি। আমার প্রিয় ছাত্র-ছাত্রীদের সাথে ইন্টার‌্যাকশন, শেয়ারিং অব্যাহত রাখতে চাই। উভয় দিক থেকে শেয়ারিং থাকলে যেকোন সমস্যার দ্রুত সমাধান করা যায়। আশা করি, সকলে মিলে কাজ করলে ভবিষ্যতে অনেক বড় সাফল্য আসবে।”

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, উপ-পরিচালক অধ্যাপক ড. আবু মো. মোয়াজ্জেম হোসাইন, সহকারী পরিচালক মো. মাসুম রানা প্রামাণিক, উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান এবং জনসংযোগ কর্মকর্তা আইদিত ইবনে মঞ্জু প্রমুখ।
//ডিবিটেক/আইইএম/এমআইএস//